সমাজে একটি সাধারণ ভুল ধারণা হল, একজন ছেলে দ্বীনদার এবং প্র্যাকটিসিং হলে স্বয়ংক্রিয়ভাবে তার পরিবার যেমন বাবা-মা, স্ত্রী, সন্তান সবাইকেই দ্বীনদার বলে ধরে নেওয়া হয়। কিন্তু যখন বাস্তবে এর বিপরীত কিছু দেখা যায়, তখন অনেকেই সেই ছেলেটিকেই দোষারোপ করেন।
বাস্তবতা হলো, আমাদের বাবা বা ভাই ব্যাংকে চাকরি করেন, আমাদের মা বা বোন পর্দা করেন না, সালাত আদায় করেন না, পরিবারের কেউ কুফরি কাজে লিপ্ত, কেউ প্রবাসে থেকে ভুল জীবনধারা অনুসরণ করছেন, কেউ গান শুনেন, সিরিয়াল দেখেন—এসব ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই।
হেদায়াত দেওয়া আল্লাহর এখতিয়ার। অন্যের কাজের ভার তার নিজের। পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালনের হিসাব আলাদা।
সূত্র সূরা আল কাসাস ২৮:৫৬ ও সূরা আল আনআম ৬:১৬৪।
তবে আমাদের প্রশ্ন করা হবে—পরিবারের সদস্যদের ভুল কাজের প্রতি আমাদের মনোভাব কেমন ছিল? আমরা কি তাদের হারাম কাজে ঘৃণা দেখিয়েছি, নাকি সম্পর্কের খাতিরে চুপ থেকেছি? আমরা কি তাদেরকে দ্বীনের দাওয়াহ দিয়েছি, নাকি বিষয়গুলোকে স্বাভাবিক ধরে নিয়েছি? আমরা কি মা-বোনদের পর্দার বিষয়ে সচেতন করেছি, নাকি তাদের এসব কর্মকাণ্ড মেনে নিয়েছি?
আমাদের ভাই-বোনদের ক্যাম্পাসে ফ্রি মিক্সিং বা অনুচিত মেলামেশার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছি কিনা? নাকি ভাই-বোনদের বন্ধু-বান্ধবদের বাড়িতে আপ্যায়ন করে, রান্না করে খাইয়েছি, যা তাদের ভুল জীবনধারাকে আরও উৎসাহিত করেছে?
নিজের ও পরিবারের কল্যাণে সামর্থ্য অনুযায়ী শিক্ষা, নসিহত ও সাহায্য দেওয়ার দায়িত্ব আছে।
সূত্র সূরা আত তাহরিম ৬:৬।
ঘটকালির অভিজ্ঞতায় দেখেছি, ছেলে-মেয়ে অনেকে নিজেদের বাবা-মায়ের হালাল পেশা—যেমন কৃষিকাজ, মুদি ব্যবসা, গাড়ি চালানো—গর্বের সঙ্গে বলতে লজ্জা পায়। তারা সংক্ষেপে শুধু “ব্যবসা” বলে উল্লেখ করে। হালাল জীবিকার এই কাজগুলো সম্মানের।
অপরদিকে, গর্বের সঙ্গে বলে, “আমার বাবা ব্যাংকার” বা “আমার ভাই ব্যাংকার।” অথচ তারা বুঝতে পারে না, এই পেশা তাদের ইবাদাত, দান-সদকা কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করছে।
যেখানে লজ্জিত হওয়ার কথা, সেখানে তারা গর্ববোধ করছে। আর যেখানে গর্ববোধ করার কথা, সেখানে তারা লজ্জা পাচ্ছে। হায় ঈমান!
কারও পরিবারের সদস্য ভুল করলে তার দায় ওই সদস্যেরই। বাবা, মা বা জীবনসঙ্গী নিজের দায়িত্ব কতটা পালন করেছেন, সে প্রশ্নটি আলাদা।
ইতিহাসে নবী-রাসূল এবং সাহাবাদের পরিবারেও এমন অনেক উদাহরণ আছে, যেখানে স্ত্রী বা সন্তান পথভ্রষ্ট ছিলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।
অনলাইনে কিছু মানুষ এমন আছে, যারা নিজেদের মুসলিম দাবি করলেও তাদের আচরণ অত্যন্ত অসংযত। এরা নবী-রাসূলদের যুগেও থাকলে এমন কটূক্তি করত:
“অমুকের পরিবারের সবাই তো তাঁর উপদেশ মানেন না। তাহলে তিনি অন্যকে কীভাবে উপদেশ দেন?” এভাবে প্রশ্ন করলে ব্যক্তি ও পরিবারের পৃথক দায়িত্ব গুলিয়ে যায়।
আসল বিষয় হলো, পারিবারিক সদস্যদের ভুল পথে চালিত করার ক্ষেত্রে আমরা কী ভূমিকা রেখেছি। আমরা তাদের দ্বীনের পথে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি কিনা, সেটাই ফোকাস হওয়া উচিত।
পরিবারের গুনাহ থেকে নিজেদের দূরে রাখা এবং তাদের সঠিক পথে আনার প্রচেষ্টা চালানো আমাদের দায়িত্ব। দাওয়াহর ওপর ফোকাস রাখতে হবে এবং সমালোচনা বা গীবত এড়িয়ে চলতে হবে। আমাদের নিজ জীবনেও শরীয়াহর আদেশ পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা যত প্রতিকূলই হোক।
কেউ যদি আমাদের জীবন নিয়ে ভুল ধারণা করে বা গীবত করে, তা গ্রহণযোগ্য নয়। ইসলাম শরীয়াহকে মানদণ্ড হিসেবে বিবেচনা করে, ব্যক্তিগত কাজকে নয়। সম্পর্কের সমালোচনা এড়িয়ে নিজেদের দায়িত্বে মনোযোগী হওয়াই উত্তম।- তন্ময় ভাই
মন্তব্য করুন