ঈমানটা আগের মতো লাগছে না? তাহলে এখান থেকেই আবার শুরু করুন
কিছুদিন ধরে কি নিজের মধ্যেই একটা পরিবর্তন টের পাচ্ছেন? আজান হচ্ছে, কিন্তু আগের মতো সঙ্গে সঙ্গে উঠতে ইচ্ছে করছে না। কুরআন সামনে আছে, তবু খুলতে মন চায় না। রাতে ঘুমানোর আগে হঠাৎ মনে পড়ে, “আজও তো কিছু পড়লাম না।” তারপর ফোনটা পাশে রেখে মনে মনে বলেন, “কাল থেকে ঠিক করব।”
এভাবে কয়েকদিন যায়। তারপর কয়েক সপ্তাহ। একসময় আপনি নিজেই বুঝতে পারেন, বাইরে সব চলছে ঠিকই, কিন্তু ভেতরে কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়েছে। সালাত পড়ছেন, কিন্তু মন বসছে না। কোনো গুনাহ হয়ে গেলে আগের মতো অস্বস্তিও হচ্ছে না। দ্বীনের কথা শুনলে ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগা জীবন বদলানোর জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে না।
এখানেই অনেকেই একটা ভুল করেন। ভাবেন, “আগে নিজেকে একটু ঠিক করি, তারপর আল্লাহর দিকে ফিরব।” কিন্তু নিজেকে ঠিক করে তারপর আল্লাহর দিকে ফেরা নয়। আল্লাহর দিকে ফিরতেই ফিরতেই মানুষ ঠিক হতে শুরু করে।
আপনাকে একদিনে বদলে যেতে হবে না। সবকিছু একসঙ্গে ধরতেও হবে না। বরং এমন কিছু জায়গা আছে, যেগুলো ঠিক করতে শুরু করলে ধীরে ধীরে ভেতরের অবস্থাও বদলাতে শুরু করে।
১. আজ থেকে আবার শুরু করুন, আগের ব্যর্থতা গুনে নয়
আপনি আগে অনেকবার শুরু করে থেমে গেছেন, তাতে কী? কুরআন পড়ার নিয়ম করেছিলেন, রাখতে পারেননি। তাহাজ্জুদ শুরু করেছিলেন, পরে ছেড়ে গেছে। কোনো গুনাহ ছাড়ার নিয়ত করেছিলেন, আবার তাতে ফিরে গেছেন। এগুলো মনে করে বসে থাকলে সামনে যাওয়া আরও কঠিন হবে।
আজ শুধু ঠিক করুন, “আমি আবার ফিরব।” বড় কিছু দিয়ে না, সত্যি করে একটা ছোট সিদ্ধান্ত দিয়ে। আল্লাহর দিকে ফেরার দরজা এই জন্য বন্ধ হয়ে যায় না যে আপনি আগে বহুবার পড়ে গেছেন।
২. সব ঠিক করার চেষ্টা না করে পরের সালাতটা ঠিক করুন
ধরুন, কয়েক ওয়াক্ত নষ্ট হয়ে গেছে। তখন শয়তান খুব সহজ একটা কথা মনে ঢুকিয়ে দেয়, “এখন পড়ে কী হবে?” এখানেই থামতে হবে।
যা চলে গেছে, সেটা নিয়ে তওবা করুন। কিন্তু পরের ওয়াক্তটা আর ছাড়বেন না। ওযু করুন, দাঁড়িয়ে যান। আপনার জীবনের পরিবর্তন অনেক সময় কোনো বড় ঘটনার মাধ্যমে শুরু হয় না, বরং একটি সময়মতো পড়া সালাত থেকেই শুরু হয়।
আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
সূরা আল আনকাবূত, ২৯:৪৫
৩. কুরআনকে শুধু পড়ার কাজ বানাবেন না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে পড়ুন
এক পারা, দশ পৃষ্ঠা, দীর্ঘ তিলাওয়াত দিয়ে শুরু করতে হবে না। একটি আয়াতও যথেষ্ট হতে পারে।
আয়াতটা পড়ুন, অর্থ দেখুন, তারপর একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, “এই কথাটা আমার জীবনের কোন জায়গায় এসে লাগছে?” কোনো আয়াত যদি আপনার ভয় নিয়ে কথা বলে, নিজের ভয়টা মনে করুন। কোনো আয়াত যদি তওবার কথা বলে, নিজের ভুলের কথা ভাবুন। কোনো আয়াত যদি আল্লাহর রহমতের কথা বলে, সেই জায়গাটা মনে করুন যেখানে আপনি নিজেকেই ক্ষমা করতে পারছেন না।
কুরআন তখন শুধু ঠোঁট দিয়ে পড়া কিছু শব্দ থাকে না। ধীরে ধীরে মনে হতে শুরু করে, এই কথাগুলো তো আমার জীবনকেই নিয়ে কথা বলছে।
৪. ইসলামিক content দেখার চেয়ে দ্বীন শেখাকে বেশি গুরুত্ব দিন
দুই মিনিটের একটি ভিডিও ভালো লাগল, একটি quote save করলেন, একটি reel দেখে চোখ ভিজে গেল। এগুলো উপকারী হতে পারে। কিন্তু এগুলো সবসময় জ্ঞান তৈরি করে না।
একটি বিষয় বেছে নিয়ে নিয়মিত শিখুন। সালাত, আকীদাহ, সীরাহ, তাফসির, চরিত্র, পরিবার, যেটার প্রয়োজন আপনার জীবনে বেশি। বিশ্বস্ত আলেমের ধারাবাহিক আলোচনা শুনুন, ভালো বই পড়ুন, সুযোগ থাকলে কোনো structured দ্বীনি কোর্স করুন।
কারণ অনেক কিছু শুনে আবেগিত হওয়া আর কোনো একটি বিষয় বুঝে জীবনে বসানো এক জিনিস নয়।
৫. আপনার সবচেয়ে কাছের মানুষগুলো আপনাকে কোনদিকে নিয়ে যাচ্ছে, সেটা দেখুন
একটু বন্ধুদের কথা ভাবুন। কার সঙ্গে কথা বলার পর আল্লাহর কথা মনে পড়ে? কার সঙ্গে বসলে সালাত নিয়ে সচেতন হন? আর কার সঙ্গে কয়েক ঘণ্টা কাটানোর পর গীবত, অশ্লীল কথা, সময় নষ্ট বা হারামকে হালকা মনে হতে শুরু করে?
মানুষ খুব ধীরে ধীরে তার পরিবেশের মতো হয়ে যায়। প্রথমে শুধু শুনে, পরে হাসে, তারপর একদিন নিজেই একই কথা বলতে শুরু করে।
আল্লাহ তাআলা বলেন, “যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তাঁর সন্তুষ্টি কামনা করে, তাদের সঙ্গে নিজেকে ধৈর্যের সঙ্গে রাখুন।”
সূরা আল কাহফ, ১৮:২৮
আপনার আশেপাশে এমন মানুষ না থাকলে বিশ্বস্ত কোনো দ্বীনি community, ভালো study circle বা উপকারী পরিবেশ খুঁজে নিন। সবসময় কারও নসিহত দরকার হয় না। কখনো শুধু ভালো মানুষের সঙ্গে থাকাটাই মানুষকে বদলাতে শুরু করে।
৬. যে গুনাহটা বারবার হচ্ছে, সেটাকে নিজের স্বভাব বলে মেনে নেবেন না
প্রায় সবার জীবনেই এমন কিছু থাকে যা অন্য কেউ জানে না। কোনো অভ্যাস, কোনো content, কোনো relationship, কোনো দৃষ্টি, কোনো কথা, কোনো গোপন ভুল।
প্রথম কয়েকবার খুব খারাপ লাগে। তারপর মানুষ নিজেকে বোঝাতে শুরু করে, “আমি তো এমনই”, “এটা আর ছাড়তে পারব না”, “এত serious কিছু না।”
এই জায়গাটা বিপজ্জনক। কারণ গুনাহের চেয়েও ভয়ংকর হয়ে যায় যখন গুনাহটা আর গুনাহ বলে মনে হয় না।
তাই ভুল হলে লুকিয়ে বসে থাকবেন না। আল্লাহর কাছে ফিরুন। তওবা করুন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, “হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
সূরা আয যুমার, ৩৯:৫৩
রাসূলুল্লাহ ﷺ নিজেও দিনে বহুবার আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাইতেন।
সহিহ মুসলিম, ২৭০২
তাই “আমি এত ভুল করেছি, আমার আর কী হবে” এই চিন্তা তওবার দরজা বন্ধ করে দেওয়ার মতো কথা। আপনার কাজ হলো ফিরে আসা।
৭. দিনের ফাঁকা সময়গুলো যিকির ছাড়া চলে যেতে দেবেন না
বাসে বসে আছেন, রান্না করছেন, গাড়ি চালাচ্ছেন, কাজে হাঁটছেন, ঘুম আসতে সময় লাগছে। আমরা এসব সময়ের অনেকটাই চিন্তা, scrolling বা অপ্রয়োজনীয় কথায় ভরে ফেলি।
এই জায়গাগুলোতে যিকির ঢুকিয়ে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব ছোট আমল, কিন্তু বারবার আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন, আপনার একজন রব আছেন।
আল্লাহ বলেন, “জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্ত হয়।”
সূরা আর রা’দ, ১৩:২৮
এখন আপনার অবস্থাটা আবার ভাবুন। সমস্যা হয়তো এই নয় যে আপনি কিছুই জানেন না। অনেক সময় আমরা জানি কী করা দরকার, কিন্তু শুরু করার জায়গাটা হারিয়ে ফেলি।
তাই সাতটা জিনিস একদিনে করতে যাবেন না।
আজ নিজের জীবনের সবচেয়ে দুর্বল জায়গাটা বেছে নিন। যদি সালাত নষ্ট হয়, পরের সালাতটা ঠিক করুন। কুরআন থেকে দূরে থাকলে আজ একটি আয়াত পড়ুন। কোনো গুনাহ আপনাকে টানছে, আজ সেটার একটা দরজা বন্ধ করুন। সঙ্গ খারাপ হলে একটু দূরত্ব তৈরি করুন। দীর্ঘদিন তওবা করেননি, আজ রাতে নিজের ভাষায় আল্লাহর কাছে সব বলে দিন।
আপনাকে এখনই খুব ভালো মুসলিম হয়ে যেতে হবে না। আপনাকে শুধু ঠিক দিকটায় হাঁটা শুরু করতে হবে।
আর যদি এই লেখা পড়তে পড়তে আপনার নিজের জীবন থেকে অনেক দৃশ্য মনে পড়ে যায়, যদি মনে হয় “আমি তো সত্যিই অনেকটা দূরে চলে গেছি”, তাহলে এটুকু অন্তত বুঝুন, আপনি বিষয়টা নিয়ে একেবারে উদাসীন হয়ে যাননি। এখন সেই অনুভূতিটাকে কাজে লাগানোর সময়।
আজ রাতেই শুরু হতে পারে।
কোনো announcement লাগবে না। কাউকে বলতে হবে না। একটা ওযু, একটা সালাত, কয়েকটা আয়াত, কিছু ইস্তিগফার, অথবা খুব ছোট্ট একটা দুয়া:
“ইয়া আল্লাহ, আমি আবার আপনার দিকে ফিরতে চাই। আমাকে সাহায্য করুন।”
আল্লাহ আমাদের অন্তরকে তাঁর দিকে ফিরিয়ে দিন, সালাতকে আমাদের প্রশান্তি বানিয়ে দিন, কুরআনের সঙ্গে সম্পর্ক জীবন্ত করুন, নেক সঙ্গ দান করুন, গুনাহ থেকে ফিরে আসার তাওফিক দিন এবং তাঁর যিকিরে আমাদের হৃদয়কে স্থির রাখুন। আমিন।
মন্তব্য করুন