আমরা অনেক সময় একটা “perfect routine” খুঁজি। কখন উঠব, কখন কুরআন পড়ব, কখন কাজ করব, কখন বিশ্রাম নেব—সব যদি সুন্দর করে সাজানো থাকে, তাহলে হয়তো জীবনও গুছিয়ে যাবে।
কিন্তু বাস্তব জীবন সবার একরকম না। কারও ছোট বাচ্চা আছে, কারও রাতের কাজ, কেউ পড়াশোনা করছে, কেউ অসুস্থ মা-বাবাকে দেখছে, কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকে। তাই একজন মুসলিমের গুছানো দিন মানে সবার দিন একইভাবে চলবে—এমন না।
বরং প্রশ্নটা অন্য জায়গায়, দিনের মধ্যে যাদের হক আছে, তারা কি তাদের জায়গাটা পাচ্ছে?
আল্লাহর হক আছে। নিজের শরীরের হক আছে। পরিবারের হক আছে। কাজ, পড়াশোনা ও মানুষের প্রতি দায়িত্ব আছে। বিশ্রামেরও প্রয়োজন আছে।
সালমান রা. আবু দারদা রা.-কে বলেছিলেন, “তোমার রবের তোমার ওপর হক আছে, তোমার নিজেরও তোমার ওপর হক আছে এবং তোমার পরিবারেরও তোমার ওপর হক আছে। অতএব প্রত্যেক হকদারকে তার হক দাও।” রাসূলুল্লাহ ﷺ এ কথা শুনে বলেছিলেন, “সালমান সত্য বলেছে।” সহিহ বুখারি, ১৯৬৮
এই কথাটা দিনের হিসাবকে খুব সহজ করে দেয়। গুছিয়ে থাকা মানে শুধু অনেক কাজ শেষ করা না। বরং কোন জিনিসটা আগে জায়গা পাওয়ার কথা, সেটা যেন অন্য কিছুর ভিড়ে হারিয়ে না যায়।
পাঁচ ওয়াক্ত সালাত দিনের এমন কিছু নির্ধারিত সময়, যেগুলোকে অন্য সব কাজের মতো “সময় হলে করব” বলে রাখা যায় না। যতটা সম্ভব বাকি কাজগুলোকে সালাতের চারপাশে সাজানো যায়। একইভাবে জরুরি দায়িত্বেরও জায়গা আছে। পরিবারের কারও প্রয়োজন হলে শুধু নিজের তালিকা পূরণ করার জন্য সেটাকে অবহেলা করা গুছানো জীবন না।
আবার পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের শরীরটাকে পুরোপুরি ভেঙে ফেলা, রাতের পর রাত ঘুম না দেওয়া, বিশ্রামের প্রয়োজনকে অপরাধ মনে করাও ঠিক না। নিজের যত্ন আর দায়িত্ব পালন একে অপরের শত্রু না।
একজনের দিন হয়তো ফজরের পর শুরু হবে। আরেকজনের রাতের কাজের কারণে ছন্দ আলাদা হবে। কিন্তু দুজনেরই দরকার কিছু জিনিস পরিষ্কার রাখা—কোন সময়টা সালাতের, কোন দায়িত্বটা আজ করতেই হবে, কোথায় পরিবারকে সময় দিতে হবে, আর কোন কাজটা কাল পর্যন্ত অপেক্ষা করতে পারে।
আমাদের দিনের বড় একটা অংশ অনেক সময় এমন জিনিসে চলে যায়, যেগুলো তখন খুব জরুরি মনে হয়। একটা notification, একটা call, একটা email, একটু scrolling, কারও ছোট অনুরোধ। সেগুলো করতে করতে রাত হয়। তখন মনে পড়ে, যে কাজটা সকাল থেকেই গুরুত্বপূর্ণ ছিল, সেটা এখনও পড়ে আছে।
তাই দিনের শুরুতে বা আগের রাতে দুই মিনিট বসে তিনটা প্রশ্ন করলেই অনেকটা পরিষ্কার হয়:
আজ না করলেই সমস্যা হবে এমন কাজ কোনটা?
কোন সময়গুলো অন্য কিছুকে দিয়ে দেওয়া যাবে না?
আর কোন কাজটা কাল পর্যন্ত অপেক্ষা করতে পারে?
সবকিছুকে “আজই করতে হবে” তালিকায় রাখলে শেষ পর্যন্ত কিছুই গুছানো লাগে না। কিছু কাজ ইচ্ছা করেই কালকে রাখতে হয়। কিছু invitation না বলতে হয়। কিছু অপ্রয়োজনীয় কাজ বাদ দিতে হয়। কারণ সময় সীমিত, আর সীমিত সময়ের মধ্যে priority না জানলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই অনেক সময় শেষে পড়ে থাকে।
আর একটা বিষয় দরকার, দিনের মধ্যে একটু ফাঁকা জায়গা।
প্রতিটা মিনিট কাজ দিয়ে ভরে ফেললে ছোট একটা পরিবর্তনেই পুরো পরিকল্পনা ভেঙে যায়। সন্তান হঠাৎ অসুস্থ হলো, traffic বাড়ল, একটা জরুরি ফোন এলো, শরীর খারাপ লাগল—এসব বাস্তব জীবনেরই অংশ। ভালো পরিকল্পনা এমন হওয়া দরকার, যেখানে বাস্তব জীবন ঢোকারও জায়গা আছে।
দিন এলোমেলো হয়ে গেলে আবার পুরো দিন বাদ দেওয়ারও দরকার নেই। সকালটা খারাপ গেছে? যোহরের পর থেকে আবার গুছিয়ে নিন। বিকেলটা নষ্ট হয়েছে? মাগরিবের পর বাকি সময়টুকু বাঁচান। আজ সব কাজ শেষ হবে না? যে দায়িত্বটা সবচেয়ে জরুরি, সেটুকু করুন।
প্রতিদিন নতুন জীবন শুরু করতে হয় না। অনেক সময় শুধু পরের অংশটা একটু ভালোভাবে শুরু করলেই হয়।
হয়তো আপনার দিন বাইরে থেকে খুব সুন্দর দেখাবে না। কোথাও দেরি হবে, কোনো কাজ কালকে যাবে, মাঝখানে পরিকল্পনাও বদলাবে। কিন্তু সালাত হারিয়ে যাবে না, জরুরি দায়িত্ব পড়ে থাকবে না, শরীর একেবারে উপেক্ষিত হবে না, আর ঘরের মানুষও আপনাকে পাবে।
দিনের শেষে যদি এতটুকু থাকে, তাহলে দিনটা নিখুঁত না হলেও অগোছালো বলা কঠিন।
জীবন যখন আমানত, তখন গুছানো দিন মানে প্রতিটা মিনিট ভরে ফেলা না।
কোন জিনিসগুলোকে জায়গা দিতেই হবে—সেটা ভুলে না যাওয়া।
মন্তব্য করুন