Dear sisters you should read this… 👇👇
Here is, The bride’s mom is a source of wisdom and unconditional loving support. She prioritizes her daughter’s happiness and offers valuable life lessons on building a strong, fulfilling marriage. Her advice is a true gift.❤️❤️🎉🎁
চোখের পলকেই যেনো বিয়ের তিনটি বছর গত হলো। সংসার গুছানোর অপরাজেয় খেলায় মেতে আমরা দুজনেই ভুলতে বসেছি নিজেদেরকে গুছিয়ে নেয়ার প্রয়োজনীয়তা। ফাতিহার বাবা বড্ড সাদাসিধে গোছের মানুষ। যেদিন বিয়ের কথা হয়েছিলো আমাকে শুধু এটুকু বলেছিলো সারাজীবন আপনাকে ভালোবাসবো। আমি আর কথা বাড়াইনি। পরম আস্থা এবং বিশ্বাসের সহিত মাথানিচু করে বিয়েতে সম্মতি জানিয়েছিলাম। বিয়ের দিনতারিখ ঠিক হলো, তিনি তার সাথে মাত্র পাঁচজন মেহমান নিয়ে এলেন, বড্ড সাদামাটা বিয়ে। আমাকে ভারী ভারী গহনার ওজন সইতে হয়নি। আমাকে দেখার জন্য উৎসুক জনতার ঢল নামেনি আমার ছোট্ট ঘরে। ওনার সামর্থ্য বিবেচনায় দেনমোহর ধরা হয়েছিলো। আমার বাবা-মা কোনো অভিযোগ না রেখেই তার হাতে আমাকে তুলে দিয়েছিলেন। বিয়ের দিন আম্মু কেঁদে কেঁদে আল্লাহকে বলছিলেন, আল্লাহ বেঁচে থাকলে একদিন আমার মেয়ের সবকিছুই হবে, আমার মেয়ে এবং জামাইকে সুখী করুন, ওরা যেনো সারাজীবন মিলেমিশে থাকে। ওনার কাছাকাছি যাওয়ার পূর্বমুহূর্তে আম্মু আমাকে কিছু আদব শিখিয়ে দিলেন আর বললেন, পোষাক কিংবা গহনার জন্য আমি যেনো কখনো ওনাকে কষ্ট দিয়ে কথা না বলি। কাফনের কাফন ব্যতীত ওনার ঘর আর ওনাকে ছেড়ে যেনো কোথাও না যাই। জানালেন, অর্থবিত্তের মাঝে সুখ নেই প্রকৃত সুখ স্বামী-স্ত্রীর মেলবন্ধনে নিহিত সেইসাথে চাহিদা সীমিত রাখার কঠোর নির্দেশও দিলেন। আমিও তেমনই করলাম, যেমনটা আমার অন্তর চাইলো। এই তিনবছরে আমি কখনো ওনার সাথে প্রয়োজন-অতিরিক্ত পোষাক, গহনা কিংবা অন্য কোনো বিষয়ের জন্য টুঁশব্দটিও করিনি। আমিতো অন্ধ নই, সংসারের জন্য ওনার ত্যাগ, ওনার কষ্ট আমার দৃষ্টি এড়ায়নি। আমাদের খুশী রাখার সর্বাত্মক চেষ্টায় উনি সদা নিয়োজিত থাকেন। আমাদের মাঝে অভিমান হয়, অনুরাগ হয় তবে অভিযোগের স্থান হয় না। স্বামীর প্রতিটি ত্যাগে স্ত্রীর ভূমিকা থাকা আবশ্যক। স্বামীকে দুঃখের হাতে একা ছেড়ে দেয়া উচিত নয়। আত্মীয়দের মধ্যে অনেকেই আমাকে দেখানোর জন্য ভারী ভারী গহনা পড়েন, আমি দেখি হিংসে হয় না মোটেও বরং দোয়া করি আল্লাহ তাদের আরও বাড়িয়ে দিক। আমার যতোটুকু আছে, আলহামদুলিল্লাহ।
লোকদেখানো কাজকে কখনোই প্রশ্রয় দেয়া ঠিক না। এমন অনেকেই আছেন যারা স্বামীকে কষ্ট দিয়ে লোকদেখানোর জন্য অনেক কিছু করেন, এমনটা করবেন না। লোকদেখানো কাজে সামান্যই সুখ মেলে কিন্তু সংসার থেকে প্রশান্তি হারিয়ে যায়। আপনার যদি কোনো অপূর্ণ ইচ্ছা থেকে থাকে তাহলে তা সবার আগে আল্লাহকে বলুন, এভাবে বলুন; ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার স্বামীকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিন। আমাদের আশা পূরণের জন্য তার উপার্জনে বারাকাহ দান করুন। তাকে দুশ্চিন্তায় ফেলবেন না মালিক। অতঃপর স্বামীর পাশে গিয়ে বসুন, তাকে মিষ্ট ভাষায় বুঝিয়ে বলুন আপনার প্রয়োজনীয়তার কথাগুলো। লোকদেখানোর জন্য কখনো সংসারে বিশৃঙ্খলা তৈরী করবেন না। একজন ভালো স্বামী আল্লাহর দেয়া অমূল্য নেয়ামত। সম্পদ আসবে, ফুরিয়েও যাবে। ভালো জীবনসঙ্গী থেকে যাবে দুনিয়া ও আখিরাতে। সাদাসিধে জীবনযাপনে রয়েছে অতুলনীয় রহমত, যা উপভোগ নয় উপলব্ধির বিষয়। অপরের কাছে স্বামীর সম্পদের গল্প বলাটা গৌরবের না। সর্বাবস্থায় তাকে মানসিকভাবে সুস্থ রাখাটাই আসল। সংসার হচ্ছে ঝালমুড়ির মতো, এতে শুধু আবেগ থাকলে চলে না। আবেগ, বিবেক, ভালোবাসা, অভিমান, ভোগ এবং ত্যাগ সবকিছুর সংমিশ্রণে একটি সুন্দর সংসার স্থাপিত হয়। এসবের মাঝে অভিযোগ টেনে আনলেই বিপদ। অভিযোগ হলো আগাছার মতো, এটা সংসারে ফাটল ধরায়। আপনি সংসার জীবনে যে অবস্থাতেই থাকুন না কেনো শুধু এটুকু বলবেন, আমি যেনো স্বামীর ছায়াতলে থেকেই একটি সুন্দর মৃত্যু লাভ করতে পারি। ভুল ব্যতীত মানুষ হয় না, ক্ষমা করতে শিখুন। মহৎ হোন, স্বার্থ হাসিলের জন্য মরিয়া হবেন না। স্বামী এবং সংসারকে আগলে রাখুন।
মনে রাখবেন, জীবনকে উপন্যাসেও ব্যাখ্যা করা সম্ভব না। জীবনের ফাঁকা পৃষ্ঠায় আপনি যতোই কলম ঘোরান না কেনো, দেখবেন আপনি তাতে কেবল দুটিমাত্র লাইন-ই লিখতে পেরেছেন। বাকি অধিকাংশই ফাঁকা, যা পূরণে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। পরিশেষে, আপনি যদি প্রাচুর্যে ভালোবাসা খোঁজেন তাহলে ভালোবাসার সারমর্ম কি তা আপনি জানেনই না।
✍️ উম্মুল আরওয়াহ্।
মন্তব্য করুন