আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন। রমযানে রোজা রাখেন। হারাম খাবার থেকে বাঁচেন। মদ পান করেন না। তাহলে কি এখানেই একজন মুসলিমের দায়িত্ব শেষ?
প্রশ্নটা একটু অস্বস্তিকর হতে পারে। কারণ আমরা অনেক সময় দ্বীনকে এমন কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, যেগুলো বাইরে থেকে সহজে দেখা যায়।
কে নামাজ পড়ে, কে রোজা রাখে, কে হালাল হারাম নিয়ে সতর্ক, কে কোন নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে এগুলো চোখে পড়ে। তাই অজান্তেই আমাদের মাথায় “ভালো মুসলিম” হওয়ার একটা দৃশ্যমান তালিকা তৈরি হয়ে যায়।
একটা কথা শুরুতেই পরিষ্কার হওয়া দরকার।
এগুলোর কোনোটাই ছোট নয়। পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। রমযানের সিয়াম ফরজ। হারাম থেকে বেঁচে থাকা অপরিহার্য। কথা হলো, ইসলাম এখানেই শেষ হয়ে যায় না।
কারণ এমনও তো হতে পারে, একজন মানুষ সালাত ঠিক রাখছেন, অথচ ঘরের মানুষ তার রাগকে ভয় পায়।
রোজা রাখছেন, কিন্তু কারও ভুল ক্ষমা করতে পারেন না।
হারাম খাবারের ব্যাপারে খুব সতর্ক, অথচ মানুষের সম্মান নিয়ে কথা বলার সময় সতর্ক নন।
বাইরে খুব সুন্দরভাবে কথা বলেন, কিন্তু মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান কিংবা নিজের চেয়ে দুর্বল কারও সঙ্গে আচরণে সেই কোমলতা নেই।
অনেক ইসলামিক কথা জানেন, কিন্তু নিজের ভুল হয়ে গেলে “আমি ভুল করেছি” বলতে ভীষণ কষ্ট হয়।
সমস্যা সালাত, সিয়াম কিংবা হারাম থেকে বাঁচার মধ্যে নয়। সমস্যা তখন, যখন আমরা ভাবতে শুরু করি এগুলোই পুরো ইসলাম।
আল্লাহ কুরআনে নেকিকে শুধু একটি দৃশ্যমান রূপের মধ্যে সীমাবদ্ধ করেননি। তিনি বলেন,
“পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোই নেকি নয়; বরং নেকি হলো আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব ও নবীদের প্রতি ঈমান আনা, প্রিয় সম্পদ আত্মীয়, এতিম, অভাবী ও মুসাফিরদের দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, অঙ্গীকার পূরণ করা এবং কষ্ট ও সংকটে ধৈর্য ধারণ করা…”
সূরা আল বাকারা, ২:১৭৭
খেয়াল করুন, একই আয়াতে ঈমান আছে, সালাত আছে, সম্পদ ব্যয় আছে, মানুষের হক আছে, কথা রাখার বিষয় আছে, আবার ধৈর্যও আছে।
অর্থাৎ ইসলাম মানুষকে শুধু কী করতে হবে শেখায় না। ইসলাম মানুষকে কেমন মানুষ হতে হবে তাও শেখায়।
সালাত তাই শুধু পাঁচটি সময়ের একটি দায়িত্ব নয়। আল্লাহ বলেন,
“নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
সূরা আল আনকাবুত, ২৯:৪৫
এই আয়াতের সামনে নিজের দিকে তাকানোর একটা জায়গা আছে।
আমি পাঁচ ওয়াক্ত সালাত পড়ছি, কিন্তু আমার কথায় মানুষ নিয়মিত আহত হচ্ছে। তখন সমাধান সালাত কমিয়ে দেওয়া নয়। বরং নিজেকে জিজ্ঞেস করা, আমার সালাতের শিক্ষা আমার আচরণ পর্যন্ত পৌঁছাচ্ছে তো?
রোজার ক্ষেত্রেও একই কথা।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, তার শুধু খাবার ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই।
সহিহ আল বুখারি, ১৯০৩।
অর্থাৎ রোজা শুধু পেটকে না খাইয়ে রাখার প্রশিক্ষণ নয়। জিহ্বা, রাগ, আচরণ, প্রবৃত্তি সবকিছুকেই সংযত করার শিক্ষা।
এবার খুব পরিচিত একটা পরিস্থিতির কথা ভাবুন।
কেউ আপনাকে অপমান করল। সঙ্গে সঙ্গে উত্তর দিতে ইচ্ছে করছে। আপনি চাইলে এমন দশটা কথা বলতে পারেন, যা তাকে ভেঙে দেবে।
ঠিক এই মুহূর্তেও ইসলাম আছে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়; বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।”
সহিহ আল বুখারি, ৬১১৪; সহিহ মুসলিম, ২৬০৯।
আপনার ঈমানের একটা অংশ মানুষ দেখে যখন আপনি সালাতে দাঁড়ান।
আর একটা অংশ হয়তো কেউই দেখে না, যখন প্রচণ্ড রাগের মাঝেও আপনি এমন একটা কথা বলা থেকে নিজেকে থামিয়ে দেন, যা বললে অন্য একজনের হৃদয় ভেঙে যেত।
তারপর ধরুন, একটা গুনাহ হয়ে গেল।
আমাদের কেউ কেউ তখন দুই রকম ভুল করি। কেউ গুনাহকে এত হালকা করে ফেলি যে তাওবার প্রয়োজনই অনুভব করি না। আবার কেউ নিজেকে এতটাই শেষ মনে করি যে ভাবি, “আমার মতো মানুষের আর ফেরার সুযোগ নেই।”
কিন্তু আল্লাহ বলেন,
“হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
সূরা আয যুমার, ৩৯:৫৩
তাই একজন মুসলিম শুধু “আমি কখনো ভুল করি না” এমন মানুষ নয়।
ভুল হয়ে গেলে সে কোথায় ফিরে যায়, সেটাও তার দ্বীনের অংশ।
গুনাহের পর লজ্জা হওয়া। অজুহাত না বানানো। আল্লাহর কাছে ফিরে আসা। আবার চেষ্টা করা।
এগুলো হয়তো বাইরে থেকে কেউ দেখে না। কিন্তু মানুষের ভেতরটা এখানেই বদলায়।
এরপর আসে মানুষের সঙ্গে আচরণ।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“মুসলিম সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।”
সহিহ আল বুখারি, ১০; সহিহ মুসলিম, ৪০।
এই হাদিসটা পড়লে নিজের জীবনের কত পরিচিত দৃশ্য সামনে আসে।
আমার Facebook profile ইসলামিক হতে পারে, কিন্তু আমার comment কি মানুষকে অপমান করে?
আমি অনেক নসীহাহ share করি, কিন্তু বাড়ির মানুষ কি আমার কথায় নিরাপদ?
অন্যের হারাম নিয়ে আমি খুব সচেতন, কিন্তু গীবত, বিদ্রূপ, অপমান, অহংকার আর মানুষের দুর্বলতা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে নিজের জিহ্বাকে কতটা পাহারা দিই?
এখানেও ইসলাম আছে।
এমনকি প্রাণীর প্রতিও আচরণ দ্বীনের বাইরে নয়।
সহিহ হাদিসে এসেছে, একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেয়েছিল। আবার একটি বিড়ালকে আটকে রেখে কষ্ট দেওয়ার কারণে একজন নারীর শাস্তির কথাও এসেছে।
একটু ভাবুন।
একটা অসহায় প্রাণীর সঙ্গে আমি কেমন আচরণ করছি, সেটাও আল্লাহর কাছে অর্থহীন নয়।
কারণ ঈমান যদি হৃদয়কে নরম করে, সেই নরমতা শুধু মানুষের জন্য সংরক্ষিত থাকে না। আল্লাহর সৃষ্টির প্রতিও তার ছাপ পড়ে।
তারপর নিজের শরীর।
অনেক সময় আমরা নিজের শরীরের প্রয়োজনকে এতটাই অবহেলা করি যে মনে হয়, নিজের যত্ন নেওয়া বুঝি পুরোপুরি দুনিয়াবি বিষয়।
সালমান রা. আবু দারদা রা.কে বলেছিলেন,
“তোমার রবের তোমার ওপর হক আছে, তোমার নিজেরও তোমার ওপর হক আছে, তোমার পরিবারেরও তোমার ওপর হক আছে।”
রাসূলুল্লাহ ﷺ শুনে বলেছিলেন,
“সালমান সত্য বলেছে।”
সহিহ আল বুখারি, ১৯৬৮।
এর মধ্যে নিজের প্রয়োজন, বিশ্রাম এবং শরীরের হকও অন্তর্ভুক্ত হয়।
অর্থাৎ ইসলাম এমন ভারসাম্য শেখায়, যেখানে ইবাদত আছে, দায়িত্ব আছে, পরিবার আছে, আবার নিজের ওপর অর্পিত শরীরের হকও আছে।
আর সবচেয়ে নীরব জায়গাটা?
আপনার আর আল্লাহর মধ্যকার একান্ত সম্পর্ক।
যেটা কেউ দেখে না।
আপনি একা হলে আল্লাহকে কতটা মনে করেন?
কষ্ট হলে মানুষের কাছে যাওয়ার পাশাপাশি তাঁর কাছেও সত্যি করে বলেন?
কোনো নিয়ামত পেলে শুধু মুখে নয়, ভেতর থেকেও “আলহামদুলিল্লাহ” অনুভব হয়?
গুনাহের সুযোগ সামনে, কেউ জানবে না। তখন শুধু এই কারণেই থেমে যেতে পারেন কি, “কেউ না দেখলেও আল্লাহ দেখছেন”?
দু‘আ কি শুধু বিপদের সময় মনে পড়ে, নাকি ভালো সময়েও রবের সঙ্গে কথা হয়?
কুরআন কি শুধু পোস্টের আয়াত, নাকি কখনো আমার নিজের জন্যও আয়না হয়ে দাঁড়ায়?
এই জিনিসগুলোর screenshot হয় না।
মানুষ বাহবা দেয় না।
কেউ হয়তো জানবেও না।
কিন্তু অনেক সময় একজন মানুষের ঈমানের গভীরতা এখানেই গড়ে ওঠে।
তাই ভালো মুসলিম হওয়ার অর্থ দৃশ্যমান আমলকে ছোট করে দেখা নয়।
বরং সালাত থাকবে। সিয়াম থাকবে। হালাল হারামের সীমা থাকবে। ফরজকে ফরজ হিসেবেই গুরুত্ব দিতে হবে। আর সেই ইবাদতের প্রভাব ধীরে ধীরে আমার চরিত্র, জিহ্বা, রাগ, তাওবা, সম্পর্ক, দয়া, দায়িত্ববোধ এবং আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্কের মধ্যেও ছড়িয়ে পড়বে।
তখন ইসলাম শুধু জায়নামাজে থাকে না।
ইসলাম থাকে আমি রেগে গেলে কী বলি তার মধ্যে।
টাকা হাতে এলে কীভাবে খরচ করি তার মধ্যে।
ভুল করলে ক্ষমা চাইতে পারি কি না তার মধ্যে।
কারও দুর্বলতা জানলে সেটা ঢেকে রাখি, নাকি ছড়িয়ে দিই তার মধ্যে।
বাড়ির মানুষ আমার কাছ থেকে কেমন ব্যবহার পায় তার মধ্যে।
কেউ দুর্বল বলে তাকে ছোট করি কি না তার মধ্যে।
একটা অসহায় প্রাণীর প্রতি আমার মন নরম হয় কি না তার মধ্যে।
শরীর ক্লান্ত হলে তার প্রয়োজনকে বুঝি কি না তার মধ্যে।
আর গভীর রাতে, কেউ না দেখলে, আমার হৃদয় কোন দিকে ফিরে যায় তার মধ্যেও।
হয়তো এ কারণেই একজন মানুষের দ্বীনকে শুধু বাইরে থেকে দেখে মাপা এত কঠিন।
আমরা বরফখণ্ডের ওপরের অংশটুকু দেখি।
আল্লাহ জানেন তার নিচে কী আছে।
তাই আজ অন্য কারও ইসলাম মাপার আগে নিজের ভেতরে একটু তাকাই।
আমার সালাত আছে, কিন্তু চরিত্র কেমন?
আমার রোজা আছে, কিন্তু জিহ্বা কেমন?
আমি হারাম থেকে বাঁচি, কিন্তু মানুষের হক কতটা বাঁচাই?
আমি আল্লাহর কথা বলি, কিন্তু একা হলে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কেমন?
হয়তো আমাদের নতুন নতুন আমলের তালিকা বানানোর পাশাপাশি আরেকটা কাজও দরকার।
যা ইতিমধ্যে করছি, সেটাকে হৃদয়ের আরও গভীরে নামানো।
কারণ মুসলিম হওয়া শুধু এমন কিছু আমলের নাম নয়, যা মানুষ বাইরে থেকে গুনে ফেলতে পারে।
মুসলিম হওয়া এমন একজন মানুষ হয়ে ওঠার যাত্রা, যার বাহিরেও ইসলাম আছে, আর ধীরে ধীরে ভেতরেও ইসলাম ফুটে ওঠে।
মন্তব্য করুন