আমার ডায়েরির পাতা থেকে… | ০৪
আমি আগের সেই মানুষটা আর নেই
কখনো কখনো নিজের ভেতরের দিকে তাকিয়ে খুব অদ্ভুত লাগে। মনে হয়, আমি কি সত্যিই আগের সেই মানুষটা আছি?
আগে কিছু ভুল করলে অনেকক্ষণ খারাপ লাগত। কোনো সালাত দেরি হয়ে গেলে মনটা অস্থির হয়ে থাকত। কারও সঙ্গে বেশি কথা বলে ফেললে, কাউকে কষ্ট দিলে, কোনো গুনাহে পড়ে গেলে বারবার মনে হতো, “আমি এটা করলাম কীভাবে?” এখনো খারাপ লাগে, কিন্তু কখনো কখনো আগের মতো লাগে না। আর এই “আগের মতো লাগে না” কথাটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখায়।
কখনো আজান শুনি, তারপরও সঙ্গে সঙ্গে উঠি না। ভাবি, একটু পর উঠব। কখনো একটা আয়াত পড়ি, বুঝি কথাটা আমার জন্যই, তবুও কয়েক মিনিট পর ফোন হাতে নিয়ে অন্যকিছুতে হারিয়ে যাই। কখনো রাতে মনে হয়, আজ অনেকক্ষণ দু‘আ করব। তারপর ক্লান্তি, ব্যস্ততা, অমনোযোগ সব মিলে দু’চারটা কথা বলেই উঠে পড়ি। তখন হঠাৎ মনে হয়, আগে তো এমন ছিলাম না। নাকি ছিলাম, শুধু খেয়াল করতাম বেশি?
আল্লাহ, আমি জানি না। শুধু বুঝি, কিছু জিনিস ধীরে ধীরে আমার কাছে খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে। যে ভুল একসময় বুকের ভেতর কাঁটা হয়ে থাকত, এখন কখনো সেটাকে “এমন তো হয়” বলে পাশ কাটিয়ে যাই। যে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য একসময় সত্যি কষ্ট হতো, এখন তার কাছাকাছি গিয়েও নিজের সঙ্গে অনেক যুক্তি করি—“এটা তো খুব বড় কিছু না”, “সবাই তো করে”, “পরে ঠিক হয়ে যাব।”
এই “পরে” কথাটা কতবার বলেছি, আল্লাহ? কত সালাতের পর বলেছি, কাল থেকে মন দিয়ে পড়ব। কত রাতে বলেছি, কাল থেকে সময় নষ্ট কমাব। কত ভুলের পর বলেছি, এটা শেষবার। তারপর আবারও একই জায়গায় ফিরে এসেছি।
কখনো নিজের ওপর খুব বিরক্ত লাগে। আবার কখনো ভয় হয়, এই বিরক্তিটাও যদি একদিন না থাকে? যদি এমন হয়, ভুল করছি কিন্তু ভেতরটা আর কাঁপছেই না?
আমি জানি, প্রতিদিন অন্তরের অবস্থা একরকম থাকবে না। সব দিন কান্না আসবে না, সব সালাতে একই খুশু থাকবে না, সবসময় একইরকম শক্তিও থাকবে না। কিন্তু আল্লাহ, আমি যেন এই দুর্বলতাকে স্থায়ী ঠিকানা বানিয়ে না ফেলি। আমি যেন আপনার থেকে দূরে সরে গিয়ে সেটাকেই স্বাভাবিক জীবন মনে না করি।
কখনো পুরোনো কিছু দিনের কথা মনে পড়ে। কোনো নসিহাহ শুনে অনেকক্ষণ চুপ করে থাকতাম। কোনো আয়াত নিজের সঙ্গে মিলে গেলে মনে হতো, আল্লাহ যেন সরাসরি আমাকে বলছেন। কোনো ভুল করলে তাড়াতাড়ি ঠিক করতে ইচ্ছে করত। এখন সেই অনুভূতিগুলো এলে খুব যত্ন করে ধরে রাখতে ইচ্ছে করে। কারণ ভয় হয়, আমার হৃদয়টা বেশি শক্ত হয়ে যাচ্ছে না তো?
তারপর আবার নিজেকেই থামাই। আগের আমিটাকেও তো খুব সুন্দর বানিয়ে দেখানো ঠিক না। তখনও আমার ভুল ছিল, তখনও গাফেল হতাম, তখনও এমন অনেক কিছু ছিল যা কাউকে দেখাইনি। তাই আমি শুধু “আগের আমি”কে ফিরে পেতে চাই না। আমি আরও ভালো হতে চাই।
কিন্তু সত্যি বলতে, “ভালো হতে চাই” বলা সহজ। বাস্তবে যখন ফোনটা নামাতে হয়, তখন কঠিন লাগে। যখন নফসের পছন্দের কিছু ছেড়ে দিতে হয়, তখন কঠিন লাগে। যখন নিজের ভুলের দায় অন্য কারও ওপর না দিয়ে বলতে হয়, “না, এখানে দোষটা আমারই ছিল”, তখন কঠিন লাগে। হয়তো আমার সমস্যাটা এখানেই—আমি পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের কষ্টটা সবসময় চাই না।
আল্লাহ, আপনি তো আমার এই দ্বন্দ্বটাও জানেন। আমি আপনাকে চাই, আবার দুনিয়ার অনেককিছুকেও খুব আঁকড়ে ধরি। আমি গুনাহ ছেড়ে দিতে চাই, আবার কিছু গুনাহের দরজা নিজেই পুরোপুরি বন্ধ করি না। আমি নরম অন্তর চাই, আবার এমন অনেক কিছু দেখি, শুনি, করি যা সেই অন্তরকেই কঠিন করে দেয়।
তাহলে শুধু “আমি আগের মতো নেই” বলে আফসোস করলেই তো হবে না। আমাকে কিছু বদলাতেও হবে। আজ তাই নিজের কাছে একটা কথাই স্বীকার করছি—আমি কিছু জায়গায় সত্যিই পিছিয়ে গেছি। এটা বলতে লজ্জা লাগে। কিন্তু অস্বীকার করলে তো ঠিক হব না।
আল্লাহ, আমি হারিয়ে যেতে চাই না। এমন না হোক, একদিন এত অভ্যস্ত হয়ে যাব যে আপনার থেকে দূরে থাকার কষ্টটাই আর বুঝব না। তাওবা করতে চাইব, কিন্তু ভেতর থেকে কোনো তাড়া থাকবে না। কুরআন খুলব, কিন্তু কথাগুলো হৃদয়ে পৌঁছাবে না। সালাতে দাঁড়াব, অথচ মনটা সব জায়গায় ঘুরবে, শুধু আপনার কাছে থাকবে না।
আমাকে এমন হওয়ার আগেই ফিরিয়ে নিন। যে জিনিসগুলো আমার অন্তরকে নষ্ট করছে, সেগুলো চিনতে দিন। যে গুনাহগুলোকে ছোট করে দেখছি, সেগুলোর ব্যাপারে সতর্ক করুন। আমার ভুলের জন্য অন্য কাউকে দায়ী করার আগে নিজের দিকে তাকাতে শেখান। আর আল্লাহ, যদি আমার ভেতরে এখনো সামান্য ভালো কিছু বেঁচে থাকে, সেটুকু নষ্ট হতে দেবেন না। সেটাকে বাড়িয়ে দিন।
আমি আগের সেই মানুষটা আর নেই। হয়তো এটাই সত্যি। তবে এখানেই শেষ না হোক।
আল্লাহ, আমাকে শুধু আগের মতো নয়, আগের চেয়েও ভালো করে আপনার দিকে ফিরিয়ে নিন।
মন্তব্য করুন