আমার সাথে ও আগে যারা হিফজ শুরু করেছিলো তাদের বেশ কয়েকজন শেষ করতেই পারেনি কিংবা অনেকেই অন্তত পাঁচ ছয়বছর লাগিয়ে শেষ করেছে। আমি এই সুযোগ পাইনি। আমার আব্বা যেহেতু নিজেই হাফিজ এবং মাও তিলাওয়াতে পারদর্শী তাই উস্তাদ নির্ভর হতে দেননি। নিজেরাই শুনতেন। ফাঁকিবাজির সুযোগ খুঁজেও জুত করতে পারিনি। সুতরাং যেসব বাবা মায়েরা সন্তানকে হাফিজে কুরআন বানাতে চান তাদের প্রথম ও অবশ্য কর্তব্য হলো নিজেরা হিফজ করা। নিদেনপক্ষে শুদ্ধ ও বিনা বাঁধায় তিলাওয়াত করতে পারার মত যোগ্যতা থাকা। সন্তানের হিফজ দুইভাবে করানো যায়।
এক. নিজে হাফিজ হলে সরাসরি নিজেই হিফজ করানো। ভোরে ভোরে নিজেই সন্তানের হিফজের পড়া শোনা ও শোনানো। সারাদিনের রুটিনে তার জন্য হিফজের সময় বরাদ্দ রেখে মা কতৃক তদারকি করা। বাদ মাগরিব থেকে ইশা পুরোটা সময় তার জন্য ব্যয় করা।
দুই. নিদেনপক্ষে কুরআন তিলাওয়াত নিজেরা শুদ্ধ করা। নিজেদের কুরআন তিলাওয়াতের অভ্যাস না থাকলে ও শুদ্ধও না থাকলে সন্তান সহজেই আপনাদের ফাঁকি দিতে পারবে। আপনি জানবেন ছেলে মাদরাসায় হিফজ করে কিন্ত কতটুকু হিফজ করে অথবা পড়া ঠিকমত শোনায় কিনা সেটুকু যাচাই করতে না পারলে আপনার অর্থ নষ্ট আর তার জীবন ও সময় দুটোই নষ্ট। নিজের তিলাওয়াত শুদ্ধ না থাকলে সন্তানকে হিফজ শুরু করানোর আগেই উস্তাদ ধরে হোক বা এমনিই বাসায় নিজেরা তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। যেন হিফজে দিয়ে সব উস্তাদের হাতেই ছেড়ে দিতে না হয়।
হিফজের জন্য বয়স নির্বাচন আরেক গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত অনেকেই হিফজে দেয় অনেক আগে অথবা অনেক পরে। এর স্ট্যান্ডার্ড হবে সাত বছর বয়স। বাসায় যদি আগেই মা বাবার কাছে কায়েদা ও নাজেরা করে ফেলতে পারে তাহলে সরাসরি হিফজ শুরু করে দিলে সাত থেকে দশ বছর এই তিন বছরের মধ্যে হিফজ ও দাওর বা রিভিশন সম্ভব। আর যদি বাসায় আগে বুনিয়াদ না হয় তবে একবছরে কায়েদা নাজেরার পর বাকী দুই থেকে তিনবছরে গড়পড়তা মেধাবী সন্তান হিফজ সম্পন্ন করতে পারে।
বয়সের সাপেক্ষে মেধাও অন্যতম অনুষঙ্গ। বয়সের সাথে মেধার সম্পর্ক আছে। বেশি বয়সে মেধা বিক্ষিপ্ত হয়। অল্প বয়সে স্থির থাকে। মেধা ঠিক রাখতে হলে ঘরের পরিবেশ মেধার অনুকূল হওয়া বাঞ্চনীয়। ঘরে টিভি কিংবা ফোন এডিকশনের ব্যবস্থা রাখাই যাবে না। টিভি কিংবা ফোনের খপ্পরে পড়লে হিফজ সহজে ধরা দেবে না। আপনার সন্তান পড়তে বসবে ঠিকই কিন্তু মাথায় ঘুরবে ঘরের ভেতর দেখে আসা টিভি বা ফোনের চিত্র। এই পরিবেশ বাদ দিতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ। যেসব বাসাবাড়ি অগোছালো থাকে কিংবা মা বাবা অগোছালো হয় এবং সারা ঘর এলোমেলো করে ফেলে রাখে তাদের সন্তানরা তুলনামূলক অমেধাবী অথবা আন-অর্গানাইজড হয়। তাই সন্তানকে হিফজ করাতে চাইলে পরিচ্ছন্নতার অভ্যাস করাবেন। ময়লা বিছানায় রাখবেন না। নিয়মিত ব্রাশ ও গোসল যেন ঠিকঠাকভাবে করে। খাবার দাবার ঢাকনা না দিয়ে ফেলে রাখবেন না। রাস্তার ধারের খাবার খাওয়াবেন না। এগুলো হালকা মনে হলেও মেধা সুরক্ষিত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হিফজের জন্য আবাসিক না রাখাই ভালো। সন্তানের সুবিধার্থে অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করে ভালো প্রতিষ্ঠান নির্বাচন করে তার আশেপাশে বাসা করা ভালো। ভোরে দিয়ে আসা ও রাতের পড়া শেষ হওয়ার পর নিয়ে আসা। যেতে আসতে তার পড়া শোনা। এরফলে আপনার মাথায়ই তার হিফজের হিসাব থাকবে। উৎসাহ দেয়ার জন্য সপ্তাহান্তে পুরষ্কৃত করা। এভাবে আপনার সন্তান হিফজের আনন্দ পাবে।
আপাতত এই কটাই টিপস থাকলো।
– আম্মার ভাই
মন্তব্য করুন