মূল লেখায় যান

Study Room লেখা

আমার আচরণে কি ইসলামের সৌন্দর্য দেখা যায়?

বিষয়: ·

কখনও এমন হয়েছে? একজন অমুসলিমকে দেখলেন কথা রেখেছে, যদিও কথা রাখাটা তার জন্য সুবিধার ছিল না। দোকানদার ভুল করে বেশি টাকা ফেরত দিলে সে ফিরিয়ে দিয়েছে। গভীর রাতে প্রতিবেশীর কথা ভেবে শব্দ কমিয়েছে। নিজের ময়লা নিজেই তুলে ফেলেছে। আর আপনার মনে হয়েছে, “এগুলো তো আমার দীন আমাকে শেখায়।”

অস্বস্তিটা তখনই শুরু হয়। কারণ সমস্যা এই নয় যে অন্য কেউ ভালো কিছু করছে। ভালো কাজ যে-ই করুক, সেটা ভালোই। প্রশ্ন হলো, যে শিক্ষা আমার কাছে কুরআন-সুন্নাহর মাধ্যমে এসেছে, সেই শিক্ষাই কি আমার আচরণে আছে?

১. কথা দেওয়া খুব সহজ। কথা রাখা?
“কাল দেব।” “আমি আসছি।” “চিন্তা করবেন না, কাজটা আমি করে দেব।” তারপর সময় এলেই ফোন ধরা বন্ধ। হয়তো আপনার কাছেও এমন কিছু কথা পড়ে আছে, যেগুলো আপনি বলেছিলেন, কিন্তু আর রাখেননি। আল্লাহ বলেন, অঙ্গীকার পূর্ণ করতে; কারণ অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
[সূরা আল-ইসরা: ৩৪]

২. কেউ দেখছে না বলেই কি টাকাটা আমার হয়ে যায়?
দোকানদার ভুল করে বেশি টাকা ফেরত দিল। হিসাবের ভুলে আপনার অ্যাকাউন্টে কিছু বেশি চলে এল। কাউকে না বললেও হয়তো কেউ জানবে না। কিন্তু আপনি জানেন। আর আল্লাহও জানেন। টাকার অঙ্ক ছোট হতে পারে, হক ছোট হয় না। আল্লাহ অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে নিষেধ করেছেন।
[সূরা আল-বাকারা: ১৮৮]

৩. অন্যায়টা নিজের মানুষ করলে বিচার বদলে যায় কেন?
অপরিচিত কেউ করলে আমরা বলি, “অন্যায় তো অন্যায়ই।” কিন্তু একই কাজ বন্ধু, ভাই, স্বামী, স্ত্রী বা নিজের পক্ষের কেউ করলে শুরু হয় ব্যাখ্যা দেওয়া—“ও আসলে এমন না”, “ওর পরিস্থিতিটাও বুঝতে হবে।” অথচ আল্লাহ ন্যায়ের উপর অটল থাকতে বলেছেন, এমনকি সেই ন্যায় নিজের বা নিকটজনের বিরুদ্ধেও গেলেও।
[সূরা আন-নিসা: ১৩৫]

৪. একটা হাসি কখন অপমান হয়ে যায়, আমরা বুঝিও না।
কারও উচ্চারণ নিয়ে মজা করলাম। কারও পোশাক, চেহারা, পড়াশোনা বা ভুল নিয়ে সবার সামনে হাসলাম। আমাদের কাছে দুই মিনিটের joke, কিন্তু যাকে নিয়ে বলা হলো, সে হয়তো রাতে বাসায় গিয়েও কথাটা ভুলতে পারল না। আল্লাহ বলেছেন, একদল যেন আরেক দলকে বিদ্রূপ না করে; যাদের নিয়ে হাসছি, তারা আল্লাহর কাছে আমাদের চেয়েও উত্তম হতে পারে।
[সূরা আল-হুজুরাত: ১১]

৫. নিজের ঘর পরিষ্কার, কিন্তু রাস্তা?
বাসার মেঝেতে টিস্যু পড়লে তুলে ফেলি। গাড়ির ভেতর ময়লা থাকলে বিরক্ত লাগে। কিন্তু বাইরে এসে সেই কাপ, বোতল বা টিস্যু ফেলে ভাবি, “কেউ তো পরিষ্কার করবেই।” রাসূল ﷺ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াকেও সদকা বলেছেন।
[সহিহ মুসলিম: ১০০৯]

৬. পাশের বাসার মানুষটাও আমার দ্বীনের অংশ।
রাতে জোরে কথা বলা, দরজা ধাক্কা দিয়ে বন্ধ করা, গাড়ি এমনভাবে রাখা যাতে অন্যের সমস্যা হয়, নিজের আনন্দের শব্দ অন্যের ঘুম নষ্ট করা—এসব আমাদের কাছে ছোট মনে হতে পারে। যার প্রতিদিন সহ্য করতে হয়, তার কাছে ছোট নয়। রাসূল ﷺ বলেছেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।
[সহিহ বুখারি: ৬০১৮]

এখানে অমুসলিমকে মুসলিমের উপরে বসানোর কথা বলা হচ্ছে না। বরং নিজের দিকে তাকানোর কথা বলা হচ্ছে। কারণ মুসলিম হওয়া শুধু নামের পরিচয় নয়, শুধু কিছু ইবাদতের দৃশ্যও নয়।

আমার সালাত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেওয়া কথার কী অবস্থা? আমি হালাল-হারাম জানি। কিন্তু এমন টাকা কি আমার কাছে আছে, যেটা আমার হওয়ার কথা ছিল না? আমি অন্যায়ের বিরুদ্ধে পোস্ট দিই। কিন্তু নিজের মানুষ অন্যায় করলে কি একই কথা বলতে পারি? আমি ইসলামকে ভালোবাসি। কিন্তু আমার প্রতিবেশী কি আমার আচরণে সেই ইসলামের সৌন্দর্য দেখতে পাচ্ছে?

যে সততা, ন্যায়, পরিচ্ছন্নতা, সম্মান আর দায়িত্ববোধ আমার দীন আমাকে শিখিয়েছে—সেগুলো যদি অন্য কারও জীবনে আমার চেয়ে বেশি দেখা যায়, তাহলে সমস্যা তার ভালো হওয়ার মধ্যে নয়। সমস্যা হলো, আমি যা জানি, তা এখনও পুরোপুরি আমার চরিত্রে নামাতে পারিনি।

শেষে শুধু একটা প্রশ্ন নিজের কাছে রাখি—আমার আচরণ দেখে একজন মানুষ কি ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে, নাকি ইসলামকে বুঝতে হলে তাকে আগে আমার আচরণটা পাশ কাটিয়ে যেতে হবে?

আল্লাহ আমাদের শুধু পরিচয়ে নয়, চরিত্রেও মুসলিম হওয়ার তাওফিক দিন। আমিন।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।