কখনো কি খেয়াল করেছেন, অগোছালো হওয়া অনেক সময় একদিনে শুরু হয় না? একটা জামা চেয়ারে রাখলেন, পরে গুছাবেন। একটা কাপ টেবিলে রয়ে গেল। কয়েকটা কাগজ জমল। রাতে একটু দেরি হলো, পরদিনও হলো। সারাদিন ব্যস্ত ছিলেন, কিন্তু ঠিকমতো পানি খাওয়া হলো না। ক্ষুধা পেয়েছিল, তবুও কাজের মধ্যে ঠেলে দিলেন। তারপর একসময় চারপাশের দিকে তাকিয়ে মনে হয়, “সবকিছু এত এলোমেলো হয়ে গেল কখন?”
মজার ব্যাপার হলো, এগুলোর কোনোটাই আলাদা করে খুব বড় ঘটনা না। কিন্তু অবহেলা যখন ছোট ছোট জায়গায় জমতে থাকে, তখন তার ওজনও ধীরে ধীরে বাড়ে। ঘরটা চোখে লাগে, শরীরটা ক্লান্ত থাকে, মাথায় কয়েকটা কাজ ঘুরতে থাকে, আর নিজের ভেতরেও একটা অস্বস্তি তৈরি হয়।
তখন অনেক সময় মনে হয়, “আগে মনটা ঠিক হোক, তারপর সব গুছাব।” কিন্তু কখনো কখনো উল্টোটাও ঘটে। টেবিলের একটা অংশ পরিষ্কার করলেন, অনেকদিনের একটা কাজ শেষ করলেন, সময়মতো খেয়ে নিলেন—আর দেখলেন মাথার ভেতরটাও একটু হালকা লাগছে। সব সমস্যার সমাধান হয়ে যায় না, কিন্তু অন্তত মনে হয়, আমি আবার নিজের জীবনের দিকে একটু খেয়াল করছি।
এখানে গুছিয়ে থাকা মানে ঘর সবসময় ছবির মতো সুন্দর রাখা না। শরীরের যত্ন মানে প্রতিদিন perfect খাবার, perfect ঘুম, perfect routine-ও না। জীবনের প্রতিটা মিনিট হিসাব করে কাটানোও না।
কথাটা আরও ব্যক্তিগত।
যেগুলো আল্লাহ আমার হাতে দিয়েছেন, আমি কি সেগুলোর যত্ন নিচ্ছি?
আমার শরীরটা কেমন আছে? আমি কি শুধু শরীরকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছি, নাকি তার প্রয়োজনও শুনছি? কয়েক রাত ঠিকমতো ঘুম হয়নি, তবুও রাতে আবার ফোন হাতে নিয়ে বসে আছি কি না। সারাদিন অন্য সবার প্রয়োজন মিটিয়েছি, কিন্তু নিজের পানি খাওয়ার কথাটাই ভুলে গেছি কি না। শরীর ক্লান্ত হওয়ার পরও তাকে “অলস” বলে আরও চাপ দিচ্ছি কি না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়—সুস্বাস্থ্য ও অবসর।” সহিহ বুখারি, ৬৪১২
স্বাস্থ্য এমন একটা নিয়ামত, যার মূল্য অনেক সময় অসুস্থ না হওয়া পর্যন্ত বুঝি না। সময়ও তেমন। ঘড়ির সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করি না; পাঁচ মিনিট করে, দশ মিনিট করে, “পরে করব” বলতে বলতে সেটা চলে যায়। দিন শেষে শুধু মনে হয়, আজও কত কিছু করা হলো না।
ঘরের ক্ষেত্রেও প্রায় একই ব্যাপার। একটা জিনিস জায়গামতো না রাখা খুব বড় বিষয় না। কিন্তু প্রতিদিন একটু একটু করে ফেলে রাখলে একসময় নিজেরই সেই জায়গায় থাকতে ভালো লাগে না। তখন পুরো ঘর দেখে মনে হয়, এত কিছু কীভাবে গুছাব?
আসলে অবহেলার একটা স্বভাব আছে—সে জমে।
কিন্তু ভালো খবর হলো, যত্নও জমে।
আজ একটা কাপ জায়গামতো রাখলেন। টেবিলের একটা কোণা পরিষ্কার করলেন। সময়মতো পানি খেলেন। ক্লান্ত শরীরকে অযথা আরেক ঘণ্টা জাগিয়ে রাখলেন না। যে ছোট দায়িত্বটা কয়েকদিন ধরে মাথায় ছিল, সেটা শেষ করলেন। এগুলো আলাদা করে খুব বড় কিছু মনে হয় না। কিন্তু এভাবেই নিজের জীবনকে একটা বার্তা দেওয়া হয়, “আমি তোমাকে আর পুরোপুরি ফেলে রাখছি না।”
আর সবকিছু একসাথে ঠিক করতেও হবে না। আপনার ঘর আজ পুরো গুছবে না। ঘুমের অভ্যাসও এক রাতে বদলাবে না। সব কাজ শেষ হবে না। দরকারও নেই।
আজ শুধু একটু তাকান। কোন জায়গাটা অনেকদিন ধরে আপনার যত্ন পাচ্ছে না?
আপনার ঘর?
আপনার শরীর?
নাকি আপনার সময়?
একটা বেছে নিন। তারপর এমন ছোট একটা কাজ করুন, যেটা আজই শেষ করা যায়।
হয়তো আজ আপনার পুরো জীবন গুছবে না। কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার সময় অন্তত একটা জিনিস দেখে মনে হবে, “এটা আজ আর ফেলে রাখিনি।”
আর হয়তো সেখান থেকেই কিছু একটা বদলাতে শুরু করবে।
কারণ অবহেলা যেমন ছোট ছোট জায়গায় জমে, যত্নও তেমনি ছোট ছোট জায়গা থেকেই ফিরে আসে।
জীবন যখন আমানত, তখন শুধু বড় বড় দায়িত্বই আমানত না। যে শরীর দিয়ে আপনি ইবাদত করেন, যে সময় দিয়ে জীবন কাটান, যে জায়গায় প্রতিদিন ফিরে আসেন—এসবের প্রতিও যত্ন থাকা দরকার।
সবকিছু নিখুঁত করার জন্য না।
যা পেয়েছি, তাকে অবহেলায় নষ্ট না করার জন্য।
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
পাঠকের আলোচনা
আপনার ভাবনা লিখুন
আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।