#জীবন_এবং_কুরআন
কুরআনের শিক্ষিকা হওয়ার জন্য দুই বছরের ট্রেনিং প্রোগ্রামে একদম প্রথমে শিখিয়ে দেয়া হয় জ্ঞান চর্চার আদব। তাই, যখন শুরুতে একজন ছাত্রীকে দেখা যায় অনেক রকমের দৃষ্টিকটু কাজ করতে, সেই একই ছাত্রীকে দুই বছর পর দেখলে অন্তর থেকে শ্রদ্ধা আসে। মানুষ ভুল করে, মানুষের ত্রুটি থাকে- এটা কোন সমস্যা না। এটা খুব স্বাভাবিক একটা কথা। কিন্তু সে এই ত্রুটি ঠিক করে নিতে পারে, অথবা, ঠিক করার চেষ্টা করে, এটা অনেক বড় ব্যাপার।
একটি খুব সাধারণ উদাহরণ দেই। গরমের সময় এদেশে বেশ গরম পড়ে। শীতের সময় যথেষ্ট ঠান্ডা। গরমের সময় দেখা যায় কেউ হয়তো রুমে ঢুকে একটা এসি অন করে দিল এবং সেই এসির ঠিক সামনে যারা বসে আছে, তাদের ঠান্ডা লাগতে শুরু করলো। তখন এদের মধ্যে থাকে একজন গিয়ে হুট করে এসি অফ করে দিল। একই জিনিস দেখা যায় যখন শীত আসন্ন। একদলের ঠান্ডা লাগে। তারা এসি অফ করতে চায়। আর, অন্য কিছু মেয়ের গরম লাগে, তারা চায় এসি থাকুক।
প্রথম টার্মে আদব শেখানোর এই ক্লাসে এদেরকে শিখিয়ে দেয়া হলো যে, আদব হচ্ছে, গরমের দিনে এসি* থাকবে এটাই স্বাভাবিক। যার সমস্যা হচ্ছে সে জায়গা চেঞ্জ করে নিবে। আর যদি এসি বন্ধ করতে হয় তাহলে অন্যদের অনুমতি নিবে। আর, শীতের দিনে এসি অফ থাকবে এটাই স্বাভাবিক। তাই, তখন যদি এসি ছাড়তে হয় কারোর, তাহলে সে সবার অনুমতি নিবে। ব্যাস। বাকি দেড় বছর এসি ছাড়া বা বন্ধ করা নিয়ে আর কোন সমস্যা নেই।
কোন কিছু শেখার সৌন্দর্যটা এখানেই। শুধু যদি কেউ শিখে যায় এবং তার সাথে তার জীবনের কোন সম্পর্ক না থাকে, তাহলে সেই শিক্ষাটা আসলে কাজে লাগলো না। কিন্তু, যখন কেউ শিখে এবং সেটাকে জীবনে ধারণ করে, তখন শুধু তার নিজের জীবনই সৌন্দর্যমণ্ডিত হয় না, আশপাশের মানুষগুলোর জীবনও আলোর সন্ধান পায়।
কুরআন শেখা অথবা দ্বীন শেখাকে কখনো যেন আমরা এভাবে না নেই যে, আমাদের অনেক জ্ঞান হচ্ছে! আমাদের জীবনযাত্রাকে অক্ষুন্ন রেখে সেই জীবনের মধ্যে কিভাবে খাপ খাইয়ে ফেলা যায়, সেই চেষ্টা যেন না করি। বরং, জীবনের প্রতিটা ক্ষেত্রকে খাপ খাইয়ে নিতে হবে কুরআন এবং দ্বীনের শিক্ষা অনুযায়ী। আর তখনই, যা শিখছি তা আমাদেরকে ভালোর দিকে পরিবর্তিত করবে। যা শিখছি তার প্রভাব আমাদের জীবনে পড়বে।
জীবন এতদিন কী ছিল সেটা জরুরী না। জরুরী হলো, কুরআনের সাথে যাত্রা শুরু করার পর আমাদের জীবনকে আমরা সঠিক পথে চালানোর চেষ্টা করছি কিনা।
~ নায়লা নুযহাত
আল কাসিম, সৌদি আরব
*অতিরিক্ত গরমের কারণে এদেশে ফ্যান এর বদলে বেশীরভাগ জায়গাতেই এসি ব্যবহৃত হয়। এই নিয়ম ফ্যান অথবা বাতাসের জন্য জানালা খোলার ব্যাপারেও প্রযোজ্য।
মন্তব্য করুন