জ্বর ১০৩। শরীর কাঁপছে। উঠে বসতেই মাথা ঘুরছে। হাসপাতালে হাতে ক্যানুলা, পাশে স্যালাইন চলছে। তখন খুব স্বাভাবিকভাবেই মনে হয়, “আজ নামাজটা থাক… সুস্থ হলে আবার ঠিকমতো পড়ব।”
কিন্তু অসুস্থ অবস্থার সালাত নিয়ে ইসলামের শিক্ষা জানলে হয়তো কথাটা আর এভাবে ভাববেন না। কারণ ইসলাম অসুস্থ মানুষকে বলে না, “সুস্থ মানুষের মতোই সব করতে হবে।” আবার এটাও বলে না, “পারছ না, তাই সালাত ছেড়ে দাও।” বরং এমন এক সহজতার দরজা খুলে দেয়, যেখানে সালাত থাকে, কিন্তু আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী তার পদ্ধতি বদলে যায়।
ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় সালাত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করেছিলেন। তিনি বললেন,
“দাঁড়িয়ে সালাত আদায় করো। তা না পারলে বসে। তাও না পারলে কাত হয়ে।”
সহিহ আল বুখারি, ১১১৭
খেয়াল করুন, নবী ﷺ বলেননি, “দাঁড়াতে না পারলে পরে পড়ে নিও।” তিনি সঙ্গে সঙ্গে পরের সক্ষম অবস্থায় নিয়ে গেছেন।
দাঁড়াতে পারছেন? দাঁড়িয়ে পড়ুন।
দাঁড়াতে পারছেন না? বসুন।
বসতেও পারছেন না? কাত হয়ে পড়ুন।
অর্থাৎ অসুস্থতার সময় প্রশ্নটা শুধু “আমি আগের মতো সালাত পড়তে পারছি কি না” নয়। আসল প্রশ্ন হলো, “আমি এখন যতটুকু পারছি, ততটুকু দিয়ে আল্লাহর সামনে কীভাবে দাঁড়াব?”
আমাদের অনেকের ভুলটা এখানেই। আমরা সালাতকে যেন একটা fixed physical package ভাবি। দাঁড়ানো, রুকু, সিজদা সব স্বাভাবিকভাবে করতে পারলাম তো সালাত পড়ব। একটা অংশও না পারলে মনে হয় পুরো সালাতটাই আর সম্ভব নয়।
অথচ আল্লাহ বলেন,
“তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো।”
সূরা আত তাগাবুন, ৬৪:১৬
আর আল্লাহ বলেন,
“আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।”
সূরা আল বাকারা, ২:২৮৬
ধরুন আপনি দাঁড়াতে পারেন, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যায় বা শরীর ভেঙে পড়ে। ফরজ সালাতে যতটুকু দাঁড়ানো সম্ভব ততটুকু দাঁড়াবেন, এরপর প্রয়োজন অনুযায়ী বসে আদায় করবেন। মূলনীতি হলো, যেটা করতে সত্যিই সক্ষম, সেটা করবেন। যেটা সক্ষমতার বাইরে চলে গেছে, সেখানে শরিয়তের রুখসত গ্রহণ করবেন।
হয়তো হাঁটুর operation হয়েছে। নিচে নামলে প্রচণ্ড ব্যথা। হয়তো কোমরের সমস্যা, সিজদায় গেলে ক্ষতির আশঙ্কা। তখন “আমি সিজদা করতে পারছি না, তাই সালাতই হবে না” এমন নয়।
আপনি যদি বসে সালাত পড়তে পারেন এবং স্বাভাবিক রুকু ও সিজদা করতে পারেন, তাহলে যতটুকু সম্ভব স্বাভাবিকভাবেই করবেন। আর প্রকৃত রুকু বা সিজদা সত্যিই সম্ভব না হলে সামর্থ্য অনুযায়ী মাথা বা শরীর ঝুঁকিয়ে ইশারা করবেন, সিজদার ঝোঁক রুকুর চেয়ে বেশি হবে।
আর যদি বসাও সম্ভব না হয়?
হয়তো surgery হয়েছে। ডাক্তার পাশ ফিরে থাকতে বলেছেন। হয়তো spinal injury, severe weakness বা অন্য কোনো কারণে বিছানা থেকে ওঠাই যাচ্ছে না।
তবুও হাদিসের বাকিটা আছে:
“…বসে না পারলে কাত হয়ে।”
এই জায়গাটা ভাবলে সত্যিই অন্যরকম লাগে। শরীর হয়তো বিছানায় আটকে গেছে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে বিছানায় আটকে রাখতে হয়নি।
আপনি উঠে যেতে পারছেন না। মসজিদে যেতে পারছেন না। জায়নামাজ বিছাতে পারছেন না। হয়তো নিজের হাতে পানি পর্যন্ত নিতে পারছেন না। তবুও আপনার রব জানেন, আপনি কতটুকু পারেন।
এ কারণেই অসুস্থ মানুষের সালাতের বিধান আমার কাছে শুধু একটা ফিকহের মাসআলা মনে হয় না। এর ভেতরে মমতাও আছে।
আপনাকে বলা হচ্ছে না, “যেভাবেই হোক পুরোটা করো।”
আপনাকে বলা হচ্ছে, “যতটুকু পারো, ততটুকু নিয়েই আমার কাছে এসো।”
ওযুর ক্ষেত্রেও একই ধরনের সহজতা আছে। প্রথমে যতটা সম্ভব স্বাভাবিকভাবে পানি দিয়ে ওযু করতে হবে। নিজে করতে না পারলে এবং কেউ সাহায্য করতে পারলে সাহায্য নেওয়া যাবে। কিন্তু পানি ব্যবহার করলে সত্যিকারের ক্ষতির আশঙ্কা থাকে, রোগ বেড়ে যেতে পারে, সুস্থতা বিলম্বিত হতে পারে, চিকিৎসক নিষেধ করেছেন, অথবা বাস্তবে পানি ব্যবহার করা সম্ভব নয়, তখন শরঈ শর্ত পূরণ সাপেক্ষে তায়াম্মুমের সুযোগ আছে।
তাই শুধু একটু অসুবিধা হচ্ছে বলেই সরাসরি তায়াম্মুম নয়। আবার পানির ব্যবহার সত্যিই ক্ষতিকর অথচ “ওযু তো পানিতেই করতে হবে” ভেবে নিজের ক্ষতি করাও ইসলামের শিক্ষা নয়।
কিবলার ক্ষেত্রেও যতটা সম্ভব চেষ্টা করবেন। নিজে ফিরতে না পারলে কেউ সাহায্য করতে পারলে সাহায্য নেবেন। কিন্তু শরীরের অবস্থার কারণে দিক পরিবর্তন করাই সম্ভব না হলে, সামর্থ্য অনুযায়ী যেভাবে আছেন সেভাবেই সালাত আদায় করবেন।
এখন একটু নিজের জীবনে ফিরুন।
কখনো কি জ্বর এসেছে বলে নামাজ বাদ দিয়েছেন?
Migraine এত বেশি ছিল যে ভেবেছেন, “এখন পড়া যাবে না।”
Pregnancy তে শরীর এত দুর্বল ছিল যে দাঁড়িয়ে সালাত পড়া কঠিন, অথচ কেউ বসে কীভাবে পড়তে হয় শেখায়নি?
অথবা delivery এর পর নিফাস শেষ হয়ে পবিত্র হয়েছেন, কিন্তু শরীর তখনো এত দুর্বল যে দাঁড়ানো কষ্টকর, অথচ মনে হয়েছে “আগের মতো না পারলে নামাজ হবে না”?
এখানে অবশ্যই মনে রাখতে হবে, নিফাস চলাকালে নারী সালাত আদায় করবেন না। নিফাস শেষ হয়ে পবিত্র হলে গোসল করে আবার সালাত শুরু করবেন। তারপর শারীরিক দুর্বলতা থাকলে সামর্থ্য অনুযায়ী বসে বা প্রয়োজন হলে শুয়ে সালাতের রুখসত প্রযোজ্য হবে।
হাসপাতালে থেকেও হয়তো মনে হয়েছে, saline, catheter, monitor, bed, dressing সবকিছুর মধ্যে নামাজ কীভাবে সম্ভব?
হয়তো পরিবারের কোনো বৃদ্ধ মানুষ বিছানায় পড়ে আছেন। তিনি বলেন, “বাবা, আমি তো আর দাঁড়াতে পারি না। আমার নামাজ কীভাবে হবে?”
আর আমরা মায়া করে বলি, “আপনি অসুস্থ, আল্লাহ মাফ করবেন।”
কথাটার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সবসময় সঠিক জ্ঞান নেই।
অসুস্থতা অনেক দায়িত্ব সহজ করে দেয়। কিন্তু সচেতন অবস্থায় সাধারণভাবে সালাতকে পুরোপুরি অদৃশ্য করে দেয় না। বরং সালাতের পদ্ধতি সামর্থ্য অনুযায়ী বদলে যায়।
তবে এটাও blanket rule নয়। কেউ যদি অচেতন থাকেন, মানসিক সক্ষমতা না থাকে, anesthesia বা চিকিৎসাজনিত কারণে দীর্ঘসময় consciousness না থাকে, তখন আলাদা ফিকহি বিধান আসে। তাই জটিল অবস্থায় নিজের মতো সিদ্ধান্ত না নিয়ে exact condition একজন নির্ভরযোগ্য আলেমকে জানিয়ে মাসআলা জেনে নেওয়াই নিরাপদ।
একইভাবে cast, bandage, wound, catheter, dialysis, continuous bleeding, operation dressing, oxygen support কিংবা এমন medical condition যেখানে ওযু বা সালাতের নিয়ম নিয়ে দ্বিধা হয়, তখন শুধু “আমি অসুস্থ” বললে যথেষ্ট detail পাওয়া যায় না। কারও সমস্যা পানিতে, কারও movement এ, কারও consciousness এ, কারও bleeding এ। বিধানের detailও সে অনুযায়ী বদলাতে পারে।
কিন্তু মূল নীতিটা খুব সহজ:
দাঁড়াতে পারলে দাঁড়িয়ে।
না পারলে বসে।
বসতে না পারলে কাত হয়ে।
যে অংশ যতটুকু সম্ভব, ততটুকু সামর্থ্য অনুযায়ী।
হয়তো আমরা অসুস্থতার সময় সালাতকে আরেকটা burden মনে করি। অথচ সেই সময় সালাতই কখনো আশ্রয় হয়ে যায়।
হাসপাতালের আলো নিভে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে। শরীর ব্যথায় ভরা। ঘুম আসছে না। আপনি বিছানায় কাত হয়ে আছেন।
সেই অবস্থাতেও আপনি বলতে পারেন,
আল্লাহু আকবার।
হয়তো অসুস্থতার কারণে আজ মাটিতে সিজদা করা আপনার পক্ষে সত্যিই সম্ভব নয়। তখন শরিয়ত আপনার সামর্থ্য অনুযায়ী ইশারায় সালাতের সুযোগ দেয়। আপনার শরীর যতটুকু পারে, আপনি ততটুকুই করবেন।
আমরা অনেক সময় ভাবি, “ঠিকমতো করতে পারছি না, তাই করেই বা কী লাভ?”
অসুস্থ মানুষের সালাত যেন উল্টো কথাটা শেখায়।
আল্লাহ আপনার কাছে এমন কিছু চান না যা আপনার শরীরের সাধ্যের বাইরে। কিন্তু যে সামর্থ্যটুকু এখনো আছে, সেটুকু দিয়েও তাঁর দিকে ফিরে যাওয়া যায়।
সুস্থ অবস্থায় আপনি দাঁড়িয়ে সালাত পড়তেন। এখন হয়তো chair লাগে। আরও অসুস্থ হলে বিছানা লাগে।
বদলে যাচ্ছে posture।
বদলে যাচ্ছে না কাকে ডাকা হচ্ছে।
তাই আপনার পরিবারে যদি কোনো অসুস্থ মানুষ থাকেন, শুধু ওষুধের সময়টা মনে করিয়ে দেবেন না। খুব কোমলভাবে এটাও শেখান, “আপনি যেভাবে পারেন, সেভাবেই নামাজ পড়তে পারবেন।”
প্রয়োজনে chair এনে দিন। কিবলার দিক বুঝিয়ে দিন। ওযুতে সাহায্য করুন। তায়াম্মুম দরকার হলে সঠিক নিয়ম শিখে দিন। আর medical condition জটিল হলে নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে নির্দিষ্ট মাসআলা জেনে দিন।
কারণ কখনো একজন অসুস্থ মানুষের সবচেয়ে বড় ভয় হয়,
“আমি আর আগের মতো ইবাদত করতে পারছি না।”
তাকে বুঝিয়ে দিন,
আগের মতো না পারা মানে আল্লাহর কাছে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়া নয়।
আল্লাহ আমাদের সুস্থতায় শোকর করার তাওফিক দিন, অসুস্থতায় সবর দিন এবং যে অবস্থাতেই থাকি সালাতের সম্পর্ক যেন হারিয়ে না ফেলি। আমাদের অসুস্থ বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান ও প্রিয়জনদের পূর্ণ শিফা দান করুন এবং তাদের জন্য দ্বীনকে সহজ করে দিন। আমিন।
📌 পরিবারের এমন কাউকে এই লেখাটি পাঠিয়ে রাখুন যিনি বয়স, অসুস্থতা বা operation এর কারণে মনে করেন, “আমি আর ঠিকমতো নামাজ পড়তে পারি না।” হয়তো শুধু এইটুকু জানা তাঁর অনেক দিনের একটি ভয় দূর করে দেবে।
মন্তব্য করুন