একদিন আপনার সন্তান এমন একটি ঘরে ঢুকবে, যেখানে আপনি পাশে থাকবেন না। তখন তাকে কেউ মনে করিয়ে দেবে না, “সালাম দাও”, “কথা কেটে বলো না”, “বড়দের সম্মান করো”, “নিজের ভুলটা স্বীকার করো।” সে তখন ব্যবহার করবে আজ ঘরে যা শিখছে।
আমরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কত কিছু ভাবি। কোন স্কুলে পড়বে, কী শিখবে, ইংরেজি কেমন হবে, আত্মবিশ্বাসী হবে কি না, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কি না। অথচ এমন কিছু ছোট ছোট আদব আছে, যেগুলো না শিখলে অনেক বড় অর্জনের মাঝেও চরিত্রে একটা শূন্যতা থেকে যায়। আর খারাপ অভ্যাসও শিশুর সঙ্গে সঙ্গে বড় হয়। তাই “আরেকটু বড় হলে শেখাব” বলতে বলতে যেন দেরি না হয়ে যায়।
১. সুন্দর ও সম্মানজনকভাবে কথা বলতে শেখান। শিশুর কথা বলার ধরন অনেক সময় ঘরের পরিবেশেরই প্রতিচ্ছবি। সে যদি দেখে রাগ হলেই চিৎকার করা যায়, অন্যের কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া যায়, কাউকে নিয়ে ঠাট্টা করা স্বাভাবিক, তাহলে এগুলোই ধীরে ধীরে তার ভাষার অংশ হয়ে যায়। পরে আমরা অবাক হয়ে বলি, “এত রূঢ়ভাবে কথা বলতে শিখল কোথা থেকে?”
আল্লাহ তাআলা বলেন, “আমার বান্দাদের বলে দিন, তারা যেন এমন কথা বলে যা সর্বোত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে।” সূরা আল ইসরা, ১৭:৫৩।
তাই শুধু “খারাপ কথা বলবে না” বললেই হবে না। তাকে দেখাতে হবে কীভাবে মতভেদ হলেও সম্মান রেখে কথা বলতে হয়, রাগ হলেও গলার স্বর নিয়ন্ত্রণ করতে হয়, কাউকে অপমান না করে নিজের কথা বলা যায়। আর সবচেয়ে বড় শিক্ষা সে পাবে আমাদের কাছ থেকেই। আমরা তার সঙ্গে কেমন ভাষায় কথা বলি, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কেমন কথা বলি, পরিবারের অন্যদের নিয়ে কীভাবে কথা বলি, সে সবই দেখছে।
২. মানুষের সঙ্গে দেখা হলে সালাম ও সুন্দরভাবে অভিবাদন করতে শেখান। অনেক শিশু পরিচিত কারও সামনে গেলেও চুপ করে দাঁড়িয়ে থাকে, ফোনে তাকিয়ে থাকে, অথবা বড়রা বারবার বলার পর অনিচ্ছায় সালাম দেয়। ছোট মনে হলেও এখান থেকেই সামাজিক আদবের শুরু। একটি শিশু যখন ঘরে ঢুকে সালাম দিতে শেখে, সামনে থাকা মানুষটির দিকে মনোযোগ দিয়ে কথা বলতে শেখে, তখন সে বুঝতে শেখে, “আমার চারপাশের মানুষদেরও সম্মান আছে।”
আল্লাহ তাআলা অন্যের ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়া ও সালাম দেওয়ার শিক্ষা দিয়েছেন। সূরা আন নূর, ২৪:২৭। আবার কেউ সালাম দিলে তার চেয়ে উত্তমভাবে অথবা অন্তত সমপরিমাণে জবাব দিতে বলেছেন। সূরা আন নিসা, ৪:৮৬। সন্তানকে সালাম শেখানো তাই শুধু একটি বাক্য মুখস্থ করানো নয়, তাকে শেখানো মানুষের কাছে যাওয়ারও আদব আছে।
৩. বসা, খাওয়া ও ভাগ করে নেওয়ার আদব শেখান। সবাই একসঙ্গে খেতে বসেছে। সন্তান নিজের পছন্দের খাবারটা দূর থেকে টেনে নিল, অন্যের সামনে দিয়ে হাত বাড়াল, নিজের অংশ নিয়েই ব্যস্ত হয়ে গেল। আমরা অনেক সময় ভাবি, “বাচ্চা তো, বড় হলে ঠিক হয়ে যাবে।” কিন্তু আদবের শিক্ষা নিজে নিজে তৈরি হয় না।
রাসূলুল্লাহ ﷺ ছোট উমর ইবন আবি সালামা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, “আল্লাহর নাম নাও, ডান হাতে খাও এবং তোমার কাছের দিক থেকে খাও।” সহিহ আল বুখারি, ৫৩৭৬।
এর সঙ্গে শিশুকে অপেক্ষা করা, পালা মানা, অন্যের অংশের প্রতি খেয়াল রাখা, যা আছে তা ভাগ করে নেওয়া এবং খাবার নিয়ে অশোভন আচরণ না করার অভ্যাসও শেখান। এগুলো শুধু খাওয়ার নিয়ম নয়। এখান থেকেই সে আত্মসংযম, বিবেচনাবোধ এবং অন্যের হক বুঝতে শেখে।
৪. বড়দের সম্মান করতে শেখান। সন্তান যেন এমন না ভাবে, বয়সে বড় মানুষটি প্রযুক্তি কম বোঝেন বলে তাকে নিয়ে হাসা যায়, দাদা দাদি বা নানা নানির কথা ধৈর্য ধরে না শুনলেও চলে, কিংবা কোনো বয়স্ক মানুষ ধীরে চলছেন বলে বিরক্ত হওয়া স্বাভাবিক। মানুষের বয়স, অভিজ্ঞতা ও মর্যাদার প্রতি সম্মান শেখানোও চরিত্র গঠনের অংশ।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের মর্যাদা বোঝে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” জামে আত তিরমিযি, ১৯২০।
সম্মান শুধু “জি” বলা নয়। মন দিয়ে শোনা, কথা না কাটা, প্রয়োজন হলে সাহায্য করা, অসম্মানজনক ভঙ্গিতে উত্তর না দেওয়া, এগুলোও শেখাতে হয়। তবে সন্তানকে বড়দের সম্মান শেখানোর সবচেয়ে কার্যকর উপায় হলো, সে যেন দেখে তার বাবা মা নিজেরাও নিজেদের বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করছেন।
৫. ভুল করলে ক্ষমা চাইতে শেখান। খেলনা ভেঙেছে, ভাইকে ধাক্কা দিয়েছে, কারও জিনিস নষ্ট করেছে, কাউকে কষ্ট দিয়েছে। অনেক শিশুর প্রথম প্রতিক্রিয়া হয়, “আমি করিনি”, “ও আগে করেছে”, “আমি ইচ্ছা করে করিনি।” কারণ দায় এড়িয়ে যাওয়াও শেখা যায়, যেমন দায়িত্ব নেওয়াও শেখা যায়।
তাকে তিনটি ছোট বাক্য শেখানো যেতে পারে: “আমি ভুল করেছি।” “আমাকে মাফ করো।” “আমি কীভাবে এটা ঠিক করতে পারি?” ভুল স্বীকার করা শিশুকে ছোট করে না। বরং তাকে এমন একজন মানুষ হতে শেখায়, যে নিজের কাজের দায়িত্ব নিতে পারে। আর কখনো বাবা মায়েরও সন্তানের কাছে বলা দরকার হতে পারে, “আজ আমি তোমার সঙ্গে বেশি রাগ করে কথা বলেছি। এটা ঠিক হয়নি। আমাকে মাফ করো।” তখন সে বুঝবে, ক্ষমা চাওয়া দুর্বলতা নয়।
তবে শুধু কী শেখাব সেটাই নয়, কীভাবে শেখাব সেটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো দাওয়াতে গিয়ে সন্তান ভুল করল, তারপর সবার সামনে অপমান করে আদব শেখানো শুরু করলাম, এতে সে হয়তো আচরণটার চেয়ে অপমানটাই বেশি মনে রাখবে। বরং ঘরেই আগে থেকে ছোট ছোট পরিস্থিতিতে practice করান। কীভাবে সালাম দেবে, কীভাবে খাবার নেবে, কীভাবে কারও কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এগুলো করে দেখান। ভুল করলে শান্তভাবে মনে করিয়ে দিন। একই শিক্ষা বারবার ধৈর্যের সঙ্গে দিতে হবে, কারণ আদব একদিনে শেখা যায় না।
আর এখানে আমাদের নিজেদেরও একটু থামা দরকার। আমরা সন্তানকে বলছি, “চিৎকার করো না”, কিন্তু সে কি প্রতিদিন আমাদের চিৎকার করতে দেখছে? বলছি, “বড়দের সম্মান করো”, কিন্তু আমরা কি তার সামনে নিজেদের বাবা মায়ের সঙ্গে বিরক্তির স্বরে কথা বলছি? বলছি, “ভুল করলে sorry বলতে হয়”, কিন্তু সে কি কখনো আমাদের নিজের ভুল স্বীকার করতে দেখেছে?
শিশুরা আমাদের কথা শোনে, কিন্তু তার চেয়েও বেশি আমাদের জীবন দেখে।
কুরআনে লুকমান আলাইহিস সালামের উপদেশের মধ্যেও অহংকার না করা, মানুষের প্রতি অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে না নেওয়া, চলাফেরায় ভারসাম্য রাখা এবং কণ্ঠস্বর সংযত রাখার শিক্ষা এসেছে। সূরা লুকমান, ৩১:১৮ থেকে ১৯। অর্থাৎ আদব ইসলামে কোনো অতিরিক্ত সৌন্দর্য নয়, এটি চরিত্রেরই অংশ।
আজ আপনার সন্তান ছোট। তার ভুল উচ্চারণ, একগুঁয়েমি, এলোমেলো আচরণ অনেক সময় মজারও লাগে। কিন্তু এই ছোট মানুষটিই একদিন কারও বন্ধু হবে, কারও প্রতিবেশী হবে, কারও সহকর্মী হবে, হয়তো কারও স্বামী বা স্ত্রী হবে, নিজের সন্তানও বড় করবে। আজ তার চরিত্রে যে ছোট ছোট অভ্যাস আমরা বসিয়ে দিচ্ছি, একদিন সেগুলোই অন্য মানুষের জীবনে শান্তি অথবা কষ্টের কারণ হতে পারে।
তাই তাকে শুধু “সফল” মানুষ বানানোর চিন্তা না করি। এমন মানুষ বানানোর চেষ্টা করি, যার উপস্থিতিতে অন্য মানুষ সম্মানিত বোধ করে, যার জিহ্বা মানুষকে আঘাত করে না, যে ছোটদের প্রতি দয়ালু, বড়দের সম্মান করে, নিজের ভুলের দায়িত্ব নেয় এবং যার আচরণে ইসলামের সৌন্দর্যের ছাপ দেখা যায়।
কারণ সন্তানের জন্য রেখে যাওয়া সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হয়তো কোনো সম্পদ নয়।
একটি সুন্দর চরিত্র।
আল্লাহ আমাদের সন্তানদের উত্তম আদব ও সুন্দর আখলাক দান করুন। আর তাদের শেখানোর আগে নিজেদের জীবনেও সেই আদব ধারণ করার তাওফিক দিন। আমিন।
মূল ভাবনা: Al Firdaws Parenting
মন্তব্য করুন