ইসলাম পালন সহজ না, কঠিনই। আপনি ইসলামের গণ্ডিতে থেকে চোখ বন্ধ করে ইচ্ছা মত দৌড়াতে পারবেন না। নানান ব্যারিয়ার থাকবে। দেখে শুনে পা ফেলতে হয়। হারাম-হালাল আর জায়েজ-নাজায়েজ বেছে চলতে হয়। এটাকে যদি কারও কাছে কঠিন মনে হয়, তাহলে কঠিনই। মূলত কঠিন আর সহজ একটা আপেক্ষিক জিনিস। যে জিনিস একজনের কাছে কঠিন মনে হয়, অন্য জনের কাছে সই জিনিস সহজ লাগতে পারে। ফলে ‘ইসলাম সহজ’ শ্লোগান তুলে ইসলামের বিধানকে এড়িয়ে যাবার আসলে সুযোগ নেই। যারা এমন বলে, তাদের ইসলামের বুঝের ঘাটতি আছে।
ইসলাম পালন এমনিতেও একটু কঠিন। সূরা বালাদে আল্লাহ তাআলা নেককাজকে ‘আকাবা’ অর্থাৎ পাহাড়ের গিরিখাদে চলার সাথে তুলনা করেছেন। সমতল ভূমির মত আরামসে হাঁটতে পারবেন না। প্রতিটা কদম ফেলতে হবে সাবধানে, ভেবেচিন্তে। মানে কাজটা একটু কঠিনই। আর শেষ জামানাতে তো এটা আরও কঠিন হবে। গুরুত্ব বুঝানোর জন্য হাদিসে হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার থেকেও এটি কঠিন বলা হয়েছে। আরেক সহিহ হাদিসে পাওয়া যায়, জান্নাতকে কষ্টকর জিনিস দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে (তিরমিজি-২৫৮১)। ফলে ‘ইসলাম খুব সহজ, মৌলবিরা নানান মাসালা বলে একে কঠিন বানিয়ে ফেলেছে’ ব্যাপারটা তা নয়।
এত লম্বা কথার দরকার নেই। একটা সাধারণ হিসাব বুঝেন। যে কাজের বিনিময় বেশি, সে কাজের জন্য ত্যাগ স্বীকার করতে হয় বেশি। এটা খুব সিম্পল একটা হিসাব। দুনিয়াবি জায়গা থেকে এটা কারও না বুঝার কথা নয়। তো পরকালে আপনি জান্নাতের মতো একটা মহা পুরস্কার লাভ করবেন, আর এর জন্য আপনাকে ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হবে না, তা কী করে হয়? দুনিয়ার এত হিসাব-নিকাশ বুঝেন, কিন্তু ধর্মের বেলায় এসে এই সিম্পল অংকটা কেন মিলাতে পারেন না আল্লাহই ভাল জানেন।
~ আব্দুল্লাহ আল মাসুদ (হাফি.)
মন্তব্য করুন