একটা মৌমাছি খুব কাছে উড়লে আমাদের প্রথম কাজ কী হয়? হয়তো হাত দিয়ে সরিয়ে দিই। একটু ভয় পাই। তারপর আবার নিজের কাজে ফিরে যাই।
কিন্তু কখনো কি খুব কাছ থেকে একটা কর্মী মৌমাছিকে দেখেছেন? ওর ছোট্ট মাথার দুপাশের চোখ আমাদের চোখের মতো নয়। এমন অতিবেগুনি আলোও দেখতে পারে, যা আমরা দেখি না। অ্যান্টেনা দিয়ে গন্ধ ও স্পর্শের সংকেত বুঝতে পারে। বুকের ভেতর রয়েছে ডানা চালানোর শক্তিশালী পেশি। পেছনের পায়ে পরাগ বহনের বিশেষ ব্যবস্থা। ফুল থেকে নেওয়া মধুরস বহনের জন্য শরীরের ভেতর রয়েছে আলাদা একটি থলি, যাকে ক্রপ বলে। (মৌমাছির দৃষ্টিশক্তি, অ্যান্টেনার গঠন, দেহের গঠন)
আমাদের চোখে যেটা শুধু ছোট্ট একটা মৌমাছি, তার শরীরের ভেতরেও কত কিছু আলাদা করে ঠিক করে দেওয়া। কোন অংশ দিয়ে দেখবে, কোন অংশ দিয়ে চারপাশ চিনবে, কীভাবে উড়বে, কোথায় পরাগ বহন করবে, কোথায় মধুরস রাখবে—সবকিছুরই আলাদা ব্যবস্থা।
অথচ আমরা কতবার মৌমাছি দেখেছি। কখনো কি এসব ভেবেছি?
আল্লাহ মৌমাছির কথা বলতে গিয়ে বলেন, তিনি তাকে পাহাড়ে, গাছে এবং মানুষের তৈরি স্থানে ঘর বানানোর নির্দেশ দিয়েছেন; বিভিন্ন ফল থেকে আহার করতে এবং তাঁর সহজ করে দেওয়া পথে চলতে বলেছেন। এরপর তার ভেতর থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হওয়ার কথা বলে আল্লাহ বলেন,
“নিশ্চয় এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে।”
সুরা আন-নাহল, ১৬:৬৮–৬৯
শেষ কথাটা খেয়াল করুন—চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন। একই মৌমাছি একজনের কাছে শুধু একটা পোকা। আর আরেকজন তার দিকে তাকিয়ে নিজের রবকে মনে করে।
আমাদের জীবনেও এমন কত কিছু প্রতিদিন ঘটছে। যে চোখ দিয়ে এখন এই লেখা পড়ছেন, সেই চোখটা কীভাবে দেখছে—কতবার ভেবেছেন? ঘুমের মধ্যেও হৃদপিণ্ড চলছে, ফুসফুস কাজ করছে, শরীরের ভেতর অসংখ্য কাজ ঠিক সময়ে হয়ে যাচ্ছে—এসব নিয়ে কতবার থেমে ভেবেছেন?
হয়তো নিদর্শনের অভাব নেই। আমরা শুধু খুব দ্রুত পাশ কাটিয়ে যাই।
আল্লাহ বলেন,
“এ তো আল্লাহর সৃষ্টি। এবার আমাকে দেখাও, তিনি ছাড়া যাদের তোমরা ডাকো, তারা কী সৃষ্টি করেছে? বরং জালিমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।”
সুরা লুকমান, ৩১:১১
আজ আবার কোনো মৌমাছি চোখে পড়লে কয়েক সেকেন্ড বেশি তাকাবেন। তারপর নিজের দিকেও একবার তাকাবেন।
এত ছোট্ট একটি সৃষ্টির ভেতরও যিনি এত নিখুঁত ব্যবস্থা রেখেছেন, সেই রবের অসংখ্য নিদর্শনের মধ্যে প্রতিদিন থেকেও আমি তাঁকে কতটা মনে করি?
মন্তব্য করুন