সালাত শুধু পাঁচ ওয়াক্তের একটা দায়িত্ব নয়, কখনো কখনো এলোমেলো হয়ে যাওয়া নিজেকেই আবার খুঁজে পাওয়ার জায়গা।
কোনো কোনো দিন সকাল থেকেই সবকিছু কেমন যেন ছুটতে থাকে। ঘুম থেকে উঠেই ফোন, তারপর কাজ, পড়াশোনা, সংসার, মেসেজ, মানুষের কথা, নিজের চিন্তা। একটা কাজ শেষ হওয়ার আগেই মাথায় আরেকটা এসে বসে। এর মধ্যে আযান হলে খুব পরিচিত একটা কথা মনে আসে, “এইটুকু শেষ করি, তারপর নামাজ পড়ব।” অদ্ভুত ব্যাপার হলো, আমরা তখন সালাতকে দিনের কাজের তালিকার আরেকটা কাজ মনে করছি। অথচ হয়তো আমাদের দিনটাকেই সালাতের চারপাশে সাজানো দরকার ছিল।
সারাদিনে আমরা কত কিছু দেখি, কত কথা বলি, কত ভুল করি। কখনো রাগের মাথায় এমন কথা বের হয়ে যায় যা বলা উচিত ছিল না। কখনো চোখ এমন জায়গায় যায় যেখানে নেওয়া উচিত ছিল না। কখনো নিজেরই কোনো আচরণ পরে মনে পড়ে অস্বস্তি লাগে। তারপর আবার আযান আসে। আপনি ওযু করতে দাঁড়ান, মুখে পানি দেন, হাত ধুয়ে নেন, পা ধুয়ে নেন। বাইরে থেকে এটা শুধু শরীর পরিষ্কার করার মতো মনে হলেও রাসূলুল্লাহ ﷺ ওযুর সঙ্গে চোখ, হাত ও পায়ের দ্বারা সংঘটিত গুনাহগুলো মুছে যাওয়ার সুসংবাদ দিয়েছেন।
সহিহ মুসলিম, ২৪৪
একবার ভাবুন, আল্লাহ চাইলে আমাদের ভুলের পর আমাদের নিজেদের অবস্থাতেই ফেলে রাখতে পারতেন। কিন্তু দিনের মধ্যেই আবার ফিরে আসার সুযোগ দিয়েছেন। আবার পানি ছোঁয়ার সুযোগ, আবার কিবলামুখী হওয়ার সুযোগ, আবার তাঁর সামনে দাঁড়ানোর সুযোগ। আপনার সমস্যাগুলো হয়তো তখনও আছে, দিনের ভুলগুলোও ঘটেই গেছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে, “ফিরে এসো।”
তারপর সময়ের ব্যাপারটা দেখুন। আমরা সাধারণত নামাজকে সময়ের ফাঁকে ঢোকাতে চাই। “Meeting শেষ হলে যোহর পড়ব”, “বাজার থেকে এসে আসর”, “কাজটা শেষ করে মাগরিব।” অথচ আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।”
সূরা আন নিসা, ৪:১০৩
যদি একদিন উল্টোভাবে দেখা শুরু করি? যোহরের আগে এই কাজটা শেষ করব। আসর পর্যন্ত এতটুকু। মাগরিবের সময় সব থামবে। ইশার পর দিনের বাকি অংশ। তখন সালাত আর আপনার দিনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না; বরং ব্যস্ত দিনের মধ্যে কয়েকটা নির্দিষ্ট জায়গা তৈরি করে দেয়, যেখানে এসে আপনি আবার বুঝতে পারেন, জীবনটা শুধু deadline, income, notification আর মানুষের expectation-এর নাম নয়।
কিন্তু সালাতের সবচেয়ে গভীর জায়গাটা হয়তো অন্য কোথাও।
এমন কিছু কথা থাকে যা আপনি কাউকে বলেন না। বললে হয়তো মানুষ বুঝবে না। কেউ বিচার করবে, কেউ হালকা করে দেখবে, কেউ আবার আপনার কথা শুনেও আপনার ভিতরের অবস্থাটা ধরতে পারবে না। বাইরে সবাইকে স্বাভাবিক দেখালেও আপনি জানেন, ভেতরে একটা বিষয় অনেকদিন ধরে আপনাকে খাচ্ছে। কারও ব্যাপারে ভয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কোনো গুনাহের অপরাধবোধ, এমন একটা দু‘আ যার উত্তর আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন।
তারপর আপনি সিজদায় গেলেন।
আপনি বাক্যটা ঠিকভাবে সাজাতে পারলেন কি না, কান্না এলো কি না, সেটাও আসল কথা নয়। যাঁর সামনে মাথা রেখেছেন, তিনি আপনার বলা কথার আগেই আপনার বুকের কথাটা জানেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। তাই তোমরা সেখানে বেশি দু‘আ করো।”
সহিহ মুসলিম, ৪৮২
আল্লাহও বলেছেন, “ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও।”
সূরা আল বাকারা, ২:১৫৩
খেয়াল করুন, আল্লাহ বলেননি আপনার জীবনে কষ্ট আসবে না। বলেননি সালাত পড়লেই সব সমস্যা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। বরং সমস্যার মধ্যেই তিনি আপনাকে শিখিয়েছেন, ভার নিয়ে কোথায় যেতে হবে। সিজদা তাই বাস্তবতা থেকে পালানোর জায়গা নয়। বরং বাস্তবতার পুরো ভারটা নিয়ে সেই সত্তার কাছে যাওয়ার জায়গা, যিনি আপনার অবস্থাটা আপনার চেয়েও ভালো জানেন।
আমাদের আরেকটা অভ্যাস আছে। খুব ক্লান্ত লাগলে ফোন হাতে নিই। মনে হয়, একটু scroll করি, মাথাটা হালকা হবে। দশ মিনিট কখন চল্লিশ মিনিট হয়ে যায় টের পাই না। ফোন নামিয়ে দেখি শরীরটা একই জায়গায় আছে, কিন্তু মাথায় নতুন আরও দশটা জিনিস জমেছে। কারও জীবন দেখলাম, কারও সাফল্য, কারও সুখ, নতুন খবর, নতুন চিন্তা। বিশ্রাম নিতে গিয়ে মনটাকে আরও ব্যস্ত করে ফেললাম।
অথচ রাসূলুল্লাহ ﷺ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, “হে বিলাল, সালাতের ব্যবস্থা করো, এর মাধ্যমে আমাদের প্রশান্তি দাও।”
সুনান আবু দাউদ, ৪৯৮৫
এই জায়গাটা খুব সুন্দর। আমরা কখনো মনে করি, “নামাজটা পড়ে নিই, তারপর একটু শান্তি পাব।” অথচ রাসূল ﷺ-এর জীবন আমাদের অন্য কিছু শেখায়। সালাত শেষ হওয়ার পরের শান্তির কথা শুধু নয়, সালাতের মধ্যেই প্রশান্তির জায়গা আছে। কয়েক মিনিটের জন্য পৃথিবীকে অপেক্ষা করতে হয়। ফোন অপেক্ষা করবে, কাজ অপেক্ষা করবে, মানুষ অপেক্ষা করবে। আপনি দাঁড়িয়েছেন শুধু আপনার রবের সামনে।
আল্লাহ বলেন, “জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।”
সূরা আর রা‘দ, ১৩:২৮
তবে এখানে একটা কথা খুব জরুরি। কেউ হয়তো পড়তে পড়তে মনে করছেন, “আমি তো নামাজ পড়ি। আমার তো প্রতিবার এমন প্রশান্তি হয় না।”
হয় না। প্রতিটি সালাত একই রকম অনুভূতি দেবে, এমন কথা ইসলাম বলে না। কখনো নামাজে দাঁড়িয়েও মাথায় কাজের চিন্তা ঘুরবে। কখনো সিজদা থেকে উঠেও বুকের কষ্টটা থেকে যাবে। কখনো মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে রীতিমতো লড়াই করতে হবে। তাই আজ খুব আবেগ অনুভব করিনি বলে সালাতের মূল্য কমে যায় না। সালাতের একটা সৌন্দর্য এখানেও যে, মন যতবার ছড়িয়ে যায়, আপনি আবার ফিরে আসার চেষ্টা করেন। আজ কম হলো, কাল আবার চেষ্টা করবেন। যা পড়ছেন তার অর্থ একটু একটু করে বুঝবেন। তাড়াহুড়া কমাবেন। কারণ সম্পর্ক সব সময় অনুভূতির তীব্রতা দিয়ে মাপা হয় না; কখনো ফিরে আসার ধারাবাহিকতা দিয়েও মাপা হয়।
আর সালাত যদি শুধু জায়নামাজে কিছুক্ষণ শান্তি দিয়েই শেষ হয়ে যেত, তাহলে বিষয়টা অসম্পূর্ণ থাকত। আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
সূরা আল আনকাবুত, ২৯:৪৫
তাই আসল প্রশ্ন শুধু “আমি পাঁচ ওয়াক্ত পড়ছি কি না” নয়। সালাত শেষে আমি কেমন মানুষ হয়ে উঠছি, সেটাও দেখা দরকার। যে চোখ কিছুক্ষণ আগে সিজদার জায়গার দিকে নত হয়েছিল, সেই চোখ হারামের সামনে কী করে? যে জিহ্বা আল্লাহর প্রশংসা করেছে, সেই জিহ্বা মানুষকে কষ্ট দিতে কতটা সহজে খুলে যায়? যে মানুষ আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব স্বীকার করেছে, সে মানুষের সঙ্গে অহংকার করে কি না? সালাত ধীরে ধীরে এসব জায়গাতেও পৌঁছানোর কথা।
হয়তো এ কারণেই পাঁচ ওয়াক্ত সালাতকে নতুন চোখে দেখা দরকার। শুধু পাঁচবার “ফরজটা শেষ করলাম” হিসেবে নয়। বরং দিনের মধ্যে পাঁচবার থামার সুযোগ, ফিরে আসার সুযোগ, নিজের অবস্থাটা বোঝার সুযোগ, রবের সামনে কিছু রেখে আসার সুযোগ।
আজ আযান হলে তাই শুধু ঘড়ির দিকে তাকাবেন না। নিজের ভেতরটাও একটু দেখবেন। মাথায় যত চিন্তা, আজকের যত ভুল, বুকের যত ভয়, যে কথাটা কাউকে বলতে পারেননি, সব নিয়েই ওযু করুন। সব সমস্যার সমাধান হয়তো সেই মুহূর্তেই হবে না। কিন্তু আপনি অন্তত আবার মনে করতে পারবেন, এই সব সমস্যার মাঝেও আমি একা নই। আমার একজন রব আছেন।
আমরা অনেক সময় সালাতকে আমাদের দিনের মধ্যে একটু জায়গা দেওয়ার চেষ্টা করি। হয়তো এবার আমাদের দিনটাকেই সালাতের চারপাশে জায়গা দিতে শেখা দরকার।
আল্লাহ আমাদের এমন সালাত দান করুন, যা শুধু জায়নামাজে শেষ হয়ে যায় না; সালাত শেষে উঠে দাঁড়ানোর পরও আমাদের চোখ, কথা, সিদ্ধান্ত আর জীবনকে একটু একটু করে বদলে দেয়। আমিন।
মন্তব্য করুন