রাত অনেক হয়েছে। তবু ঘুমানোর সময় যেন এখনো আসেনি।
বিছানায় গেছেন, কিন্তু ফোনটা হাতেই আছে। “আর পাঁচ মিনিট” বলে একটা ভিডিও খুললেন, তারপর আরেকটা, তারপর কারও পোস্ট, কিছু message, একটু random scrolling। একসময় চোখ জ্বালা করতে শুরু করল। ফোনটা নামিয়ে ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো, “এত রাত হয়ে গেল কখন?” অথচ কয়েক ঘণ্টা পরেই ফজর।
সকালে alarm বাজে। প্রথমবার বন্ধ করেন, দ্বিতীয়বার মনে হয় আর দুই মিনিট। কখনো কোনোরকমে উঠে সালাত আদায় হয়, কখনো ঘুমের সঙ্গে যুদ্ধ করতে করতে সময় চলে যায়। এরপর শুরু হয় আরেকটা দিন, মাথা ভার, শরীর ক্লান্ত, কাজে মন নেই। রাতে আবার প্রায় একই গল্প।
আমাদের অনেকের সমস্যাটা শুধু “কম ঘুম” নয়। সমস্যাটা হলো, ঘুমের কোনো শৃঙ্খলাই আর নেই। দিনের প্রয়োজনীয় কাজ শেষ হলে আমরা ঘুমাই না, বরং ফোন থেকে আর কিছু পাওয়ার নেই মনে হলে ঘুমাই। ঘুম যেন জীবনের প্রয়োজনীয় অংশ নয়, দিনের শেষে পড়ে থাকা অবশিষ্ট সময়।
অথচ আল্লাহ ঘুমকে এভাবে দেখাননি। তিনি বলেন, “আর আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের মাধ্যম।”
সূরা আন নাবা, ৭৮:৯
ঘুম অলসতার নাম নয়। শরীর ও মনের বিশ্রামও আল্লাহর দেওয়া নিয়ামত। এমনকি ইবাদতের নামে নিজের শরীরকে ভেঙে ফেলার শিক্ষাও ইসলাম দেয়নি। রাসূলুল্লাহ ﷺ আবদুল্লাহ ইবন আমর রা. কে বলেছিলেন, “তোমার শরীরেরও তোমার ওপর হক আছে, তোমার চোখেরও তোমার ওপর হক আছে।”
সহিহ আল বুখারি, ৫১৯৯
এখন একটু নিজের রাতগুলোর কথা ভাবুন। আমরা কি সত্যিই প্রয়োজনের কারণে রাত জাগি? নাকি কোনো কাজই নেই, তবু ঘুমাতে মন চায় না? একটা episode শেষ হয়, আরেকটা শুরু হয়। একটা reel থেকে আরেকটা reel। কিছুই এমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এক ঘণ্টা, দুই ঘণ্টা চলে যায়। যে সময়টা শরীরের বিশ্রামের জন্য ছিল, সেটাই আমরা এমন জিনিসে দিয়ে দিই যার অধিকাংশই পরদিন মনে থাকে না।
রাসূলুল্লাহ ﷺ এর রাতের জীবন ছিল অনেক বেশি সুশৃঙ্খল। আবু বারযা রা. বর্ণনা করেন, তিনি ইশার আগে ঘুমানো এবং ইশার পর অপ্রয়োজনীয় কথাবার্তায় দীর্ঘ সময় কাটানো অপছন্দ করতেন।
সহিহ আল বুখারি, ৫৬৮
আয়িশা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ রাতের প্রথম অংশে ঘুমাতেন, শেষ অংশে উঠে সালাত আদায় করতেন, এরপর প্রয়োজন হলে আবার শয্যায় ফিরতেন।
সহিহ আল বুখারি, ১১৪৬
খেয়াল করুন, এখানে শুধু “আগে ঘুমানো” নেই। রাতটার একটা উদ্দেশ্য আছে। ইশার পর অকারণ দীর্ঘ জাগরণ নয়, শরীরকে বিশ্রাম দেওয়া, সামর্থ্য হলে রাতের শেষ অংশে আল্লাহর সামনে দাঁড়ানো, আর ফজরের জন্য প্রস্তুত থাকা।
হয়তো এখানেই আমাদের জীবনের সঙ্গে বড় পার্থক্যটা তৈরি হয়েছে। আমরা রাতকে যতটা সম্ভব দীর্ঘ করি, তারপর সকালকে যতটা সম্ভব পিছিয়ে দিই। অথচ একজন মুমিনের সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরুগুলোর একটি হলো ফজরের সালাত। দিনের প্রথম গুরুত্বপূর্ণ মুহূর্তটাই যদি ঘুম আর ক্লান্তির সঙ্গে যুদ্ধ করে চলে যায়, তাহলে এর প্রভাব দিনের বাকি অংশেও পড়া অস্বাভাবিক নয়।
দিনের মাঝখানে অল্প বিশ্রামের ধারণাও ইসলামী জীবনযাপনে অপরিচিত নয়। নবী ﷺ এর মধ্যাহ্নে বিশ্রাম নেওয়ার বর্ণনা সহিহ বুখারিতে এসেছে, সাহাবিদের মাঝেও কায়লুলাহ পরিচিত ছিল।
সহিহ আল বুখারি, ৬২৮১, ৯৩৯
তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কার থাকা দরকার। ইসলাম আমাদের এমন কোনো নির্দিষ্ট ঘড়ির chart দেয়নি যে ইশার পর ঠিক রাত ৯টায় ঘুমাতেই হবে, ফজরে ঠিক ৫টায় উঠতে হবে, কিংবা কায়লুলাহ ঠিক দুপুর ১টায় ১০ বা ৩০ মিনিটই হতে হবে। দেশ, ঋতু, কাজ, বয়স, শরীর এবং প্রয়োজন অনুযায়ী সময় বদলাবে।
সুন্নাহ আমাদের rigid sleep schedule দেয়নি, বরং একটি balanced rhythm শিখিয়েছে।
রাতকে অকারণে নষ্ট না করা। শরীরের হক দেওয়া। ইশাকে গুরুত্ব দেওয়া। ফজরকে জীবনের প্রান্তে ঠেলে না দেওয়া। সামর্থ্য হলে রাতের শেষ অংশে আল্লাহর সামনে দাঁড়ানো। প্রয়োজন হলে দিনের মধ্যে বিশ্রাম নেওয়া। অর্থাৎ ঘুমও এমনভাবে সাজানো, যেন সেটা আল্লাহর আনুগত্যে বাধা না হয়ে বরং সাহায্য করে।
আর শুধু কখন ঘুমাব, সেটাই নয়। কীভাবে ঘুমাতে যাব, সেখানেও সুন্নাহ আছে। রাসূলুল্লাহ ﷺ ঘুমানোর আগে ওযু করতে, ডান কাতে শুতে এবং ঘুমের দোয়া পড়তে শিক্ষা দিয়েছেন।
সহিহ আল বুখারি, ২৪৭
ভাবুন, দিনের একেবারে শেষ মুহূর্তটাও যদি ফোনের screen দিয়ে না শেষ হয়ে ওযু, দোয়া আর আল্লাহর স্মরণ দিয়ে শেষ হয়, তাহলে ঘুমটাও আর শুধু শরীর বন্ধ করার সময় থাকে না। সেটাও ইবাদতের রঙ পায়।
একটু নিজের routine-এর দিকে তাকান। আপনার ঘুমের সময়টা যদি একটু ঠিক হয়ে যায়, শুধু শরীরই কি বদলাবে? হয়তো ফজরের সঙ্গে প্রতিদিনের যুদ্ধটা একটু সহজ হবে। সকালে কুরআন খুলতে মাথাটা এত ভার লাগবে না। কাজে মন বসবে। মেজাজের ওপর নিয়ন্ত্রণ বাড়বে। আর সবচেয়ে বড় কথা, রাতটা হয়তো এমন কিছুতে শেষ হবে না, যেটার জন্য সকালে উঠে নিজের কাছেই খারাপ লাগে।
আজ রাতেই খুব বড় কোনো পরিবর্তন করতে হবে না। শুধু ঘড়ির দিকে তাকিয়ে নিজেকে একটা প্রশ্ন করুন, “আমি এখনো জেগে আছি কেন?” সত্যিই কি কোনো প্রয়োজন আছে? নাকি আবারও এমন কিছু আমার রাত নিয়ে যাচ্ছে, যা আমার দুনিয়াতেও খুব একটা কাজে আসবে না, আখিরাতেও নয়?
হয়তো সুন্নাহ অনুযায়ী জীবন গড়া সবসময় বড় কোনো কাজ দিয়ে শুরু হয় না। কখনো সেটা শুরু হয় খুব সাধারণ একটি সিদ্ধান্ত দিয়ে, সময়মতো ফোনটা রেখে দেওয়া, ইশার পর রাতটাকে শান্ত করা, ঘুমের আগে আল্লাহকে স্মরণ করা, আর এমনভাবে বিশ্রাম নেওয়া যেন ফজর আবার আমাদের সকালের সুন্দর শুরু হতে পারে।
আল্লাহ আমাদের রাতের মধ্যে প্রশান্তি, ঘুমের মধ্যে বরকত এবং ফজরের সঙ্গে সুন্দর সম্পর্ক দান করুন। আমিন।
মন্তব্য করুন