আপনি হয়তো নিজের ঘরে বসে ছিলেন। হঠাৎ বাবা ডাকলেন। কোনো একটা বিষয়ে তিনি আগে থেকেই রেগে আছেন। আপনি সামনে যেতেই প্রশ্ন শুরু হলো। আপনি উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি আপনার কথা শেষ করতে দিচ্ছেন না। গলার স্বর বাড়ছে। পুরোনো ঘটনাও উঠে আসছে। একটু পর মা এসে কিছু বললেন, তিনিও রেগে গেলেন। আপনি দাঁড়িয়ে আছেন আর মনে হচ্ছে, “আমি কিছু বললেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা।” বুকের ভেতর ধড়ফড় করছে। মাথা গরম হয়ে যাচ্ছে। একটা সময় মনে হয়, “আর কত? আমিও আজ সব বলে দেব।” অনেক ছেলে মেয়ের জীবনে ঝগড়ার সবচেয়ে কঠিন মুহূর্তটা এখানেই। কারণ তখন সমস্যাটা আর শুধু মা বাবা কী বলছেন সেটা থাকে না। আপনার নিজের শরীরও যেন আপনাকে পাল্টা আঘাত করতে বলছে। গলা শক্ত হয়ে আসে, মুখ দিয়ে এমন কথা বের হতে চায় যা স্বাভাবিক অবস্থায় আপনি হয়তো বলতেন না। পরে ঘরে ফিরে আফসোস হয়, কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল চুপ থাকলে যেন আপনি হেরে যাচ্ছেন।
রাগের সময় মানুষের ভেতরে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। আপনি যখন অপমানিত, অভিযুক্ত বা অন্যায়ভাবে দোষী মনে করেন নিজেকে, তখন মন খুব দ্রুত নিজের পক্ষে দাঁড়াতে চায়। বিশেষ করে কথাগুলো যদি মা বাবার কাছ থেকে আসে, আঘাতটা আরও বেশি লাগে। কারণ তাঁদের কাছেই তো আপনি নিরাপদ থাকতে চেয়েছিলেন। তাই বাবা যখন বলেন, “তোমার দ্বারা কিছু হবে না”, আপনি শুধু একটা বাক্য শোনেন না। আপনার ভেতরে সেটা কখনো হয়ে যায়, “আমার বাবা আমার ওপর বিশ্বাসই করেন না।” মা যখন বলেন, “অমুকের মেয়েটাকে দেখো, আর তোমাকে দেখো”, তখন আপনার কানে শুধু তুলনা আসে না, মনে হয়, “আমি কি তোমার কাছে এতটাই খারাপ?” তখন জবাব দিতে ইচ্ছে করাটা বোঝা যায়। কিন্তু এখানেই একটা কঠিন সত্য আছে। আপনার রাগের কারণ ন্যায্য হতে পারে, কিন্তু রাগের মধ্যে আপনি যা কিছু করবেন তার সবটাই ন্যায্য হয়ে যায় না। বাবা অন্যায়ভাবে কথা বললে সেটার দায় তাঁর। কিন্তু আপনি তার জবাবে যে কথাটা বললেন, সেটার দায় আপনার।
রাসূলুল্লাহ ﷺ শক্তিশালী মানুষকে নতুনভাবে চিনিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এই অর্থের হাদিস এসেছে। আমরা অনেক সময় শক্তি বলতে পাল্টা জবাব দিতে পারাকে বুঝি। “উনি আমাকে বললে আমিও বলব। আমি কি মানুষ না?” কিন্তু সব জবাব মুখ দিয়ে দিতে হয় না। কখনো আপনি খুব ভালো করেই জানেন কোন কথাটা বললে বাবাকে সবচেয়ে বেশি আঘাত করা যাবে। তাঁর কোনো ব্যর্থতা, কোনো পুরোনো ভুল, কোনো দুর্বল জায়গা আপনার জানা আছে। রাগের মুহূর্তে সেটা মুখের সামনে এনে দিলেন। হয়তো তিনি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। বাইরে থেকে মনে হলো আপনি জিতে গেছেন। কিন্তু কিছু জয় আছে, যেগুলোর দাম পরে সম্পর্ক দিয়ে দিতে হয়। মা বাবাকে কষ্ট দেওয়ার ক্ষমতা থাকা আর সেই ক্ষমতাটা ব্যবহার না করা, এই জায়গাটাও চরিত্রের অংশ।
তাহলে তাঁরা চিৎকার করলে আপনি কি শুধু দাঁড়িয়ে সব শুনবেন? সব পরিস্থিতিতে না। শান্ত থাকা আর নিজেকে অপমানের জন্য দাঁড় করিয়ে রাখা এক কথা নয়। প্রথম কাজ হলো বুঝতে চেষ্টা করা, এই মুহূর্তে কথোপকথন আদৌ কথোপকথন আছে কি না। বাবা যদি খুব রেগে থাকেন, আপনি একটা বাক্য বললেই তিনি আরও দশটা বলছেন, আর আপনার নিজেরও নিয়ন্ত্রণ হারানোর অবস্থা, তখন সেই মুহূর্তে সমস্যার সমাধান করার চেষ্টা বন্ধ করা ভালো। নরমভাবে বলতে পারেন, “আব্বু, আমি আপনার কথা শুনছি। কিন্তু এখন আমরা দুজনই খুব রেগে আছি। আমি ভয় পাচ্ছি আমিও খারাপভাবে কথা বলে ফেলব। একটু পরে কথা বলি?” মাকে বলতে পারেন, “আম্মু, আমি পালাচ্ছি না। আমি শুধু একটু শান্ত হতে চাই। পরে আপনার সঙ্গে বসে কথা বলব।” এই ভাষার উদ্দেশ্য তাঁদের চুপ করানো নয়। আপনি নিজের জিহ্বাকে বাঁচানোর জন্য কিছুটা সময় নিচ্ছেন। তবে বলেই এমনভাবে চলে যাবেন না যেন দরজা আছাড় দিয়ে নিজের কথাটাই প্রমাণ করে দিলেন। সরে যাওয়ার ভঙ্গিটাও কথার অংশ।
কখনো আবার সরে যাওয়ার সুযোগও থাকবে না। বাবা বলছেন, “কোথাও যাবে না, এখানে দাঁড়াও।” তখন কী করবেন? তখন উত্তর ছোট করুন। প্রতিটা অভিযোগের সঙ্গে সঙ্গে নিজের defence শুরু করবেন না। সব ভুল বোঝাবুঝি ওই পাঁচ মিনিটেই পরিষ্কার করতে হবে না। “জি, আমি শুনছি”, “এই জায়গাটা আমি পরে একটু বুঝিয়ে বলতে চাই”, “আমি বুঝতে পারছি আপনি খুব রেগে আছেন”, এমন ছোট উত্তর পরিস্থিতি আরও না বাড়াতে সাহায্য করতে পারে। এর অর্থ এই নয় যে তিনি যা বলছেন সব সত্য বলে মেনে নিলেন। আপনি শুধু বুঝছেন, এখন যুক্তি দেওয়ার সময় না। একটা মানুষ যখন রাগের চূড়ায় থাকে, তখন দশটা যুক্তি তার কাছে দশটা প্রতিবাদ মনে হতে পারে। আপনি যদি প্রতিটি বাক্যের ভুল ধরতে যান, “না, এটা হয়নি”, “আপনি ভুল বলছেন”, “আমি তো সেটা বলিনি”, “কিন্তু আপনি আগে…” তাহলে খুব দ্রুত কথাটা আরও খারাপ হয়ে যেতে পারে। পরে যখন পরিবেশ স্বাভাবিক হবে, তখন এক এক করে বলবেন কোন জায়গায় আপনার কথা ছিল।
একটা ভুল আমরা খুব করি। মা বাবা রেগে গেলে আমরা তাঁদের গলার স্বরের সঙ্গে নিজেদের গলার স্বর মিলিয়ে ফেলি। তিনি জোরে বললেন, আমিও একটু জোরে বললাম যাতে আমার কথা শোনা যায়। তিনি আরও জোরে বললেন, আমিও আরও জোরে। কিছুক্ষণ পর কে কী বলছে সেটা আর কারও মাথায় থাকে না। শুধু শব্দের উচ্চতা বাড়তে থাকে। তখন খুব সাধারণ একটা বাক্যও আঘাতের মতো শোনায়। আপনি যদি দেখেন নিজের গলাও চড়ে যাচ্ছে, ইচ্ছা করে স্বর নিচু করুন। সবসময় এতে অপর পক্ষ সঙ্গে সঙ্গে শান্ত হবে না, কিন্তু অন্তত আপনার নিজের নিয়ন্ত্রণ ফেরে। পানি পান করতে পারেন। দাঁড়িয়ে থাকলে বসে পড়তে পারেন, সম্ভব হলে জায়গাটা বদলাতে পারেন। অযু করাও অনেকের জন্য মনকে থামানোর ভালো একটা উপায় হতে পারে। এগুলো কোনো জাদুর কৌশল নয় যে করলেই অন্য মানুষ বদলে যাবে। লক্ষ্য হচ্ছে, সেই কয়েক মিনিটে নিজের ভেতরে এমন জায়গা তৈরি করা যাতে রাগ আপনার হয়ে সিদ্ধান্ত না নেয়।
আর একটা জিনিস খুব দরকার। রাগের সময় মা বাবার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাকে সঙ্গে সঙ্গে নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। বাবা বলেছেন, “তোর দ্বারা কিছু হবে না।” এটা কষ্টদায়ক কথা, বলা ঠিক হয়নি। কিন্তু সেই বাক্য আপনার ভবিষ্যতের ঘোষণা না। মা বলেছেন, “তুই আমাদের কোনোদিন শান্তি দিলি না।” হয়তো তিনি গভীর হতাশা থেকে অতিরঞ্জিত করে বলেছেন। সেটাও আপনাকে ভালো সন্তান হওয়ার সব সম্ভাবনা থেকে বের করে দেয় না। মানুষের রাগের ভাষা অনেক সময় মানুষের স্থির বিশ্বাসের ভাষা হয় না। তবে এর মানে এইও নয় যে কথাগুলো কষ্ট দেয় না বা নিয়মিত এমন কথা বলাটা ঠিক। শুধু এতটুকু মনে রাখবেন, কারও রাগের মুহূর্তের একটা বাক্যকে নিজের মূল্য নির্ধারণের কাগজ বানাবেন না। না হলে প্রতিবার ঝগড়ার পর আপনি শুধু সম্পর্ক নিয়ে না, নিজের পুরো জীবন নিয়েও ভেঙে পড়বেন।
পরিস্থিতি শান্ত হলে বিষয়টা চাপা দিয়ে সব স্বাভাবিক করে ফেলাও সবসময় ভালো সমাধান নয়। যদি কোনো কথা আপনাকে সত্যিই আঘাত করে, পরে সময় দেখে বলুন। তবে সেই আলোচনায় নতুন করে মামলা খুলবেন না। “কাল আপনি যা বলেছেন, তার মধ্যে একটা কথা আমার খুব লেগেছে। আপনি বলেছিলেন আমার দ্বারা কিছু হবে না। আমি জানি আপনি রাগে বলেছিলেন, কিন্তু ওই কথাটা আমি এখনও মাথা থেকে বের করতে পারছি না।” এইভাবে বললে আপনি নিজের অভিজ্ঞতাটা জানাচ্ছেন। “আপনি আমাকে ঘৃণা করেন”, “আপনি খারাপ বাবা”, “আপনি সবসময় আমাকে ভাঙেন” বললে সামনের মানুষ আবার নিজেকে defend করতে শুরু করবেন। কখনো নিজের ভুলটাও একই সঙ্গে বলা যায়, “আমিও কাল গলা উঁচু করেছি। সেটা ঠিক হয়নি। কিন্তু আমরা যদি দুজনই এমন কথা না বলি যেগুলো পরে থেকে যায়, তাহলে হয়তো ঝগড়াটা এতদূর যাবে না।” মা বাবার সঙ্গে সম্পর্ক মেরামতের অনেক কথাই এভাবে শুরু হয়। কেউ একবারে বদলাবেন না। কখনো একই কথা কয়েকবার শান্ত সময়ে বলতে হবে।
তবে সব পরিবারে বিষয়টা এত সহজ নয়। কিছু ছেলে মেয়ে এমন ঘরে থাকে যেখানে চিৎকার শুধু মাঝে মাঝে নয়, প্রায় প্রতিদিনের ঘটনা। সামান্য ভুলে গালাগালি, অপমান, জিনিস ছোড়া, মারধর, ভয় দেখানো হয়। সেখানে “শান্ত থাকো” বললেই দায়িত্ব শেষ হয় না। যদি আপনি বুঝতে পারেন পরিস্থিতি শারীরিকভাবে unsafe হয়ে যাচ্ছে, তখন প্রথম কাজ তর্ক জেতা না, নিজের নিরাপত্তা। সম্ভব হলে নিরাপদ জায়গায় যান। বিশ্বস্ত আত্মীয়, পরিবারের দায়িত্বশীল বড় কেউ, শিক্ষক, কাউন্সেলর বা এমন কোনো মানুষকে জানান যিনি বাস্তবে সাহায্য করতে পারবেন। যদি ছোট ভাইবোনের নিরাপত্তাও ঝুঁকিতে থাকে, সেটাও চুপ করে থাকার বিষয় নয়। মা বাবার প্রতি সম্মান ইসলামের শিক্ষা, কিন্তু ইসলাম আপনাকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে বলে না যেখানে বাস্তব ক্ষতির আশঙ্কা আছে এবং সাহায্য নেওয়ার সুযোগও আছে। আবার সাধারণ রাগারাগি আর গুরুতর নির্যাতনকেও এক করে দেখা ঠিক নয়। দুটোকে আলাদা করে বুঝতে হবে।
ঝগড়ার পরে আমাদের আরেক ধরনের প্রতিক্রিয়া হয়। আমরা কথা বন্ধ করে দিই। একদিন, দুইদিন, কখনো সপ্তাহ। সামনে পড়লে মুখ ঘুরিয়ে নিই। মা ডাকলে উত্তর দিই না। বাবা কিছু জিজ্ঞেস করলে অন্য কাউকে দিয়ে বলাই। মনে হয়, “ওরা বুঝুক আমার কত কষ্ট হয়েছে।” কিন্তু এই নীরবতাও কখনো প্রতিশোধ হয়ে যায়। একটু সময় নিয়ে শান্ত হওয়া দরকার হতে পারে, কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য দিনের পর দিন সম্পর্ক বন্ধ রাখা অন্য জিনিস। আপনি কথা বলার মতো অবস্থায় না থাকলে জানিয়ে দিন, “আমার মনটা এখনও খারাপ। একটু সময় লাগবে, কিন্তু আমি কথা বন্ধ করে রাখতে চাই না।” এতটুকু বললেও সম্পর্কের দরজাটা বন্ধ হয় না। কারণ অনেক সময় দুজন মানুষই অপেক্ষা করেন অন্যজন আগে কথা বলুক। কেউ এগোয় না। একটা ছোট ঝগড়া ধীরে ধীরে বিশাল দূরত্ব হয়ে যায়।
আপনি যদি এই ধরনের পরিস্থিতিতে বারবার পড়েন, ঝগড়ার পরে শুধু “ওরা কেন এমন?” ভাববেন না। নিজের pattern টাও দেখুন। কোন কথায় আপনার মাথা সবচেয়ে দ্রুত গরম হয়? তুলনা? ক্যারিয়ার? টাকা? বিয়ে? বন্ধুবান্ধব? পুরোনো ব্যর্থতা? কোন সময় আপনি এমন কথা বলে ফেলেন যেটার জন্য পরে অনুতপ্ত হন? আপনি কি সবসময় শেষ কথা বলতে চান? নাকি এতদিন চুপ থাকতে থাকতে একদিন বিস্ফোরিত হন? নিজের এই জায়গাগুলো চিনে ফেললে পরের ঝগড়ায় আপনি কিছুটা আগে নিজেকে ধরতে পারবেন। একইভাবে শান্ত সময়ে মা বাবাকেও বলা যায়, “এই বিষয়টা নিয়ে কথা হলেই আমাদের ঝগড়া হয়। আমরা কি অন্যভাবে কথা বলার চেষ্টা করতে পারি?” সব পরিবার এই কথায় সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু সম্পর্কের নতুন অভ্যাস কখনো কখনো একজনের আচরণ বদলানো দিয়েই শুরু হয়।
মনে রাখবেন, আপনার মা বাবা রেগে গেলে তাঁদের রাগ নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুরোপুরি আপনার না। আপনি সবসময় এমন perfect কথা খুঁজে পাবেন না যা বললেই তাঁরা শান্ত হয়ে যাবেন। কখনো আপনি খুব সম্মানের সঙ্গে কথা বলেও কঠিন কথা শুনবেন। তখন নিজের সব দোষ খুঁজে বসবেন না। আপনার দায়িত্ব নিজের সীমার মধ্যে। আপনি চেষ্টা করবেন বেয়াদবি না করতে, মিথ্যা না বলতে, অপমানের জবাবে অপমান না করতে, সম্ভব হলে পরিস্থিতি ঠান্ডা করতে। আর পরে প্রয়োজন হলে নিজের কষ্টটা স্পষ্ট করে বলতে। তাঁদের আচরণের জন্য তাঁরা আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আপনার আচরণের জন্য আপনি করবেন।
ঝগড়ার মুহূর্তে হয়তো আপনার মনে হবে, “আমি এখনই কিছু না বললে আমাকে দুর্বল ভাববে।” কিন্তু অনেক সময় পাঁচ সেকেন্ডের একটা চুপ থাকা, একটা কড়া বাক্য আটকে দেওয়া, ঘর থেকে বের হওয়ার আগে স্বরটা নামিয়ে বলা, “পরে কথা বলি”, এগুলো দুর্বলতার কাজ নয়। এগুলো সেই মানুষটার কাজ, যে বুঝেছে রাগের পাঁচ মিনিটকে দিয়ে সে বিশ বছরের সম্পর্কের ক্ষতি করতে চায় না।
সব কথা সেই মুহূর্তে বলতে হয় না। কিছু কথা বাঁচিয়ে রাখাই ভালো, যাতে পরে শান্ত হয়ে সত্যিকারের কথাটা বলা যায়।
পরবর্তী পর্ব: মা বাবা ভুল করলে সন্তান কীভাবে সেটা বলবে? কোথায় সম্মান, কোথায় সীমা, আর কখন চুপ থাকা আর ঠিক নয়?
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন