মূল লেখায় যান

Study Room লেখা

দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষার আড়ালে জীবনের উদ্দেশ্য হারানো

বিষয়: ·

পোস্টটা একটু কষ্ট হলেও পুরোটা পড়বেন ইন শা আল্লাহ…… ভাই-বোন সবার জন্যই, আশা করছি শয়তানের সূক্ষ্ম ফাদ সম্পর্কে সামান্য ধারণা পাবেন

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন ভালো জীবন বলতে অনেক কিছুর সমষ্টি বোঝানো হয়। ভালো পড়াশোনা, একের পর এক qualification, নিজের পরিচয়, অর্থনৈতিক সক্ষমতা, ব্যবসা, সামাজিক প্রভাব, দীনী ইলম, উম্মাহর জন্য কাজ, সুন্দর পরিবার। একজন মুসলিমও এগুলো চাইতে পারেন। এর অনেকগুলোই হালাল, অনেকগুলো সঠিক নিয়তে সওয়াবের কাজও হতে পারে। কিন্তু একজন মুমিনের জীবন বোঝার জন্য শুধু একটি প্রশ্ন যথেষ্ট নয় যে, “কাজটি হালাল কি?” আরও গভীর প্রশ্ন হলো, “আমার জীবনে এর স্থান কোথায়? আমি এটা কেন চাই? আর এটি আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে?”

আল্লাহ মানুষের জীবনের মূল উদ্দেশ্য আগেই নির্ধারণ করে দিয়েছেন: “আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।” সূরা আয যারিয়াত, ৫১:৫৬। আবার রাসূল ﷺ কে বলতে বলা হয়েছে, “নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব।” সূরা আল আন‘আম, ৬:১৬২। অর্থাৎ একজন মুমিনের জীবনে দীন আরেকটি বিভাগ নয়। পুরো জীবনটাই আল্লাহর অধীন। পড়াশোনা, অর্থ, বিয়ে, পরিবার, ব্যবসা, প্রতিভা, সামাজিক কাজ সবকিছুই সেই একটি উদ্দেশ্যের অধীনে থাকবে।

সমস্যা এখানেই খুব সূক্ষ্ম হয়ে যায়। মানুষ সবসময় প্রকাশ্যে দুনিয়ার জন্য আখিরাতকে ছেড়ে দেয় না। কখনো সে নিজের দুনিয়াবি ambition গুলোর জন্যও সুন্দর সুন্দর দ্বীনি ব্যাখ্যা খুঁজে পায়। আরও পড়তে হবে, কারণ শিক্ষিত মুসলিম দরকার। আরও প্রতিষ্ঠিত হতে হবে, কারণ মুসলিমরা পিছিয়ে থাকতে পারে না। সম্পদশালী হতে হবে, কারণ উম্মাহকে শক্তিশালী হতে হবে। ব্যবসা করতে হবে, কারণ হালাল অর্থনীতির প্রয়োজন। কথাগুলোর প্রত্যেকটির মধ্যে সত্য থাকতে পারে। কিন্তু মু’মিন নিজের নফসকে এত সহজে ছাড় দেয় না। সে প্রশ্ন করে, “এই কারণগুলো কি সত্যিই আমার সিদ্ধান্ত তৈরি করেছে, নাকি সিদ্ধান্তটা আমার নফস আগেই নিয়েছে, এখন আমি তার ওপর দ্বীনি ভাষা বসাচ্ছি?” প্রশ্নটা কয়েকবার পড়ুন, নিজেকে নিয়ে ভাবুন, বারবার ভাবুন…..

শরীয়ত আমাদের শুধু ভালো কাজের সংখ্যা বাড়াতে শেখায়নি, একদমই না। শরীয়ত শিখিয়েছে হকের স্তর, দায়িত্বের স্তর এবং অগ্রাধিকারের স্তর । কোনো কাজ ফরজ, কোনোটি ওয়াজিব দায়িত্বের অন্তর্ভুক্ত, কোনোটি নফল, কোনোটি মুবাহ। তাই একটি মুবাহ বা প্রশংসনীয় ambition যদি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে নিশ্চিত কোনো হক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন শুধু “আমার নিয়ত তো ভালো” বললেই সমস্যার সমাধান হয় না।

সহিহ আল বুখারির একটা হাদিস বলি আপনাদের, ১৯৬৮ নাম্বার, সালমান (রা) আবু দারদা(রা) কে বলেছিলেন, “তোমার রবের তোমার ওপর হক আছে, তোমার নিজের তোমার ওপর হক আছে এবং তোমার পরিবারেরও তোমার ওপর হক আছে। তাই প্রত্যেক হকদারকে তার হক দাও।” রাসূল ﷺ এ কথা শুনে বলেছিলেন, সালমান সত্য বলেছে।

এই হাদিসে ইসলামের balance খুব easily বোঝা যাচ্ছে। Balance মানে প্রতিটি দিকে সমান সময় দেওয়া নয়। Balance মানে যার যে হক, সেই হককে তার শরঈ মর্যাদা অনুযায়ী দেওয়া।

এ কারণেই সব ভালো সুযোগ গ্রহণ করাই সবসময় হিকমাহ নয়। একাধিক ভালো কাজ সামনে এলে কখনো সিদ্ধান্ত নিতে হয়, কোনটা এখন আমার ওপর বেশি দাবি রাখে। কখনো পড়াশোনার সময় পড়াশোনাই priority। কখনো দীনী ইলম। কখনো অসুস্থ বাবা মা। কখনো স্বামী বা স্ত্রী। কখনো ছোট সন্তানের তরবিয়াহ। কখনো সমাজের প্রয়োজন। একজন পরিণত মুমিনের প্রশ্ন তাই আমি আর কত কিছু করতে পারি? নয়। প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে বেশি কোন আমানতটির হক চান?

এখানে আমাদের “দুনিয়া আখিরাত balance” কথাটাকেও নতুন করে বুঝতে হয়।

কারূনকে দেওয়া নসিহতের মধ্যে আল্লাহ বলেন, “আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের আবাস অন্বেষণ করো এবং দুনিয়ায় তোমার অংশ ভুলে যেয়ো না।” সূরা আল কাসাস, ২৮:৭৭। এই আয়াতের সরাসরি প্রেক্ষাপট কারূন, কিন্তু এর মধ্যে একটি গভীর শিক্ষা আছে: আল্লাহর দেওয়া সামর্থ্যকে আখিরাতের দিকে পরিচালিত করা, দুনিয়ার বৈধ অংশকে অস্বীকার না করা। ইসলাম আমাদের দুনিয়া ত্যাগ করতে বলেনি; আবার দুনিয়াকে ultimate destination ও বানায়নি।

এই পার্থক্যটাই রাসূলুল্লাহ ﷺ এর জীবনে সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায়।রাসূল ﷺ দুনিয়ার দায়িত্বের ব্যাপারে উদাসীন ছিলেন না। তিনি স্বামী ছিলেন, পিতা ছিলেন, নেতা ছিলেন, বিচার করেছেন, মানুষের অধিকার আদায় করেছেন, সমাজ পরিচালনা করেছেন। কিন্তু তিনি দুনিয়ার মোহের ব্যাপারে অনাসক্ত ছিলেন। তাঁর যুহদ দায়িত্ব ছেড়ে পালানো ছিল না, দুনিয়াকে হৃদয়ের মালিক হতে না দেওয়া ছিল।

একবার তাঁর শরীরে চাটাইয়ের দাগ দেখে আরামের ব্যবস্থা করার কথা বলা হলে তিনি দুনিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে একজন পথিকের সঙ্গে তুলনা করেছিলেন, যে গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলে যায়। জামে আত তিরমিযি, ২৩৭৭। অর্থাৎ দুনিয়ায় থাকা হবে, প্রয়োজন ব্যবহার করা হবে, দায়িত্ব পালন করা হবে, কিন্তু হৃদয় ভুলে যাবে না যে এখানে স্থায়ী হওয়ার জন্য আসিনি।

এই জায়গাটা আজ আমাদের জন্য ভয়ংকরভাবে প্রাসঙ্গিক।আমরা হয়তো বলছি, আরেকটা degree শেষ করি। তারপর আরেকটা qualification। তারপর career একটু স্থির হোক। তারপর income। তারপর business। তারপর নিজের একটা platform। তারপর financial security। তারপর আরও কিছু। জীবনের প্রতিটি ধাপেরই যুক্তি আছে। কিন্তু একসময় যদি কেউ প্রশ্ন করে, “তারপর?” তখন হয়তো উত্তরটা আমাদের কাছেও পরিষ্কার থাকে না।

আরও অর্জন। আরও নিরাপত্তা। আরও সক্ষমতা। আরও আরও আরও… নিজের নাফসের পূজারি হয়ে যাচ্ছেন, কারন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা এত “আরও” চায়নিতো
এই “আরও, আরও, আরও” কি আমাদের সত্যিই প্রয়োজন, নাকি নফস এমন একটি দৌড় তৈরি করেছে যার শেষ আমরা নিজেরাও জানি না? ঠিক কতটুকু হলে যথেষ্ট? ভাই ঠিক কতটুকু হলে যথেষ্ট বলেনতো?

কুরআন দুনিয়ার জীবনের একটি বৈশিষ্ট্য হিসেবে পারস্পরিক গর্ব এবং সম্পদ ও সন্তান বৃদ্ধির প্রতিযোগিতার কথা বলেছে। সূরা আল হাদীদ, ৫৭:২০। আজ প্রতিযোগিতার ভাষা বদলেছে। এখন সেটি হতে পারে degree, career title, income, productivity, followers, প্রতিষ্ঠানের সংখ্যা, নিজেকে establish করা। বাহ্যিক রূপ বদলালেও অন্তরের তাড়না একই হতে পারে…আরও হতে হবে।

এখানে নারীদের প্রসঙ্গেও খুব ভারসাম্য দরকার। একজন নারী পড়াশোনা করবেন, দক্ষতা অর্জন করবেন, হালাল ব্যবসা করবেন বা উপার্জন করবেন, এগুলো দেখেই তাকে কোনো ideology দিয়ে label করা ন্যায়সঙ্গত নয়। ইসলামে নারীর নিজস্ব সম্পদের অধিকার রয়েছে। কিন্তু অন্যদিকে আধুনিক সমাজের একজন নারীকে অবশ্যই এমনভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে যেন কারও প্রয়োজন হওয়া তার দুর্বলতা, এই ব্যপারকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়। সেই ধারণার কিছু অংশ অজান্তেই মুসলিমদের চিন্তাতেও ঢুকে গিয়েছে

মুমিনের worldview চূড়ান্ত autonomy-র ওপর দাঁড়ানো নয়। পরিবারে মানুষ পরস্পরের প্রয়োজন হয়। স্বামী স্ত্রীর প্রয়োজন হয়, স্ত্রীর স্বামীর প্রয়োজন হয়। আল্লাহ দাম্পত্যকে শুধু economic partnership হিসেবে বর্ণনা করেননি; সেখানে রেখেছেন সাকীনা, মাওয়াদ্দাহ ও রহমাহ, প্রশান্তি, ভালোবাসা ও দয়া। সূরা আর রূম, ৩০:২১।

আর আর বিয়ে হলে শুধু একই ঘরে থাকা দিয়ে দাম্পত্যের হক আদায় হয়ে যায় না। সময় লাগে, মনোযোগ লাগে, মানসিক উপস্থিতি লাগে, পারস্পরিক অধিকার আছে। সন্তান এলে তাদের শরীরের যত্নের পাশাপাশি ঈমান, আদব, চরিত্র ও নিরাপদ সম্পর্ক গড়ে দেওয়ার আমানতও আসে। রাসূল ﷺ বলেছেন, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এবং নারী তার স্বামীর ঘর ও সন্তানদের বিষয়ে দায়িত্বশীল; প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ আল বুখারি, ৫২০০।
কিন্তু এখানেই আরেকটি সূক্ষ্ম ফাঁদ তৈরি হতে পারে। আমরা কখনো বিয়েকে এমনভাবে পিছিয়ে দিতে থাকি যেন জীবনের সব পড়াশোনা, qualification, career, income, business এবং ব্যক্তিগত পরিকল্পনা আগে শেষ করতে হবে, তারপর বিয়ে। জায়গাটা শুধু ছেলেদের প্রসঙ্গে আটকে রাখলে বক্তব্য অসম্পূর্ণ হবে। সহিহ বুখারি ৫০৬৬-এর সরাসরি সম্বোধন তরুণ পুরুষদের দিকে সামর্থ্য থাকলে বিয়ে করতে বলা হয়েছে, কারণ তা দৃষ্টি সংযত ও পবিত্রতা রক্ষায় সহায়ক।
কিন্তু এই আলোচনা শুধু তরুণ পুরুষদের জন্য নয়। আজ অনেক তরুণীও এমন এক দৌড়ে ঢুকে পড়ছেন, যেখানে আগে degree শেষ করতে হবে, তারপর higher study, তারপর career, তারপর income, তারপর “নিজের পায়ে দাঁড়ানো”, তারপর হয়তো বিয়ে। প্রতিটি ধাপ আলাদাভাবে বৈধ হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, বিয়েকে কি আমরা বাস্তব কোনো প্রয়োজনের কারণে পিছিয়ে দিচ্ছি, নাকি দুনিয়ার ambition শেষ না হওয়া পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহকে waiting list-এ রেখে দিচ্ছি?
মুমিনের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত শুধু “আমি আর কত কিছু অর্জন করতে পারি?” নয়; বরং “আল্লাহ আমার দীন, পবিত্রতা ও আখিরাত সহজ করার জন্য যে পথ খুলে দিয়েছেন, আমি কি সেটাকে দুনিয়ার পরিকল্পনার নিচে চাপা দিচ্ছি?

তাই প্রশ্নটা শুধু “এখন বিয়ে করব কি না” নয়। প্রশ্ন হলো, আমি কি কোনো বাস্তব শরঈ বা ব্যক্তিগত প্রয়োজনের কারণে অপেক্ষা করছি, নাকি দুনিয়ার একের পর এক ambition শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহকে জীবনের বাইরে রেখে দিচ্ছি? যদি দ্বিতীয়টা হয়, তাহলে নিজের priorities নতুন করে দেখা দরকার।
একজন মুমিনের চিন্তা হওয়া উচিত, আল্লাহ তার দীন, পবিত্রতা ও আখিরাতকে সহজ করার জন্য যে পথগুলো খুলে দিয়েছেন, সেগুলোকে কীভাবে গ্রহণ করা যায়। জীবনের প্রতিটি halal স্বপ্ন পূরণ করে তারপর দীনকে জায়গা দেওয়া নয়…বরং দীনই ঠিক করবে কোন স্বপ্ন কখন, কতটুকু এবং কোন শর্তে অনুসরণ করা হবে।

আবার আরেকটা বিষয় “আমি সবই করব, সবই manage করে নেব” বাক্যটিও নিজে থেকে উত্তর নয়। প্রশ্ন হলো, সবকিছু করতে গিয়ে প্রত্যেক হক কি সত্যিই তার প্রাপ্যটা পাবে?

একই বিচার পুরুষের ক্ষেত্রেও। কোনো পুরুষ যদি business, career, dawah বা wealth building নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে স্ত্রী তার সময় পায় না, সন্তান বাবাকে পায় না, পরিবার তার উপস্থিতি পায় না, তখন “আমি তো পরিবারের জন্যই করছি” বাক্যটাও পরীক্ষা করা দরকার। অনেক সময় আমরা যাদের জন্য দুনিয়া অর্জন করছি, দুনিয়া অর্জন করতে করতেই তাদের হক হারিয়ে ফেলি।

আর মুসলিম উম্মাহর ধনী হওয়া দরকার কথাটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনকে নির্দেশ করতে পারে। উম্মাহর সৎ ব্যবসায়ী দরকার, অর্থনৈতিক শক্তি দরকার, সম্পদশালী দাতা দরকার। কিন্তু এখান থেকে এই সিদ্ধান্ত আসে না যে প্রত্যেক মুসলিমের ব্যক্তিগত লক্ষ্যই ধনী হওয়া হওয়া উচিত। উম্মাহর একজন আলিমও প্রয়োজন, একজন শিক্ষকও প্রয়োজন, একজন সৎ ব্যবসায়ীও প্রয়োজন, একজন মনোযোগী বাবা প্রয়োজন, একজন সচেতন মা প্রয়োজন, এমন ঘরও প্রয়োজন যেখান থেকে ঈমানদার পরবর্তী প্রজন্ম বের হবে।

উম্মাহর সব শূন্যস্থান একজন মানুষকে পূরণ করতে হবে না।কখনো একজন মায়ের কয়েকটি সন্তানকে আল্লাহমুখী মানুষ হিসেবে গড়ে তোলা এমন একটি contribution হতে পারে যার কোনো public profile নেই। কোনো স্ত্রী বা স্বামী এমন একটি ঘর গড়ে তুলতে পারেন যেখানে দুজন একে অপরকে জান্নাতের দিকে সাহায্য করেন। আবার কেউ পরিবারে হক বজায় রেখেই বড় প্রতিষ্ঠান, ব্যবসা বা দীনী কাজ করতে পারেন। ইসলাম সবার জীবনকে এক ছাঁচে ঢোকায় না।

কিন্তু ইসলাম একটি প্রশ্ন সবার সামনে রাখে: আল্লাহর দেওয়া হক ও দায়িত্বের ওপর কি আমার ব্যক্তিগত ambition উঠে যাচ্ছে?

আমরা যে দু‘আটি এত ভালোবাসি, সেটাও এখানে গভীরভাবে ভাবা দরকার:
“রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান নার।”
“হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।”
সূরা আল বাকারা, ২:২০১।

এখানে আমরা শুধু “দুনিয়া” চাই না। চাই দুনিয়ার হাসানাহ, সত্যিকারের কল্যাণ। মুফাসসিরগণ এর মধ্যে হালাল রিজিক, উপকারী জ্ঞান, সুস্থতা, নেক আমল, সৎ পরিবারসহ বিস্তৃত কল্যাণের অর্থ উল্লেখ করেছেন। অর্থাৎ যে জিনিস দেখতে achievement, সেটাই সবসময় আমার জন্য “হাসানাহ” হবে এমন নয়। এমন কিছু পাওয়া সম্ভব যা আমি বহু বছর চেয়েছি, অথচ সেটিই আমার হৃদয়কে আল্লাহ থেকে দূরে নিয়ে গেল। আবার এমন কিছু হারানো সম্ভব, যা পরে আমার আখিরাতের জন্য রহমত প্রমাণিত হলো।

তাই দুনিয়া এবং আখিরাতের balance মানে “দুনিয়ার সব স্বপ্নও পূরণ করব, আখিরাতও ঠিক রাখব” নয়। বরং দুনিয়ার প্রতিটি স্বপ্নকে আখিরাতের আদালতে দাঁড় করানো:

কেন এটা চাই?
এটার জন্য কী হারাচ্ছি?
এর পথে কারও হক নষ্ট হচ্ছে কি?
এটা আমাকে আল্লাহর কাছে নিচ্ছে, নাকি শুধু আমার পরিচয় বড় করছে?
আর আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজন হলে আমি কি এটাকে ছেড়ে দিতে পারব?

কারণ যে স্বপ্ন সত্যিই আল্লাহর অধীন, আল্লাহ চাইলে সেটাকে পিছিয়ে দেওয়া যায়। ছোট করা যায়। অন্য কিছুকে অগ্রাধিকার দেওয়া যায়। এমনকি ছেড়েও দেওয়া যায়।কিন্তু যে স্বপ্ন ধীরে ধীরে আমাদের identity হয়ে গেছে, সেটাকে ছাড়ার কথা উঠলেই মনে হবে, এটা ছাড়া তো আমি আর আমি থাকব না।তখন হয়তো বোঝার সময় এসেছে, আমরা স্বপ্নটাকে বহন করছি না স্বপ্নটাই আমাদের বহন করছে। ওয়াল্লাহি তখনই আপনি দ্বীন ছেড়ে দুনিয়া নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন,যেটা আপনার inner mind আপনাকে বুঝতে দিচ্ছেনা।

স্বপ্ন দেখা বন্ধ করার কথা ইসলাম বলে না। ইলম শিখুন। পড়াশোনা করুন। উপকারী skill অর্জন করুন। প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী halal income করুন। ব্যবসা করুন। উম্মাহর জন্য কাজ করুন। পরিবার গড়ুন। কিন্তু নিজের অন্তরে এমন একটি জায়গা অক্ষত রাখুন, যেখানে কোনো degree, career, business, অর্থ, প্রতিষ্ঠান, এমনকি নিজের তৈরি “দীনী পরিচয়”ও আল্লাহর চেয়ে বড় হয়ে উঠতে পারবে না।

কারণ শেষ পর্যন্ত আমাদের জিজ্ঞেস করা হবে না, পৃথিবীতে এসে আমরা সম্ভাব্য কতগুলো achievement unlock করতে পেরেছিলাম।আমাদের হিসাব হবে, যে জীবনটা আল্লাহ দিয়েছিলেন, সেটাকে আমরা কার জন্য ব্যয় করেছিলাম।আর সম্ভবত সত্যিকারের দুনিয়া আখিরাতের balance শুরু হয় তখনই, যখন মানুষ বলতে পারে:
“ইয়া আল্লাহ, আমার স্বপ্নগুলো আমার রব নয়। আমার রব আপনি। আমার কোনো হালাল স্বপ্নও যদি আপনার সন্তুষ্টির পথে বাধা হয়ে দাঁড়ায়, আমাকে সেটাকে তার সঠিক জায়গায় নামিয়ে রাখার তাওফীক দিন।”

দুনিয়া হাতে থাকুক।

হৃদয়ের গন্তব্য যেন জান্নাতই থাকে। দুনিয়াতে এসছি জান্নাত পেতে, জান্নাত হারাতে নয়।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।