আপনি সবসময় চারটা ফেরেশতা সাথে নিয়ে ঘুরেন । অবাক হচ্ছেন । আসলেই তাই । জন্ম থেকে মৃত্যু অবধি চারজন ফেরেশতা আল্লাহ সুবহানাতায়ালা আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন । আর প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করেছেন একজন শয়তান । যে প্রতিনিয়ত খারাপ কাজে প্ররোচনা দেয় ।
রোড এক্সিডেন্টে মাইক্রো আরোহী সবাই মারা গেছেন । অলৌকিকভাবে বেঁচে গেছে চার বছরের একটা শিশু ।
আগুনে পুড়ে সব ছাঁই । তার মধ্য থেকে একজন জীবন্ত মানুষ অলৌকিক ভাবে বের হয়ে এলো ।
খুব অল্পের জন্য জীবনটা বেঁচে গেছে , আমাদের অনেকের জীবনে এমন ঘটনা ঘটেছে ।
“মানুষের জন্য তাঁর সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে । আল্লাহর আদেশে তারা ওদের হেফাজত করে । (১)
“আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে আমাদের সাথে নিয়োজিত ফেরেশতারা নিশ্চিত মৃত্যু থেকে আমাদের হেফাজত করে ।
মানুষের ডানে এবং বামে দুজন ফেরেশতা ভাল এবং মন্দ লেখার জন্য নিয়োজিত আছেন । এবং তার সামনে এবং পিছনে দুজন ফেরেশতা তাকে রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত আছেন । এই হল চারজন ফেরেশতার হিসাব, যারা প্রত্যেক মানুষের সাথে আছেন ।
প্রত্যেক মানুষের সাথে নিয়োজিত ফেরেশতাদের মধ্যে রাত্রিকালে আসেন একদল এবং দিনের বেলায় আসেন আরেকদল ।
সহীহ হাদীসে আছে ‘তোমাদের কাছে মালাইকা পালাক্রমে আগমন করেন দিনে ও রাতে । ফজর ও আসরের সালাতের উভয় দলের সাক্ষাৎ ঘটে । রাতে অবস্থানকারী মালাইকা রাত্রি শেষে আকাশে উঠে যান । বান্দাদের অবস্থা অবগত হওয়া সত্বেও আল্লাহ তা’আলা তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ । তারা উত্তরে বলেন আমরা তাদের কাছে গমনের সময় সালাত আদায় করা অবস্থায় পেয়েছি এবং বিদায়ের সময় তাদেরকে সালাত আদায় করা অবস্থায় ছেড়ে এসেছি। (২)
আব্দুল্লাহ রা: হতে বর্ণিত রাসূল সা: বলেছেন ‘তোমাদের প্রত্যেকের সাথে ভারপ্রাপ্ত সঙ্গী হিসাবে রয়েছে একজন জিন ও একজন মালাইকা । সাথীরা জিজ্ঞেস করলেন ‘হে আল্লাহর রাসূল সা: আপনার সাথেও কি ? তিনি উত্তরে বললেন , আমার সাথেও রয়েছে, তবে আল্লাহ আমাকে তার ওপর সাহায্য করছেন । সে আমাকে ভালো ছাড়া অন্য কিছুই হুকুম করে না । (৩)
তাহলে দুর্ঘটনায় মানুষ মারা যায় কেন । যখন নিশ্চিত মৃত্যু নির্ধারিত হয়ে যায় তখন আল্লাহর আদেশে নিরাপত্তায় নিয়োজিত ফেরেশতারা নিষ্ক্রিয় থাকেন ।
আমাদের প্রত্যেকের সাথে থাকা একজন শয়তানের কাছে আমরা হেরে যাই ।
ফেরেশতা যখন রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পৌছান, তখন আমি হয়তো ঘুমিয়ে থাকি অথবা কোন পাপ কাজে লিপ্ত থাকি ।
আফসোস ।
কত রাত, কত দিন, কত প্রহর কেটেছে আমার । আমি পথ ভুলা, দিক ভ্রান্ত, অন্ধ এক ক্লান্ত প্রাণ । চিনি নাই, ডাকিনি মালিক তোমাকে ।
অথচ আমার কিছুই কেড়ে নাওনি তুমি ।
চলে গেল, চলে যাচ্ছে কত বেলা !
//
(১) : সুরা রাদ:১১
(২) : ফাতহুল বারী : ১৩/৪২৬
(৩) : আহমদ ১/৪০১, মুসলিম ২৮১৪
গোলাম রাব্বী
মন্তব্য করুন