কখনো কি দিনের শেষে হঠাৎ মনে হয়, সারাদিন ব্যস্ত ছিলাম, অথচ যে কাজগুলো সত্যিই করা দরকার ছিল, সেগুলোর অনেকটাই করা হয়নি?
সকালে উঠেই হয়তো ভেবেছিলেন, আজ একটু গুছিয়ে চলবেন। সময়মতো কাজ করবেন। ফোনটা কম ধরবেন। সালাতগুলো আরও যত্ন নিয়ে পড়বেন। কয়েকদিন ধরে পড়ে থাকা কাজটাও আজ শেষ করবেন। কিন্তু কখন যে দুপুর হয়ে যায়, বোঝা যায় না। “একটু ফোন দেখি” বলতে বলতে অনেকটা সময় চলে যায়। একটা কাজ “পরে করব” বলে রেখে দেন। সালাতের সময় হয়ে গেছে, মনে হয় আগে এটুকু শেষ করি। তারপর আবার তাড়া। রাতে বিছানায় গিয়ে পরিচিত সেই অনুভূতি, “আজও হলো না।”
সবচেয়ে অদ্ভুত ব্যাপার কী জানেন? আপনি জানেন কী করা উচিত। আপনি এমন জীবন চানও না। আপনার ভেতরে ভালো হওয়ার ইচ্ছা আছে। অনেকবার নতুন করে শুরু করার সিদ্ধান্তও নিয়েছেন। তবুও কয়েকদিন পর আবার একই জায়গায় ফিরে আসেন। তখন হয়তো নিজের ওপরই বিরক্তি আসে। “আমার দ্বারা হয় না।” “আমি খুব অলস।” “আমি এমনই।”
কিন্তু আপনি কি সত্যিই এমন? নাকি অনেকদিন ধরে কিছু অভ্যাসকে ছেড়ে দিতে দিতে সেগুলোই ধীরে ধীরে আপনার জীবন চালাতে শুরু করেছে?
আমরা সাধারণত discipline হারাই একদিনে না। এটা খুব নীরবে হয়। যেটা এখন ভালো লাগে, সেটা আগে করি। যেটা একটু কষ্টের, সেটা পরে। যেটার কোনো deadline নেই, সেটা আজ না হলেও চলবে। পাঁচ মিনিটের distraction কখনো পঞ্চাশ মিনিট হয়ে যায়। একটা কাজ ফেলে রাখা থেকে কয়েকটা কাজ জমে যায়। এভাবে একসময় দেরি করা স্বাভাবিক লাগে, নিজের কাছে দেওয়া কথা ভাঙা স্বাভাবিক লাগে, সালাতের সময়েও অন্য কাজকে অগ্রাধিকার দেওয়া স্বাভাবিক লাগে। আর সবচেয়ে বিপজ্জনক জায়গাটা আসে তখন, যখন এলোমেলো জীবনকে আমরা নিজের personality ভেবে নিই।
অথচ একজন মুসলিমের জীবন শুধু “যেভাবে চলছে চলুক” এমন হওয়ার কথা নয়। আল্লাহ সময়ের শপথ করে বলেছেন, “সময়ের শপথ। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।” সূরা আল আসর, ১০৩:১ থেকে ২
ক্ষতি সবসময় এমন কিছু নয়, যেটা সঙ্গে সঙ্গে চোখে পড়ে। একটা সকাল চলে গেল। একটা সুযোগ চলে গেল। একটা দায়িত্ব পড়ে রইল। একটা ভালো অভ্যাস আবার শুরু হলো না। একটা দিন শেষ হয়ে গেল। আর সেই দিনটা জীবনে আর কখনো ফিরে আসবে না।
এই কারণেই একজন মুসলিমের জন্য discipline শুধু বেশি কাজ করা, খুব productive হওয়া বা সুন্দর routine বানানোর নাম নয়। এর গভীরে আছে আরও বড় একটা উপলব্ধি। আমার সময় আল্লাহর দেওয়া। আমার শরীর আল্লাহর দেওয়া। আমার শক্তি, সুযোগ, দায়িত্ব, পরিবার, সামর্থ্য সবই আল্লাহর দেওয়া। আমি এগুলোর মালিকানা নিয়ে পৃথিবীতে আসিনি। নির্দিষ্ট সময়ের জন্য এগুলো আমার হাতে রাখা হয়েছে। তাই জীবনও একটি আমানত।
আর আমানত মানে perfection নয়। আমানত মানে যত্ন। আজ থেকেই পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে, প্রতিটি মিনিটের routine বানাতে হবে, ফোন একেবারে ছেড়ে দিতে হবে এমন না। বরং পরিবর্তনের প্রথম ধাপ আরও ছোট।
আজ রাতে শুধু কয়েক মিনিট নিজের সঙ্গে বসুন। নিজেকে একটা প্রশ্ন করুন, “আমার জীবনের কোন জায়গাটা এখন সবচেয়ে বেশি আমার নিয়ন্ত্রণের বাইরে?” ফোন? ঘুম? সালাত? কাজ ফেলে রাখা? অগোছালো জীবন? নাকি নিজের কাছে দেওয়া কথা বারবার ভেঙে ফেলা?
উত্তরটা কাউকে বলতে হবে না। শুধু নিজের কাছে সৎ হন। কারণ নিজের এলোমেলো জায়গাগুলো দেখতে পাওয়া ব্যর্থতার প্রমাণ নয়। বরং অনেক সময় সেখান থেকেই ফিরে আসা শুরু হয়।
এই সিরিজে আমরা একদিনে পুরো জীবন বদলানোর চেষ্টা করব না। একটা একটা করে দেখব, কোথায় আমাদের সময় হারাচ্ছে, কোথায় নফস আমাদের চালাচ্ছে, কোথায় অভ্যাস দায়িত্বের ওপর ভারী হয়ে গেছে এবং কীভাবে সালাত, সময়, ঘুম, কাজ, মনোযোগ ও দৈনন্দিন জীবনকে আবার আল্লাহর দেওয়া আমানত হিসেবে গুছিয়ে নেওয়া যায়।
হয়তো আপনার জীবন পুরোপুরি এলোমেলো হয়ে যায়নি। হয়তো শুধু কিছু জায়গা অনেকদিন ধরে যত্ন পায়নি। আর যতদিন আল্লাহ সুযোগ রেখেছেন, ততদিন গুছিয়ে নেওয়ার পথও বন্ধ হয়নি।
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন