মূল লেখায় যান

Study Room লেখা

জাযাকাল্লাহু খাইরান: অর্থ, ব্যবহার ও উত্তরের আদব

বিষয়: ·

“জাযাকাল্লাহু খাইরান” বলি আমরা প্রায়ই। কিন্তু কথাটার অর্থ, কাকে বলছি, আর এর উত্তরে কী বলব—সবটাই কি ঠিকভাবে জানি?

কেউ আপনার বিপদের সময় পাশে দাঁড়াল। হয়তো টাকা দিয়ে সাহায্য করল, একটা দরকারি তথ্য দিল, আপনার কাজটা সহজ করে দিল, অসুস্থ অবস্থায় খোঁজ নিল, কিংবা এমন উপকার করল যার যথাযথ প্রতিদান দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তখন মুখ থেকে খুব স্বাভাবিকভাবেই বের হয়, “জাযাকাল্লাহু খাইরান।”

এটা শুধু ইসলামিকভাবে “Thank you” বলার আরেকটা সুন্দর পদ্ধতি নয়। কথাটার ভেতরে একটি দু‘আ আছে। আপনি সেই মানুষটির জন্য আল্লাহর কাছে কল্যাণকর প্রতিদান চাইছেন—“আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।”

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কারও প্রতি ভালো কিছু করা হলে সে যদি উপকারকারীকে বলে, “জাযাকাল্লাহু খাইরান”, তাহলে সে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশে যথেষ্ট অগ্রসর হলো।
— জামে আত তিরমিযি, ২০৩৫। হাদিসটি হাসান হিসেবে বর্ণিত।

একটু ভাবুন, এর সৌন্দর্যটা কোথায়। কেউ আপনার জন্য অনেক কিছু করল, অথচ আপনি হয়তো তার সমপরিমাণ প্রতিদান দিতে পারবেন না। তখন আপনি যেন বলছেন, “আমার সামর্থ্য দিয়ে তোমার উপকারের যথাযথ প্রতিদান হয়তো দিতে পারব না। তাই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন।”

কিন্তু আমরা অধিকাংশ সময় একটা ছোট বিষয় খেয়াল করি না। আরবিতে আপনি একজন পুরুষ, একজন নারী, নাকি একাধিক মানুষকে সম্বোধন করছেন, তার ওপর শব্দের রূপ পরিবর্তন হয়। তাই সব পরিস্থিতিতে একইভাবে “জাযাকাল্লাহু” বলা শুদ্ধ আরবি রূপ নয়।

সহজ করে মনে রাখুন:

1. একজন পুরুষকে: جَزَاكَ اللَّهُ خَيْرًا
জাযাকাল্লাহু খাইরান
অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

2. একজন নারীকে: جَزَاكِ اللَّهُ خَيْرًا
জাযাকিল্লাহু খাইরান

3. একাধিক পুরুষ বা পুরুষ নারী মিলিত দলকে: جَزَاكُمُ اللَّهُ خَيْرًا
জাযাকুমুল্লাহু খাইরান

4. শুধু একাধিক নারীকে: جَزَاكُنَّ اللَّهُ خَيْرًا
জাযাকুন্নাল্লাহু খাইরান

এখন বাস্তব জীবনে বসিয়ে দেখুন। একজন আপু আপনার জন্য অনেক কষ্ট করে কিছু করলেন। অভ্যাসবশত আপনি বললেন, “জাযাকাল্লাহু খাইরান।” তিনি অবশ্যই আপনার উদ্দেশ্য বুঝবেন, কিন্তু আরবির সঠিক সম্বোধন অনুযায়ী একজন নারীর ক্ষেত্রে হবে “জাযাকিল্লাহু খাইরান।” আবার কয়েকজন মিলে আপনাকে সাহায্য করলে হবে “জাযাকুমুল্লাহু খাইরান।”

আর আমরা অনেক সময় সংক্ষেপ করে শুধু বলি, “জাযাকাল্লাহ।” এর অর্থ দাঁড়ায় “আল্লাহ আপনাকে প্রতিদান দিন।” তবে রাসূলুল্লাহ ﷺ থেকে যে পূর্ণ বাক্যটি বর্ণিত হয়েছে সেটি হলো “জাযাকাল্লাহু খাইরান”—যেখানে বিশেষভাবে কল্যাণকর বা উত্তম প্রতিদানের দু‘আ করা হচ্ছে। তাই সম্ভব হলে পূর্ণ বাক্যটি বলাই সুন্দর।

এবার আরেকটা পরিচিত পরিস্থিতি। কেউ আপনাকেই বলল, “জাযাকাল্লাহু খাইরান।” আপনি হঠাৎ ভাবছেন, “এখন কী বলব?”

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। এর জবাবে শুধু একটি নির্দিষ্ট বাক্যই বলতে হবে—এমন বাধ্যতামূলক নিয়ম নেই। একই ধরনের সুন্দর দু‘আ দিয়ে উত্তর দেওয়া যায়। “ওয়া ইইয়াকা” বা “আপনাকেও” অর্থের উত্তর দেওয়াও বৈধ বলে আলেমরা উল্লেখ করেছেন।

একজন পুরুষকে বলতে পারেন وَإِيَّاكَ — ওয়া ইইয়াকা, একজন নারীকে وَإِيَّاكِ — ওয়া ইইয়াকি, একাধিক পুরুষ বা mixed group-কে وَإِيَّاكُمْ — ওয়া ইইয়াকুম, আর শুধু একাধিক নারীকে وَإِيَّاكُنَّ — ওয়া ইইয়াকুন্না। অর্থ মোটামুটি, “আপনাকেও” বা “আপনাদেরও।”

চাইলে আরও সুন্দরভাবে একই দু‘আ ফিরিয়ে দিতে পারেন—“ওয়া জাযাকাল্লাহু খাইরান”, অর্থাৎ “আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।” তাই কেউ “জাযাকাল্লাহু খাইরান” বললে উত্তর না জানার কারণে অস্বস্তিতে পড়ার প্রয়োজন নেই। একটি ভালো দু‘আকে আরেকটি ভালো দু‘আ দিয়ে ফিরিয়ে দিন।

কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সম্ভবত Arabic grammar নয়।

কখনো খেয়াল করেছেন, সবচেয়ে কাছের মানুষগুলোর উপকারকেই আমরা সবচেয়ে সহজে “স্বাভাবিক” ধরে নিই? মা প্রতিদিন আমাদের জন্য কত কিছু করেন, মনে হয় “মা তো করবেই।” স্বামী বা স্ত্রী নীরবে বহু দায়িত্ব নেয়, কয়েক বছর পর সেগুলো আর উপকার বলেই মনে হয় না। কোনো বন্ধু সবসময় পাশে থাকে, তাই তার সাহায্যটাও একসময় expected হয়ে যায়।

ইসলাম আমাদের এই অভ্যাসের বিপরীতে কৃতজ্ঞ হতে শেখায়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।”
— জামে আত তিরমিযি, ১৯৫৪; হাদিসটি হাসান সহিহ।

তাই পরেরবার মা আপনার জন্য কিছু করলে শুধু মনে মনে ভাববেন না, “এটা তো তাঁর দায়িত্ব।” একটা দু‘আ করুন। কোনো বোন আপনাকে সাহায্য করলে অনুভব করে বলুন, “জাযাকিল্লাহু খাইরান।” কোনো ভাই পাশে দাঁড়ালে বলুন, “জাযাকাল্লাহু খাইরান।” কয়েকজন মানুষ মিলে সাহায্য করলে বলুন, “জাযাকুমুল্লাহু খাইরান।”

শব্দগুলো খুব ছোট। কিন্তু এর ভেতরে একটা সুন্দর মানসিকতা আছে—আমি মানুষের উপকার ভুলে যাচ্ছি না। আমি তার জন্য কল্যাণ চাইছি। আর যে প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সেটাও আল্লাহর কাছে চাইছি।

হয়তো এই ছোট্ট জায়গাটাই আমাদের অনেক সম্পর্ক বদলে দিতে পারে। আমরা অভিযোগ খুব দ্রুত প্রকাশ করি, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশে অনেক সময় কৃপণ হয়ে যাই। মানুষের দশটা ভালো কাজের পর একটা ভুল হলে ভুলটা মনে থাকে, কিন্তু আগের দশটা উপকারের জন্য একটা আন্তরিক দু‘আও হয়তো বলা হয়নি।

তাই “জাযাকাল্লাহু খাইরান” যেন শুধু মুখস্থ একটি ইসলামিক expression হয়ে না থাকে।

কাকে বলছেন, সঠিক রূপটা জানুন। আর যখন বলছেন, মনে রাখুন—আপনি শুধু ধন্যবাদ দিচ্ছেন না, তার জন্য আল্লাহর কাছে কল্যাণের দু‘আ করছেন।

আল্লাহ আমাদের মানুষের উপকার চিনতে, আন্তরিকভাবে কৃতজ্ঞ হতে এবং সুন্দর দু‘আর মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখান। আমিন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।