নারীদের আমলী যিন্দেগী!
—
মা-বোনেদের কিছু কাজ নিয়মিত করতেই হয়। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক। একটু মনোযোগ দিলেই সেগুলোকে ইবাদতে রূপান্তরিক করা সম্ভব। এমনিতেই পারিবারিক কাজ, ঘরোয়া টুকিটাকি কাজ ইবাদতের অংশ। সাথে সাথে নিয়্যতের মধ্যে বাড়তি চিন্তা যোগ করলে সওয়াবের মাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই মনে হয়। নতুন আরো কিছু হাদীস মানার সওয়াবও মিলবে।
.
এক
প্রতিদিনই ঘর ঝাড়ু দিতে। মেশিন দিয়ে ধূলো ঝাড়তে হয়। ঘরদোর পরিষ্কার করতে হয়। উঠোন নিকোতে হয়। সদর-অন্দর ঝকঝকে-তকতকে রাখতে হয়। আমরা কাজটা বেগার খাটা মনে না করে বা সংসারের কাজ মনে করে, ইবাদত মনে করেও করতে পারি। স্মরণ করতে পারি: ইমাতাতুল আযা মিনাত্তরীক। পথ থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়া ঈমানের অঙ্গ। কাজও হলো। ইবাদতও হলো। বান্দাও রাজি, মাওলা ভি রাজি।
.
দুই
প্রতিদিনই রান্না করতে হয়। কুটনা কুটতে হয়। বাটনা বাটতে হয়। জিরা পিষতে হয়। পেঁয়াজ কুঁচোতে হয়। উনুন জ্বালতে হয়। তেল আাঁচাতে হয়। ধোঁয়ার নাকের পানি চোখের পানি এক করতে হয়। রান্না হয়ে গেলে বেড়ে দিতে হয়। জনে জনের রুচি-খাঁইয়ের দিকে লক্ষ্য রাখতে হয়।
এটাকে নিছক ঘরকন্নাগিরি (কেউ কেউ ঝি গিরি) মনে না করে, ইবাদতের নিয়ত করতে পারি:
-ইতআমুত ত্তা‘আম। খাবার দান। আহার করানো।
বহুত বড়িয়া ইবাদত। অনেক ফযীলতের কাজ। শানদার খিদমত। জানদার আমল। প্রাণদার আজর।
.
তিন
বাচ্চাকে পড়া দেখিয়ে দিতে হয়। কুরআন শেখাতে হয়। দ্বীন শেখাতে হয়। একটা কথা মনে রাখলেই সব কষ্ট পানি হয়ে যাবে। -তোমাদের মধ্যে কুরআন শিক্ষাদানকারী সর্বোত্তম।
.
চার
ঘরে মেহমান আসে। তাদেরকে আদর-আপ্যায়ন করতে হয়। যত্ন-সমাদর করতে হয়। অনেক পরিশ্রম হয়। কেউ বিরক্ত হয়, কেউ আনন্দিত হয়। একটা হাদীস মনে রাখলে মনের ভার অনেকটা কমে আসে: যে আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানের সম্মান করে।
.
পাঁচ
শ্বশুর বাড়িতে নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কটু-কাটব্য শুনতে হয়। খোঁচা-শ্লেষ সহ্য করতে হয়। ননদ থেকে। জা’দের থেকে। ভাসুর থেকে। দেবর থেকে।
একট হাদীস মনে করে দাঁতমুখ চেপে সহ্য করে নিলেই বিরাট ইবাদত: যে ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
.
ছয়
ঘরে অসুস্থ বাবা-মা আছেন। শ্বশুর-শাশুড়ি আছেন। দাদা বা নানা আছেন, দাদা শ্বশুর-শাশুড়ি আছেন। তাদের সেবাযত্ন করতে হয়। অনেক সময় একপ্রকার বাধ্য হয়েই। গজগজ করতে করতে। একটা হাদীস মনে মনে আউড়ে নিলেই পারি: অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও।
.
সাত
বিভিন্ন আচার-অনুষ্ঠানে যেতে হয়। পারিবারিক উৎসব-আয়োজনে হাযির থাকতে হয়। লওয়াযেমা হিসেবে, মুখ রক্ষার্থে হলেও কিছু উপহার-উপাচার দিতে হয়। নিয়ে যেতে হয়। একটা হাদীস মনে রাখলে, মনের কষ্ট আর থাকবে না: তোমরা হাদিয়া দাও, তাহলে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে।
.
আট
ঘরের ফোন ওঠাতে হয়। কথা বলতে হয়। পরিচিত কেউ হলে, অনেক সময় গীবত হয়ে যায়। কখনো কখনো অন্যের কষ্টের কথা শুনতে হয়। তখন মনে রাখা:
ক: গীবত করা বড় গুনাহ।
খ: অন্যের কষ্টের কথা শোনা, তাকে সান্ত্বনা দেয়াও ইবাদত।
.
নয়
ঘরের কাজ কম নয়। এঁটো থালা-বাসন মাজা, জামা-কাপড় ধোয়া, ভিজে কাপড় মেলে দেয়া। এসব কাজে মাথা লাগাতে হয় না। অনেকটা অভ্যেস বশেই করা হয়ে যায়। এ-সময়টুকুতে আমরা ইস্তেগফার করতে পারি। দুরূদ শরীফ পড়তে পারি। একসাথে অনেক ইবাদত হয়ে গেলো।
.
দশ
সারা দিনই কোনও না কোনও কাজে ব্যস্ত থাকতে হয়। প্রতিটি কাজই আমরা ইবাদতের নিয়তে করতে পারি। তাহলেই আটপৌরে সাংসারিক কাজও পুরোদস্তুর ইবাদতে পরিণত হবে। এমনকি বাঙালি বধূদের শরৎকাহিনী খুলে দ্বি-প্রাহরিক ভাতঘুমও এর আওতাভুক্ত।
.
এসব কাজ শুধু মা-বোনেরাই করবে, এমন নয়, পুরুষও করবে। তাদের জন্যেও এটা বাড়তি সুযোগ। বাড়তি পাওনা।
– Shaykh Atik Ullah Unofficial
মন্তব্য করুন