মূল লেখায় যান

Study Room লেখা

দাম্পত্যের ভালোবাসা সময়ের সঙ্গে কীভাবে বদলায়?

বিষয়: · ·

বিয়ের শুরুতে যে মানুষটার সঙ্গে রাত শেষ হয়ে যায় কথা বলতে বলতে, কয়েক বছর পর কখনো তার সঙ্গেই কথা শুরু করাটা কঠিন লাগতে পারে। একই ঘরে থাকেন, প্রয়োজনের কথা হয়, বাজার-বাচ্চা-বিল-পরিবার—সব চলছে। কিন্তু আগের সেই “আমাদের কথা” কোথায় যেন হারিয়ে গেছে। তখন মনে হয়, “আমাদের ভালোবাসা কি শেষ হয়ে যাচ্ছে?”

সবসময় না। দাম্পত্য শুধু ভালো লাগার গল্প নয়। দুজন আলাদা মানুষ, আলাদা পরিবার, অভ্যাস, কষ্ট আর প্রত্যাশা নিয়ে একই জীবনে প্রবেশ করার নামও বিয়ে। তাই সম্পর্কের রূপ বদলাবে। সব সংসার একইভাবে বা একই ক্রমে এগোয় না, তবে অনেক দাম্পত্যে নিচের জায়গাগুলো কোনো না কোনোভাবে আসে।

১. উত্তেজনা
শুরুর সময়টায় সবকিছুই সুন্দর লাগে। দীর্ঘ কথা, অপেক্ষা, ভবিষ্যতের পরিকল্পনা—মনে হয়, “এই মানুষটাকে পেলেই সব ঠিক।” কিন্তু এই সময়েই শুধু ভালোবাসার কথা নয়, বাস্তবতার কথাও বলা দরকার। টাকা-পয়সা, পরিবার, দায়িত্ব, সন্তান, কাজ, ব্যক্তিগত সীমারেখা, প্রত্যাশা—এসব নিয়ে নীরব থাকলে পরে এগুলোই বড় সমস্যার কারণ হতে পারে।

২. মানিয়ে নেওয়া
তারপর আপনি বুঝতে শুরু করেন, মানুষটা আপনার মতো নয়। আপনি হয়তো কথা বলে সমস্যা মেটাতে চান, সে চুপ থাকে। আপনি হিসাব করে খরচ করেন, সে সহজভাবে নেয়। তখন মনে হয়, “বিয়ের আগে তো এমন ছিল না!” আসলে সবসময় মানুষ বদলায়নি, অনেক কিছু তখন দেখাই হয়নি। পার্থক্য মানেই ভুল মানুষ নয়। কিছু পার্থক্য বুঝতে হয়, কিছু নিয়ে কথা বলতে হয়, আর কিছু জায়গায় দুজনকেই বদলাতে হয়।

৩. আসল মানুষটাকে দেখা
ধীরে ধীরে দুর্বলতাগুলোও চোখে পড়ে। কে কোন কথায় আহত হয়, কে চাপের সময় রেগে যায়, কে চুপ হয়ে যায়, কার ভেতরে পুরোনো ভয় আছে—এসব সামনে আসে। এখানেই আমরা প্রায়ই জিজ্ঞেস না করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, “ও আমাকে গুরুত্ব দেয় না”, “ও ইচ্ছে করেই এমন করছে।” অথচ অনেক ঝগড়া সত্য থেকে নয়, ভুল ধারণা থেকে শুরু হয়। কখনো শুধু জিজ্ঞেস করুন, “কী হয়েছে? আমি কি কিছু বুঝতে পারিনি?”

৪. সংঘাত
একসময় ছোট বিষয় আর ছোট থাকে না। “তুমি সবসময় এমন করো”, “তুমি আমাকে কখনো বোঝো না”, “তোমার পরিবারের জন্যই সব সমস্যা”—সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে আঘাতটা গিয়ে পড়ে মানুষটার ওপর। এখানেই থামতে হয়। আপনার জীবনসঙ্গী আপনার প্রতিপক্ষ নন। সমস্যাটাই সমস্যা, মানুষটা নয়। ঝগড়ায় নিজের কথা প্রমাণ করা যায়, কিন্তু সেই জয়ের পর যদি মানুষটা আরও দূরে সরে যায়, তাহলে আসলে কে জিতল?

৫. মানসিক চাপ
কখনো একজন শুধু একটু আশ্বাস চায়। সে বলে, “তুমি আমাকে বুঝো না।” অন্যজন সেটা শুনে নেয়, “তুমি খারাপ স্বামী” বা “তুমি খারাপ স্ত্রী।” তারপর শুরু হয় আত্মপক্ষ সমর্থন। একজন কথা শেষ করার আগেই অন্যজন মনে মনে জবাব বানাতে থাকে। কথা হয়, কিন্তু কেউ কাউকে শোনে না। সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না। কখনো সমাধান দেওয়ার আগে মানুষটার কষ্টটা শুনে নেওয়াই বেশি দরকার।

৬. দূরত্ব
এই জায়গাটা সবসময় বড় ঝগড়া দিয়ে শুরু হয় না। অনেক সময় চুপ থাকতে থাকতে হয়। প্রয়োজনের কথা হচ্ছে, বাইরে থেকে সংসারও ঠিকই চলছে, কিন্তু দিনের শেষে এমন কোনো কথা নেই যেটা শুধু আপনাদের দুজনের। কষ্ট আছে, বলা হয় না। অভিমান আছে, তোলা হয় না। দুজনেই ভাবেন, “বললে আবার ঝামেলা হবে।” এই নীরবতা যত দীর্ঘ হয়, দূরত্ব তত স্বাভাবিক মনে হতে শুরু করে।

৭. মেরামত
“সরি” বলা ভালো। কিন্তু একই কষ্ট বারবার দিয়ে প্রতিবার “সরি” বললে একসময় শব্দটার ওজন কমে যায়। ভাঙা বিশ্বাস শুধু কথায় ফেরে না, আচরণে ফেরে। ভুল স্বীকার করা, অজুহাত না দেওয়া, যেটা কষ্ট দিয়েছে সেটা বদলানো, আর সেই পরিবর্তন ধরে রাখা—এগুলোই আসল মেরামত।

৮. বোঝাপড়া
একসময় আপনি বুঝতে শেখেন কখন তাকে কথা বলতে দিতে হবে, কখন একটু সময় দিতে হবে, কোন কথাটা তার পুরোনো কষ্টে লাগে, আর কোন আচরণে আপনি নিজেও তাকে আহত করেন। সবকিছু পছন্দ করতে হবে না, কিন্তু একে অপরের অপূর্ণতার মাঝেও দয়া নিয়ে থাকা শেখা যায়। আল্লাহ স্বামী-স্ত্রীর মাঝে রেখেছেন সাকীনা, মাওয়াদ্দাহ ও রহমাহ—প্রশান্তি, ভালোবাসা ও দয়া। [সূরা আর-রূম: ২১]

৯. গভীর ভালোবাসা
এই ভালোবাসা হয়তো বিয়ের প্রথম দিকের মতো দেখাবে না। এখানে সারাদিন কথা না হলেও একজন জানে, অন্যজন পাশে আছে। অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া, ক্লান্তি দেখে কাজটা নিজের হাতে নেওয়া, তার ছোট চেষ্টাকেও “এটাই তো করার কথা” বলে উড়িয়ে না দেওয়া, রাগের সময়ও অপমান না করা—অনেক সময় দীর্ঘ দাম্পত্যের আসল ভালোবাসা এগুলোর মধ্যেই থাকে।

১০. নতুন করে বেছে নেওয়া
বিয়ে একদিন “কবুল” বলেই শেষ হয়ে যায় না। কখনো একই মানুষটিকে আবার বেছে নিতে হয়—রাগের পর, ভুল বোঝাবুঝির পর, কঠিন সময়ের পর, এমনকি যখন সম্পর্ক আর প্রথম দিনের মতো অনুভূত হয় না তখনও। আল্লাহ বলেছেন, “তাদের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করো।” [সূরা আন-নিসা: ১৯] রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম।” [জামে আত-তিরমিযী: ৩৮৯৫]

তাই আপনার সংসারে এখন আগের মতো excitement নেই বলেই ধরে নেবেন না, সব শেষ। বরং নিজেকে জিজ্ঞেস করুন—আমরা এখন কোথায় আছি? মানিয়ে নেওয়ার জায়গায়? ভুল বোঝাবুঝির মধ্যে? দূরত্বে? নাকি মেরামতের দরজার সামনে?

আর একটি কথা মনে রাখা জরুরি—সাধারণ মতভেদ বা সম্পর্কের কঠিন সময়কে জুলুম বা নির্যাতনের সঙ্গে এক করে দেখবেন না। অন্যায় সহ্য করাই “ভালো স্ত্রী” বা “ভালো স্বামী” হওয়ার প্রমাণ নয়।

পরিণত দাম্পত্য মানে কখনো সমস্যা হবে না—এটা নয়। বরং সমস্যা হলে একজন আরেকজনকে শত্রু না বানিয়ে, নিজের অহংয়ের চেয়ে সম্পর্ককে বড় দেখে, আল্লাহর সন্তুষ্টির জন্য আবার একে অপরের দিকে ফিরে আসা।

ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়। অনেক দিন ভালোবাসা মানে—আজও এই মানুষটার সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করা।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।