মূল লেখায় যান

Study Room লেখা

জীবন যখন আমানত | পর্ব ৭ — কাজ জমে গেলে মনও কেন ভারী হয়ে যায়?

বিষয়: · · ·

কখনো কি এমন হয়েছে, আসলে কোনো একটা কাজই খুব কঠিন না, কিন্তু সবগুলো একসাথে মাথায় থাকায় কিছুই শুরু করতে ইচ্ছা করছে না?

একটা message-এর reply দেওয়া বাকি। একটা form জমা দিতে হবে। ঘরের একটা অংশ গুছানো হয়নি। কারও সঙ্গে জরুরি কথা বলা দরকার। পড়ার কিছু জমে আছে। হয়তো কোনো bill, কোনো appointment, কোনো ছোট দায়িত্ব। আলাদা করে দেখলে প্রতিটা কাজই করা সম্ভব। কিন্তু সবগুলো একসাথে মাথার মধ্যে ঘুরতে থাকলে মনে হয়, “অনেক কিছু বাকি… কোথা থেকে শুরু করব?”

তারপর আমরা অনেক সময় আসল কাজটা শুরু না করে অন্য কিছু করি। একটু ফোন দেখি। ছোটখাটো এমন কাজ করি, যেগুলো না করলেও এখন চলত। কারণ যেটা সত্যি দরকার, সেটার দিকে তাকালেই চাপ লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, কাজটা না করলেও সেটা আমাদের ছেড়ে যায় না। খেতে বসে মনে পড়ে। অন্য কাজ করতে গিয়ে মনে পড়ে। ঘুমাতে গেলেও হঠাৎ মাথায় আসে, “ওটা তো এখনও করা হয়নি।”

একটা অসমাপ্ত কাজ শুধু তালিকায় পড়ে থাকে না। অনেক সময় মাথার ভেতরও জায়গা নিয়ে বসে থাকে। কাজটা যতদিন পড়ে থাকে, তার সঙ্গে আরও কিছু জুড়ে যায়। “আগেই করলে হয়ে যেত।” “এখন শুরু করতে আরও ঝামেলা লাগছে।” “আমি কেন সবকিছু এভাবে জমিয়ে ফেলি?” তখন দশ মিনিটের একটা কাজও মনে হয় অনেক বড়।

আর এখানেই আমরা নিজেদের নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি। “আমি খুব অগোছালো।” “আমার discipline নেই।” “আমার দ্বারা কিছু নিয়মিত হয় না।” অথচ সবসময় সমস্যাটা সামর্থ্যে না। অনেক সময় মাথার মধ্যে একসাথে এতগুলো অসমাপ্ত বিষয় ধরে রাখার কারণেই শুরু করাটা কঠিন হয়ে যায়।

একটা জিনিস খেয়াল করেছেন? কোনো পুরোনো কাজ শেষ করার পর কখনো হঠাৎ মনে হয়, “এটার জন্য আমি এতদিন এত চাপ নিয়ে ঘুরছিলাম?” কাজটা হয়তো দশ মিনিটের ছিল। কিন্তু তিন দিন ধরে সেটা মাথায় বহন করতে করতে তার ওজন দশ মিনিটের কাজের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছিল।

তাই জীবন গুছানো মানে সব কাজ একদিনে শেষ করা না। বরং কোনটা এখন করতে হবে, কোনটা পরে করা যাবে, আর কোনটা আদৌ করার দরকার নেই—এটা পরিষ্কার করা।

সব অসমাপ্ত কাজই সমান জরুরি না। কিছু কাজ সত্যিই করতে হবে। কিছু অপেক্ষা করতে পারে। কিছু কাজ হয়তো শুধু অভ্যাসের কারণে তালিকায় আছে, বাস্তবে তার আর কোনো প্রয়োজনই নেই। সবকিছুকে সমান জরুরি ধরে রাখলে মাথা স্বাভাবিকভাবেই ভারী হবে।

আজ একটা কাগজ নিন। মাথায় যেসব কাজ ঘুরছে, সব লিখে ফেলুন। তারপর তিন ভাগ করুন: আজ করতে হবে, এই সপ্তাহে করতে হবে, আর এখন না করলেও চলবে। তারপর “আজ” থেকে শুধু একটা কাজ বেছে নিন। পুরো তালিকা না। শুধু একটা।

কারও reply দেওয়া বাকি? এখনই দিন। একটা form? খুলে প্রথম অংশটা পূরণ করুন। ঘর অগোছালো? পুরো ঘর না, শুধু একটা জায়গা। পড়া জমে আছে? পুরো chapter না, প্রথম দুই পৃষ্ঠা।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারি, সহিহ মুসলিম।
সূত্র সহিহ বুখারি ৬৪৬৫।

এই শিক্ষাটা দৈনন্দিন জীবনেও খুব সুন্দরভাবে কাজে লাগে। সবকিছু একসাথে করার চেয়ে ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ অনেক দূর নিয়ে যেতে পারে। আজ একটা কাজ শেষ হলো, কাল আরেকটা। ধীরে ধীরে জমে থাকা জিনিসও কমে, নিজের ওপর আস্থাও ফিরে আসে।

আর একটা কথা মনে রাখুন, সব কাজ শেষ করতেই হবে এমন না। কিছু কাজ বাদ দেওয়াও কখনো discipline। যে দায়িত্ব সত্যিই আপনার, সেটা করুন। যেটা শুধু অপ্রয়োজনীয় চাপ বাড়াচ্ছে, সেটা ছেড়ে দিন। কারণ নিজের সময়, মনোযোগ আর শক্তিও তো সীমিত।

হয়তো আজ আপনার দরকার আরও বড় কোনো plan না। দরকার শুধু মাথার ভেতর ঘুরতে থাকা একটা কাজ নামিয়ে রাখা।

আজ একটা পুরোনো অসমাপ্ত কাজ শেষ করুন। খুব ছোট হলেও।

তারপর দেখুন, কাজটা শেষ হওয়ার পর ভেতরে কি একটু জায়গা তৈরি হয়।

হয়তো তখন আপনার নিজেরই মনে হবে,
“আচ্ছা, এটা তো এত বড় ছিল না। আমি শুধু অনেকদিন ধরে মাথার মধ্যে বড় করে রেখেছিলাম।”

জীবন যখন আমানত, তখন দায়িত্বও আমানত। আর দায়িত্বের যত্ন মানে সবকিছু নিজের কাঁধে তুলে নেওয়া না। বরং কোনটা এখন করতে হবে, কোনটা অপেক্ষা করবে, আর কোনটা ছেড়ে দিতে হবে—সেটাও শেখা।

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

জীবন যখন আমানত · পর্ব ৭

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।