আপনার সন্তান যখন বলে, “আম্মু, আমার ভয় লাগছে…” তখন আপনি কী বলেন?
হয়তো বলেন, “ভয়ের কী আছে?” রেগে গেলে বলেন, “এত রাগ করছ কেন?” কোনো কাজ কঠিন মনে হলে বলেন, “এটুকুও পারছ না?” আমরা কথাগুলো খারাপ উদ্দেশ্যে বলি না। আমরা চাই ও দ্রুত স্বাভাবিক হয়ে যাক। কিন্তু শিশুর কাছে সেই মুহূর্তে ভয়টা সত্যিই বড়, কষ্টটা সত্যিই ভারী, আর রাগটাও সত্যিই সামলানো কঠিন।
শিশুকে শুধু “কাঁদবে না”, “রাগ করবে না”, “ভয় পাবে না” শেখানোই যথেষ্ট নয়। বরং ধীরে ধীরে তাকে শেখানো দরকার, এই অনুভূতিগুলো যখন খুব বড় হয়ে যায়, তখন সেগুলো নিয়ে কোথায় যেতে হয়। এখানেই ছোটবেলা থেকে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি করার একটি সুন্দর সুযোগ আছে।
ভয়, দুশ্চিন্তা, রাগ, মন খারাপ—এসব মানুষের স্বাভাবিক অনুভূতি। ইসলাম অনুভূতিগুলো অস্বীকার করতে শেখায় না; বরং অনুভূতির মাঝেও আল্লাহর দিকে ফিরতে শেখায়। সন্তান যদি ছোটবেলা থেকেই বুঝতে শেখে, “আমার ভয় হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি, কঠিন কিছু সামনে এলে তাঁর সাহায্য চাইতে পারি, মন খারাপ হলে তাঁকে বলতে পারি”—তাহলে দোআ তার কাছে শুধু মুখস্থ কিছু শব্দ থাকবে না। ধীরে ধীরে দোআ হয়ে উঠবে তার হৃদয়ের আশ্রয়।
তবে একটি বিষয় আগে থেকেই পরিষ্কার রাখা ভালো। নিচের সব দোআকে শরিয়ত প্রতিটি নির্দিষ্ট অনুভূতির জন্য আলাদাভাবে নির্ধারণ করেছে—এমন নয়। কিছু কুরআনের দোআ ও যিকর, কিছু নবী ﷺ থেকে বর্ণিত দোআ। আমরা এগুলোর অর্থ বুঝিয়ে উপযুক্ত সময়ে সন্তানকে আল্লাহর দিকে ফিরতে শেখাতে পারি।
১. যখন খুব ভয় পায়
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকীল।
অর্থ: “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।”
— সূরা আলে ইমরান, ৩:১৭৩
অন্ধকারে ভয়, নতুন স্কুল, কোনো খারাপ ঘটনা শোনা কিংবা হঠাৎ নিরাপত্তাহীন লাগা—এসব সময়ে শুধু “ভয় নেই” বলার বদলে তাকে বোঝাতে পারেন, “তুমি একা নও। আমরা আল্লাহর ওপর ভরসা করি।” শিশুর হৃদয়ে ধীরে ধীরে এই বিশ্বাসটা বসুক—সবকিছু আমার নিয়ন্ত্রণে না থাকলেও আমার রব আছেন।
২. যখন কোনো কিছু খুব কঠিন মনে হয়
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
রব্বিশরাহ লী সদরী।
অর্থ: “হে আমার রব, আমার অন্তর প্রশস্ত করে দিন।”
— সূরা ত্বহা, ২০:২৫
হোমওয়ার্ক বুঝতে পারছে না, পরীক্ষার আগে ভয় করছে, মানুষের সামনে কথা বলতে হবে, কিংবা কোনো পরিস্থিতি এত কঠিন লাগছে যে বলছে, “আমি পারব না।” তখন শুধু “পারবে, চেষ্টা করো” বলার পাশাপাশি এই দোআর অর্থও শেখাতে পারেন। এটি মূসা আলাইহিস সালামের দোআর অংশ। কঠিন দায়িত্বের সামনে তিনিও প্রথমে আল্লাহর সাহায্য চেয়েছিলেন।
শিশুর মনে এই বোধটা তৈরি হোক: কঠিন কিছু দেখলে শুধু নিজের শক্তির দিকে তাকাব না, আল্লাহর সাহায্যও চাইব।
৩. যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
আ‘ঊযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
অর্থ: “আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।”
রাসূলুল্লাহ ﷺ একজন ব্যক্তিকে প্রচণ্ড রাগান্বিত দেখে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন।
— সহিহ আল বুখারি, ৩২৮২
রাগের তীব্র মুহূর্তে দীর্ঘ উপদেশ গ্রহণ করা অনেক শিশুর জন্য কঠিন হয়। তাই প্রথমে তাকে শান্ত হতে সাহায্য করুন, তারপর ছোট করে এই যিকরটি মনে করিয়ে দিতে পারেন। পাশাপাশি শেখান—রাগ হওয়া নিজে অপরাধ নয়, কিন্তু রাগের কারণে কাউকে আঘাত করা, অপমান করা বা অন্যায় করা ঠিক নয়।
৪. যখন খুব কষ্ট, দুঃখ বা অসহায় লাগে
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যূম, বিরাহমাতিকা আসতাগীস।
অর্থ: “হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক, আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই।”
রাসূলুল্লাহ ﷺ কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন বা কষ্টে পড়লে এই দোআ বলতেন।
— জামে আত তিরমিযি, ৩৫২৪
বন্ধু কথা বলেনি, পছন্দের কিছু হারিয়েছে, কোনো ঘটনায় কষ্ট পেয়েছে, কিংবা এমন মনখারাপ হয়েছে যার ভাষাই সে খুঁজে পাচ্ছে না—তখন তাকে শুধু “মন খারাপ করো না” বলবেন না। আগে শুনুন। তারপর বলুন, “তুমি আমাকে বলতে পারো, আর আল্লাহকেও বলতে পারো।”
একটি শিশুর জন্য কত বড় নিরাপত্তা হতে পারে এই বিশ্বাসটি: আমার কষ্ট কেউ পুরোপুরি না বুঝলেও আল্লাহ আমার অবস্থা জানেন।
৫. যখন নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে
اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي
আল্লাহুম্মা আহসানতা খালকী, ফা আহসিন খুলুকী।
অর্থ: “হে আল্লাহ, আপনি আমার বাহ্যিক গঠন সুন্দর করেছেন, আমার চরিত্রও সুন্দর করে দিন।”
এই দোআটি নবী ﷺ থেকে বর্ণিত হয়েছে।
— মুসনাদ আহমাদ; সহিহ ইবন হিব্বান
আজকের শিশুরাও খুব ছোট বয়স থেকেই তুলনা করতে শিখছে। “ও আমার চেয়ে সুন্দর”, “ও আমার চেয়ে ভালো”, “আমি কিছুই পারি না”, “আমাকে কেউ পছন্দ করে না”—এমন কথাও অনেক শিশুর মুখে শোনা যায়। তখন শুধু “তুমি তো সুন্দর” বললেই সবসময় ভেতরের সমস্যাটা মেটে না। তাকে শেখানো দরকার, মানুষের মূল্য শুধু চেহারায় নয়; সুন্দর চরিত্র, সত্যবাদিতা, দয়া, আদব—এসবও সৌন্দর্যের অংশ।
তবে দোআ শেখানো মানে শিশুর অনুভূতিকে থামিয়ে দেওয়া নয়। সে ভয় পেলে আগে তাকে নিরাপদ অনুভব করান। কষ্ট পেলে তার কথা শুনুন। রাগলে শান্ত হতে সাহায্য করুন। তারপর দোআর অর্থ বুঝিয়ে আল্লাহর দিকে ফিরতে শেখান। কারণ ইসলাম আমাদের শুধু আল্লাহকে ডাকতেই শেখায় না; দায়িত্বশীলভাবে প্রয়োজনীয় কারণ ও সমাধানের পথও গ্রহণ করতে শেখায়।
আমরা সন্তানকে অনেক কিছু শেখাই। পড়ে গেলে কী করবে, রাস্তা কীভাবে পার হবে, স্কুলে কীভাবে কথা বলবে, অপরিচিত মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। এগুলো প্রয়োজনীয়। কিন্তু তার হৃদয় ভেঙে গেলে কী করবে, ভয় খুব বড় হয়ে গেলে কাকে ডাকবে, রাগে নিজেকে হারাতে বসলে কোথায় আশ্রয় নেবে—এটাও তো শেখানো দরকার।
একদিন হয়তো তার প্রতিটি সমস্যার সময় আপনি পাশে থাকতে পারবেন না। প্রতিটি ভয় দূর করে দিতে পারবেন না। প্রতিটি কষ্টের সমাধানও আপনার হাতে থাকবে না। কিন্তু আপনি তাকে সেই রবের দিকে ফিরতে শিখিয়ে দিতে পারেন, যিনি তার অবস্থা জানেন, তার দোআ শোনেন এবং যার রহমত ও সাহায্যের দরজা সবসময় খোলা।
তাই শিশুকে শুধু দোআ মুখস্থ করাবেন না। কখন কোন দোআর অর্থ তার জীবনের সঙ্গে মিলে যায়, সেটাও বুঝিয়ে দিন। যেন একদিন সে নিজে থেকেই ভয় পেয়ে বলে, “আল্লাহ আমার জন্য যথেষ্ট।” কঠিন কিছু সামনে এলে বলে, “রব্বি, আমার অন্তর প্রশস্ত করে দিন।” মন ভেঙে গেলে জানে, তার রবের কাছে ফিরে যাওয়ার পথ আছে।
সেদিন হয়তো আপনি বুঝবেন, ছোটবেলায় শেখানো কয়েকটি দোআ শুধু তার মুখে ছিল না। ধীরে ধীরে সেগুলো তার হৃদয়ের ভাষা হয়ে গেছে।
আল্লাহ আমাদের সন্তানদের এমনভাবে বড় করার তাওফিক দিন, যেন তাদের আনন্দ, ভয়, রাগ, দুঃখ ও অসহায়তার প্রতিটি অবস্থায় তারা আল্লাহর দিকে ফিরতে শেখে। আমিন।
মূল ধারণা ও ভিজ্যুয়াল রেফারেন্স: @qalamandnoor
মন্তব্য করুন