মূল লেখায় যান

Study Room লেখা

তাশাহহুদে সালিহ বান্দাদের জন্য সালাম

বিষয়: · ·

আজকে আরেকটা মজার বিষয় শেয়ার করি। গত দুদিনে ছোট ছোট দুটো বিষয় শেয়ার করেছিলাম। আজকেরটাও খুব ছোট একটা বিষয়, কিন্তু ঠিকমতো বুঝলে হয়তো আপনার অনুভূতিটাই বদলে যাবে।

আমরা প্রায়ই মানুষের কাছে দু‘আ চাই। বলি, “ভাই, আমার জন্য দু‘আ করবেন”, “খাস করে দু‘আ করবেন”, “দু‘আয় মনে রাখবেন।” মানুষও বলে, “ইন শা আল্লাহ।” কিন্তু পরে সত্যিই মনে থাকে কি না, দু‘আ করেন কি না…. আল্লাহই ভালো জানেন।

কিন্তু এমন একটা ব্যাপার আছে, যেখানে আপনাকে কাউকে আলাদা করে বলতে হবে না “আমার জন্য দু‘আ করবেন।” আপনি যদি একটি বিশেষ শ্রেণির মানুষের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে পৃথিবীর অসংখ্য নামাজি মানুষ প্রতিদিন তাদের সালাতে আপনার জন্য সালাম ও শান্তি কামনা করবেন। একবার না, দুবারও না। একজন মানুষ শুধু পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করলেই দিনে ৯ বার এমন একটি বাক্য বলেন, যার মধ্যে আপনিও অন্তর্ভুক্ত হতে পারেন।

কীভাবে?

আমরা সবাই সালাতে তাশাহহুদ পড়ি। দুই রাকাতের সালাতে একবার, আর তিন ও চার রাকাতের সালাতে দুইবার। তাশাহহুদের মধ্যে আমরা বলি—

السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
“আসসালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস সালিহীন।”

অর্থাৎ, “শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আল্লাহর সালিহ বান্দাদের ওপর।”

এবার বুঝলেন? আপনি যদি আল্লাহর সালিহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে পৃথিবীর যেখানেই কোনো মুসলিম সালাতে বসে এই বাক্যটি বলছেন, সেই সালামের মধ্যে আপনিও অন্তর্ভুক্ত হচ্ছেন।

সুবহানাল্লাহ।

শুধু একজন মানুষের হিসাব করুন। ফজরে একবার, যোহরে দুইবার, আসরে দুইবার, মাগরিবে দুইবার, ইশায় দুইবার। মোট ৯ বার। এবার ভাবুন, পৃথিবীর কত মানুষ প্রতিদিন সালাত আদায় করছেন। কত মসজিদে, কত ঘরে, কত দেশে—মানুষ বারবার বলছে, “শান্তি বর্ষিত হোক আল্লাহর সালিহ বান্দাদের ওপর।”

তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। শুধু honest হলেই যথেষ্ট নয়। সততা অবশ্যই সালিহ মানুষের বড় গুণ, কিন্তু “সালিহ” হওয়া আরও বিস্তৃত। আল্লাহর আনুগত্য করা, সালাতের হিফাজত করা, হালাল-হারামের ব্যাপারে সচেতন থাকা, মানুষের হক নষ্ট না করা, সত্যবাদী ও আমানতদার হওয়া, ভুল হলে তাওবা করে ফিরে আসা সবই এর অংশ।

তাই মানুষের কাছে শুধু দু‘আ চাওয়ার পাশাপাশি নিজের জন্য আরেকটা দু‘আ করতে পারেন—“হে আল্লাহ, আমাকে আপনার সালিহ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন।” কারণ তখন হয়তো এমন অসংখ্য মানুষের সালামের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হবেন, যাদের আপনি কখনো দেখেননি, চিনেনও না।

আজ থেকে তাশাহহুদের এই লাইনটা পড়ার সময় একটু অর্থটা মনে করবেন। “আসসালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস সালিহীন।” আর চেষ্টা করবেন—আমিও যেন সত্যিই সেই ‘ইবাদিল্লাহিস সালিহীন’-এর একজন হতে পারি।

আল্লাহ আমাদের তাঁর সালিহ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।