একটি শিক্ষণীয় ঘটনা
━━━━━ • ✿ •
ইমাম শামসুদ্দীন আস-সাফিরী রহ. ছিলেন সহীহ বুখারীর একজন ব্যাখ্যাকার। তিনি হৃদয়-জগৎ নাড়া দেয়ার মত একটি ঘটনা লিখেছেন। ঘটনাটি নিম্নরূপঃ
তিন জন আবেদ ছিল। যারা ছিল পরস্পরের বন্ধু। তারা হজ্জের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। পথিমধ্যে রাত্রি যাপন করার জন্য তারা একটি গ্রামে অবস্থান গ্রহণ করল। গ্রামের অধিবাসীরা ছিল খ্রিস্টান। এরই মধ্যে তাদের একজনের দৃষ্টি পড়ল একটি খ্রিস্টান মেয়ের প্রতি। মেয়েটি ছিল যথেষ্ট সুন্দরী। এই লোক মেয়েটির প্রেমে পড়ে গেল। তাই সে তার বন্ধুদের বলল, তোমরা চলে যাও। আমি এখানেই থাকব। তারা উভয়ে লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করল; কিন্তু লোকটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। অগত্যা তারা দু’জন চলে গেল। তারপর লোকটা মেয়েটার বাবার নিকটে গিয়ে বিয়ে করার প্রস্তাব দিল। বাবা উত্তর দিল, তোমাকে দেখে সুঠাম পরিমশ্রমী ও বিচক্ষণ মনে হয়। তাই তোমার নিকট আমার মেয়ে বিয়ে দিব। তবে আমার দুটি শর্ত আছে। প্রথমত তোমাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত আজীবনের জন্য তোমাকে এই গ্রামে থেকে যেতে হবে।
লোকটা মেয়েটির বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল এবং উক্ত দুই শর্ত মেনে মেয়েটিকে বিয়ে করে নিল। অপরদিকে লোকটার অপর দুই বন্ধু যথারীতি হজ্জ পালন করে নিজেদের এলাকায় ফিরে আসল। দেখল, তাদের ওই বন্ধু এখনও ফিরে আসেনি। এভাবে কয়েক বছর কেটে গেল। এমনকি তারা বৃদ্ধ হয়ে গেল।
বহু বছর পর বৃদ্ধাবস্থায় একদিন এই দুই বন্ধু বসে গল্প করছিল। ইত্যবসরে এক বন্ধু বলে ওঠে, আচ্ছা! আমরা তো তিন বন্ধু ছিলাম। আলহামদুলিল্লাহ, দুই বন্ধু এখনও আছি। কিন্তু আমাদের তৃতীয় বন্ধু আজ আমাদের সাথে নেই। সে তো আমাদের সঙ্গে হজ্জের উদ্দেশ্যে বের হয়ে অমুক এলাকায় রয়ে গিয়েছিল। না-জানি এখন সে কী অবস্থায় আছে! চলো, আমরা একটু সেখানে যাই। তার খোঁজখবর নিয়ে আসি।
তারপর একদিন এই দুই বন্ধু সত্যি সত্যি ওই এলাকার উদ্দেশ্যে রওনা হল, যেখানে বহু বছর আগে তাদের এক বন্ধুকে রেখে এসেছিল। ওই এলাকায় যেয়ে লোকজনকে জিজ্ঞেস করে করে তাদের বন্ধুর ঠিকানা বের করল। কিন্তু আফসোসের বিষয় ছিল এই যে, তারা জানতে পারল, তাদের বন্ধু মাত্র কয়েকদিন আগে মারা গিয়েছে। আরো আফসোসের বিষয় ছিল এই যে, তাকে খ্রিস্টানদের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। এহেন দুঃখজনক সংবাদ শুনে এই দুই বন্ধু নিদারুণ ব্যথিত হল। তারপর চিন্তা করল যে, এসেই যখন গিয়েছি, তার কবরটা একটু দেখে যাই।
এই চিন্তা করে তারা তাদের এই বন্ধুর কবরে গেল। যেয়ে দেখতে পেল, সেখানে একজন বৃদ্ধা এবং দুইজন যুবক বসে বসে কাঁদছে। এই দুই বন্ধুও খুব কান্না করল। অপরদিকে বৃদ্ধা মনে মনে ভাবল, আমি কাঁদছি, কেননা যে লোকটি এই কবরে আছে সে আমার স্বামী। আর এই দুই যুবক কাঁদছে, যেহেতু তারা আমাদের সন্তান; লোকটি তার বাবা। কিন্তু এই দুই অপরিচিত বৃদ্ধলোক কাঁদছে কেন? এই চিন্তা থেকে উক্ত বৃদ্ধা লোক দু’টিকে বলল, আপনারা কেন কাঁদছেন? কবরের লোকটি আপনাদের কী লাগে? তখন এই দুইজন পুরো ঘটনা শোনালো। বৃদ্ধা তখন উত্তর দিল, আপনারা তো ঘটনা যা বলেছেন, তা-ই জানেন। বাকিটা জানেন না। বাকিটা আমার কাছ থেকে শুনেন। আপনাদের বন্ধু যৌবনকালে যে মেয়েটির প্রেমে পড়ে নিজের ধর্ম ও বাড়িঘর ত্যাগ করেছিল, সে মেয়েটি আমি। আমার যৌবনকালের ঘটনা। আপনাদের বন্ধু আমার বাবার কথা মেনে নিয়ে আমাকে বিয়ে করেছিল। তারপর যথারীতি আমাদের সংসার হয়। এই দুই যুবক আমাদেরই সন্তান। তবে আপনাদের কথা শুনে ও কান্না দেখে আমার অন্তরে এই বিশ্বাস সৃষ্টি হয়েছে যে, ইসলামই সত্যধর্ম। ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম অসার ও মিথ্যা। তাই আমি আপনাদের স্বাক্ষী রেখে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি। আপনারা আমাকে কালেমা শাহাদাহ পড়িয়ে দিন। উক্ত ঘটনা দেখার পর ওই দুই যুবক এগিয়ে এসে বলল, আমাদের মা বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রশংসা সবাই করে। সুতরাং আমাদের মা ইসলাম গ্রহণ করছেন তো জেনেশুনেই করছেন। আমরাও আমাদের মায়ের মত ইসলাম গ্রহণ করতে চাই। আমাদেরকেও কালিমা শাহাদাহ পড়িয়ে দিন। এভাবে তিন জনই খ্রিস্টধর্ম থেকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল।
উক্ত ঘটনা উল্লেখ করার পর ইমাম শামসুদ্দীন আস-সাফিরী রহ. মন্তব্য করেন-
سُبْحَانَ اللّهِ مَنْ كَانَ مُسْلماً مَاتَ على الْكُفْرِ ،وَأَسْلمَ مَنْ كَانَ كَافِرًا، فلِذالِكَ يَنْبغِي أنْ يَخافَ المُسْلِمُ عاقِبةَ أمرِه، ويَسألَ اللهَ حُسْنَ الخاتِمَةِ
একমাত্র পবিত্র সত্তা আল্লাহ। যে-ব্যক্তি মুসলিম ছিল সে কাফের হয়ে মারা গেল। আর যে কাফের ছিল তার ইসলাম গ্রহণের সৌভাগ্য হল। সুতরাং বোঝা গেল, মুসলিম-ব্যক্তির নিজের শেষ পরিণতি নিয়ে ভীত থাকা উচিত। আর আল্লাহর নিকট শুভ-মৃত্যুর দোয়া করা উচিত। [আল-মাজালিসুল ওয়া’জিয়্যাহ : ১/২৮৭]
উৎসঃ হুসনুল খাতিমা বা সুন্দর মৃত্যুর জন্য ১০ আমল
মন্তব্য করুন