একই বাসায় থাকেন, কিন্তু আগের মতো কথা হয় না। মা কিছু জিজ্ঞেস করলে প্রয়োজনের বেশি উত্তর দেন না। বাবার সঙ্গে একসঙ্গে বসা হয়, কিন্তু নিজের জীবনের কথা আর বলেন না। বাইরে থেকে দেখলে কোনো সমস্যা চোখে পড়বে না। ঈদে একসঙ্গে ছবি হয়, আত্মীয়দের সামনে স্বাভাবিক কথা হয়, অসুস্থ হলে খোঁজও নেন। কিন্তু আপনি জানেন, মাঝখানে কোথাও একটা দেয়াল উঠে গেছে। হয়তো কোনো একদিনের বড় ঝগড়া থেকে, হয়তো বছরের পর বছর ছোট ছোট কষ্ট জমে। এখন মনে হয়, “সম্পর্ক তো আছে, কিন্তু আগের মতো কিছু নেই।” আবার কখনো মনে হয়, “আমি চেষ্টা করেই বা কী লাভ? উনারা তো বদলাবেন না।” এই সিরিজের শেষ পর্বে তাই কোনো সুন্দর আবেগের গল্প দিয়ে বলব না যে একদিন সবাই বসে কাঁদল, ক্ষমা চাইল, তারপর সব ঠিক হয়ে গেল। বাস্তব পরিবারে অনেক সময় সম্পর্ক এভাবে ঠিক হয় না। কোনো কোনো বাবা কোনোদিন মুখে “আমার ভুল হয়েছে” বলেন না। কোনো মা নিজের কষ্টের ভাষার বাইরে সন্তানের কষ্ট বুঝতে অনেক সময় নেন। কোনো সন্তানও বহু বছরের ক্ষোভ একদিনে নামিয়ে রাখতে পারে না। তবু সম্পর্ক ভালো হওয়ার মানে সবকিছু আগের মতো হওয়া না। কখনো ভালো হওয়ার শুরু হয় শুধু এতটুকু দিয়ে যে আগের মতো প্রতিদিন আঘাত লাগে না, কথা বলা আবার সম্ভব হয়, আর কেউ কাউকে শত্রু মনে করে না।
অনেকেই সম্পর্ক ঠিক করার আগে একটা শর্ত রেখে বসে থাকেন, “আগে উনি বুঝুক উনি কী করেছেন। আগে উনি sorry বলুক। তারপর আমি স্বাভাবিক হব।” এই চাওয়াটা অস্বাভাবিক নয়। যে কষ্ট পেয়েছে, তার মনে স্বীকৃতি পাওয়ার প্রয়োজন থাকে। আপনি চান বাবা একবার বলুন, “হ্যাঁ, ওই সময় আমি তোকে খুব কঠিন কথা বলেছিলাম।” চান মা স্বীকার করুন, “তোকে অন্যদের সঙ্গে তুলনা করে আমি ভুল করেছি।” কিন্তু বাস্তবতার কষ্টকর দিক হলো, আপনি যাঁর কাছ থেকে এই স্বীকারোক্তি চাইছেন তিনি হয়তো নিজের আচরণকে এখনও ভুল মনে করেন না। অথবা বুঝলেও বলতে পারেন না। তাহলে কি আপনার জীবনও সেই একটি বাক্যের জন্য আটকে থাকবে? ক্ষমা করা, সম্পর্কের দরজা খোলা আর যা হয়েছে সেটাকে ঠিক বলে দেওয়া এক জিনিস নয়। আপনি বলতে পারেন, “আমি এখনও মনে করি ওই আচরণটা ভুল ছিল। আমার কষ্টও পুরোপুরি যায়নি। কিন্তু আমি চাই না এই ঘটনাটা আমাদের বাকি জীবন চালাক।” এই সিদ্ধান্ত অন্য মানুষটার ভুল মুছে দেয় না। বরং আপনার জীবনের নিয়ন্ত্রণটা ধীরে ধীরে সেই ঘটনার হাত থেকে ফিরিয়ে আনে।
সম্পর্ক মেরামত শুরু করার সবচেয়ে ভালো জায়গা অনেক সময় বড় discussion না, ছোট ছোট স্বাভাবিকতা। কিছু পরিবারে মাসের পর মাস কথা বন্ধ থাকার পর সন্তান হঠাৎ এক রাতে বসে পাঁচ বছরের সব অভিযোগ খুলে দেয়। এরপর আবার ঝগড়া। কারণ দুজনের কারও মনই এত বড় কথোপকথনের জন্য প্রস্তুত ছিল না। তার চেয়ে কখনো প্রথম কাজ হলো আবার সালাম দেওয়া, একসঙ্গে চা খাওয়া, বাজার থেকে ফেরার পথে মায়ের প্রয়োজনের কিছু নিয়ে আসা, বাবাকে জিজ্ঞেস করা তাঁর ডাক্তার দেখানোর দিন কবে, কোনো পুরোনো বিষয়ে তাঁর পরামর্শ চাওয়া। এগুলো অভিনয় নয়। আপনি নিজের কষ্ট ভুলে যাননি। শুধু সম্পর্কের মধ্যে যে স্বাভাবিক যোগাযোগটুকু মরে গিয়েছিল সেটা আবার ফিরিয়ে আনছেন। অনেক সময় মানুষ গভীর কথা বলার নিরাপত্তা পায় এই ছোট ছোট স্বাভাবিকতার ভেতর দিয়েই।
তারপর কোনো শান্ত দিনে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলা যায়। সব অভিযোগ একসঙ্গে না। “আমার শৈশব থেকে আজ পর্যন্ত আপনারা যা যা করেছেন” এই তালিকা খুললে দুপক্ষই ক্লান্ত হয়ে যাবে। এমন একটা বিষয় বেছে নিন যেটা এখনও সম্পর্ককে প্রভাবিত করছে। বলতে পারেন, “আব্বু, একটা কথা অনেক দিন ধরে বলতে চাই। আমি ঝগড়া করতে চাই না। শুধু চাই আপনি জানুন, ওই সময় যখন আমাকে বারবার বলা হয়েছিল আমার দ্বারা কিছু হবে না, তখন আমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এখন আমি চেষ্টা করছি সেটা থেকে বের হতে।” অথবা, “আম্মু, আমি জানি আপনি আমার ভালো চান। কিন্তু অন্যদের সঙ্গে তুলনা করলে আমি আপনার থেকে দূরে সরে যাই। আপনি যদি আমার ভুল সরাসরি বলেন, আমি সেটা বেশি ভালোভাবে নিতে পারি।” এখানে লক্ষ্য হবে অতীতের বিচার শেষ করা নয়, ভবিষ্যতে কী বদলালে সম্পর্কটা ভালো হবে সেটা বোঝানো।
আপনার নিজের কোনো ভুল থাকলে সেটাও আলাদা করে স্বীকার করুন। “আমি রাগ করে কয়েকদিন কথা বলিনি, সেটা ঠিক হয়নি।” “আমি সেদিন এমন একটা কথা বলেছিলাম যেটা বলা উচিত ছিল না।” “আমি আপনাদের কিছু না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা ভালোভাবে handle করিনি।” নিজের ভুলের পাশে সঙ্গে সঙ্গে “কিন্তু আপনি আগে…” বসাবেন না। আমরা অনেক সময় ক্ষমা চাইতেও এমনভাবে চাই যে আসলে ক্ষমা চাই না। বলি, “আমি চিৎকার করেছি ঠিক, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন।” এতে দায়িত্বটা আবার অন্যজনের ওপর চলে গেল। নিজের অংশটুকু নিজের নামে নিন। তারপর অন্যদিন তাঁর অংশ নিয়ে কথা বলুন। এতে আপনি ছোট হয়ে যান না। বরং সম্পর্কের ভেতরে এমন একটা ভাষা তৈরি হয় যেখানে ভুল স্বীকার করা পরাজয় মনে হয় না।
একই সঙ্গে একটা জিনিসও বুঝতে হবে, সম্পর্ক মেরামত শুধু সন্তানের দায়িত্ব না। মা বাবারও কাজ আছে। যদি সন্তান বহুদিনের কষ্ট নিয়ে এসে কথা বলে, তখন শুধু নিজের ত্যাগের হিসাব খুললে সে আবার বন্ধ হয়ে যাবে। “তোর জন্য কী করিনি?” হয়তো সত্যি, আপনি অনেক কিছু করেছেন। কিন্তু মানুষ একসঙ্গে কৃতজ্ঞ এবং আহত দুটোই হতে পারে। সন্তান আপনার ত্যাগ অস্বীকার না করেও বলতে পারে আপনার কোনো একটা আচরণ তাকে কষ্ট দিয়েছে। ওই কথাটা শুনে যদি প্রথমবার আপনার মনে হয়, “আমি তো খারাপ উদ্দেশ্যে বলিনি”, তখনও একটু থামুন। উদ্দেশ্য ভালো ছিল কি না সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু কথাটা তার ওপর কী প্রভাব ফেলেছে সেটাও গুরুত্বপূর্ণ। কখনো একটা সম্পর্ক বদলে যায় শুধু এই একটি বাক্যে, “আমি বুঝিনি তুই এতটা কষ্ট পেয়েছিলি।” সব ভুলের ব্যাখ্যা দরকার হয় না, কিছু ভুলের সামনে শুধু শোনা দরকার।
সম্পর্ক ঠিক করতে চাইলে দুপক্ষকেই একটা পুরোনো অভ্যাস ছাড়তে হবে, অতীতের সব ঘটনা বর্তমানের প্রতিটি ঝগড়ায় এনে রাখা। পাঁচ বছর আগে ছেলে একটা ভুল করেছে, আজ অন্য বিষয়ে কথা উঠলেও সেটা ফিরে আসে। মা একসময় কোনো অন্যায় করেছিলেন, এখন তিনি ভালো কিছু বললেও সন্তান মনে মনে বলে, “উনি এমনই।” মানুষ বদলানোর চেষ্টা করলে তার পুরোনো পরিচয়টা যদি আমরা প্রতিদিন তার সামনে রেখে দিই, তাহলে সে বদলানোর উৎসাহ হারায়। কোনো গুরুতর ক্ষতি ভুলে যেতে হবে এমন কথা নয়। কিন্তু প্রতিটি নতুন দিনকে পুরোনো মামলার আরেকটা hearing বানালে সম্পর্ক সামনে যাবে না। আপনি দেখুন, গত ছয় মাসে কী পরিবর্তন হয়েছে। বাবা কি আগের চেয়ে শুনছেন? মা কি তুলনা কমিয়েছেন? সন্তান কি গলার স্বর সামলাচ্ছে? ছোট পরিবর্তনকেও জায়গা দিন। সবকিছু perfect না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তনকেই মূল্য না দিলে মানুষ একসময় চেষ্টা বন্ধ করে দেয়।
অনেক দূরত্ব আসলে তৈরি হয় কারণ দুজন মানুষই একে অপরের ভেতরের ভয়টা জানে না। বাবা শুধু বলেন, “এই চাকরি ছাড়বি না।” সন্তান শুনে, “তুমি আমার ওপর বিশ্বাস করো না।” অথচ বাবার ভেতরে হয়তো ভয়, “আমি জীবনে বেকার থাকার কষ্ট দেখেছি, আমার ছেলেটা যেন সেটা না দেখে।” মা বলেন, “ওই পরিবারে বিয়ে করতে দেব না।” মেয়ে শুনে, “আমার পছন্দের কোনো দাম নেই।” হয়তো মায়ের ভেতরে এমন কোনো ভয় আছে যেটা তিনি ঠিকভাবে বলতে পারছেন না। তাই কখনো শুধু নিজের কথা বলার বদলে জিজ্ঞেস করুন, “আপনি সবচেয়ে বেশি কী নিয়ে ভয় পাচ্ছেন?” উত্তরটা মন দিয়ে শুনুন। সব ভয় যৌক্তিক হবে না। কিন্তু ভয়টা জানতে পারলে মানুষটার আচরণ অন্তত একটু বোঝা যায়। একইভাবে মা বাবাও জিজ্ঞেস করতে পারেন, “তুই আসলে কী হারানোর ভয় পাচ্ছিস?” এই প্রশ্নগুলো অনেক ঝগড়ায় কেউ কখনো করে না।
আল্লাহ বলেন, “ভালো ও মন্দ সমান নয়। মন্দকে প্রতিহত করো যা উত্তম তা দিয়ে। তখন যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে যেন ঘনিষ্ঠ বন্ধুর মতো হয়ে যেতে পারে।” সূরা ফুসসিলাত, ৪১:৩৪। এই আয়াত বিশেষভাবে মা বাবার সম্পর্ক নিয়ে নাযিল হয়নি, কিন্তু মানুষের আচরণ বদলে দেওয়ার একটা বড় নীতি শেখায়। খারাপের জবাবে সবসময় একই ধরনের খারাপ দিলে দূরত্ব বাড়ে। কখনো আপনি এমন একটা আচরণ বেছে নেন যা অপর পক্ষ আশা করেনি। বাবা রেগে কথা বলেছেন, আপনি পরে ওষুধটা এনে দিলেন। মায়ের সঙ্গে মন খারাপ, তবু তাঁর প্রয়োজনের কাজটা করে দিলেন। এর মানে আপনি তাঁর কথাটা মেনে নিয়েছেন না। বরং আপনি নিজের চরিত্রকে তাঁর রাগের হাতে দেননি। তবে এটাকে কোনো formula ভাববেন না যে আপনি তিনদিন ভালো ব্যবহার করলেই অন্য মানুষ বদলে যাবেন। মানুষ বদলাতে সময় লাগে, কেউ হয়তো খুব ধীরে বদলাবেন। ভালো কাজের মূল্য শুধু সামনের মানুষ বদলাল কি না দিয়ে মাপা যায় না।
এই সম্পর্কের মধ্যে দু‘আর জায়গাটাও গভীর। আমরা অনেক সময় মা বাবার জন্য দু‘আ করি তাঁদের অসুস্থতার সময়, কিন্তু সম্পর্কের জন্য খুব কম করি। আল্লাহর কাছে বলতে পারেন, “হে আল্লাহ, আমাদের কথা বলার ভাষা নরম করুন। আমাদের একজনের ভুল আরেকজনকে বুঝতে দিন। আমার ভেতরে যে অহংকার আছে তা কমিয়ে দিন। তাঁদের ভেতরে আমার জন্য যে ভয় আছে সেটাকে হিকমাহতে বদলে দিন।” আর নিজের কষ্টের কথাও আল্লাহকে বলতে পারেন। আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা করার ভাষায় নয়, নিজের হৃদয় খুলে। “আমি তাঁদের ভালোবাসতে চাই, কিন্তু আমার ভেতরে অনেক ক্ষোভ। আমাকে সাহায্য করুন।” কখনো সম্পর্কের জন্য সবচেয়ে জরুরি পরিবর্তনটা অন্য মানুষে নয়, নিজের ভেতরে শুরু হয়।
তবে এই পুরো আলোচনার মধ্যে একটা সীমা স্পষ্ট থাকা দরকার। সম্পর্ক মেরামতের নামে কাউকে এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো যাবে না যেখানে তার নিরাপত্তা বা মানসিক স্থিতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত মারধর, ভয় দেখানো, গুরুতর অপমান, অর্থনৈতিক শোষণ, জোরপূর্বক নিয়ন্ত্রণ বা অন্য কোনো বাস্তব ক্ষতি থাকলে তখন শুধু “আরও ভালো ব্যবহার করুন, সব ঠিক হয়ে যাবে” বলা দায়িত্বশীল কথা না। প্রয়োজন হলে নিরাপদ দূরত্ব, বিশ্বস্ত আত্মীয়ের সহায়তা, কাউন্সেলিং, আলেমের পরামর্শ বা সংশ্লিষ্ট পেশাদার সাহায্য দরকার হতে পারে। দূরে থাকা কখনো সম্পর্ক ছিন্ন করার জন্য নয়, ক্ষতি কমানোর জন্যও হতে পারে। মা বাবার হক অনেক বড়, কিন্তু সেই হক বোঝাতে গিয়ে কারও বাস্তব ক্ষতিকে অস্বীকার করা যাবে না।
আবার সব সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠও হবে না। হয়তো আপনি এমন মা বা বাবার সঙ্গে আছেন যিনি কোনোদিন আপনার অনুভূতি খুব ভালোভাবে বুঝবেন না। আপনি তাঁকে বদলানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিছুটা ফল হয়েছে, কিছু হয়নি। তখন আপনার সামনে আরেক ধরনের পরিণত হওয়ার জায়গা আসে। মানুষটাকে তাঁর সীমাবদ্ধতাসহ দেখতে শেখা। তাঁর কাছ থেকে যেটা তিনি দিতে পারেন না সেটা প্রতিদিন দাবি করে নিজেকে ভাঙা নয়। হয়তো আপনার বাবার সঙ্গে গভীর emotional conversation কখনো হবে না, কিন্তু তিনি কাজে পাশে থাকেন। হয়তো মা আপনার career বুঝবেন না, কিন্তু অসুস্থ হলে রাত জাগবেন। আপনি তাঁর ভালোটা নেবেন, ভুল জায়গায় প্রয়োজনীয় সীমা রাখবেন, আর নিজের সব emotional প্রয়োজন এক মানুষ থেকেই পাওয়ার চেষ্টা করবেন না। বিশ্বস্ত বন্ধু, spouse, mentor, counsellor, ভালো community, এসব সম্পর্কও মানুষের জীবনে প্রয়োজনীয়।
কোনো কোনো সন্তান আবার ভাবেন, “আমি আগে কথা বললে তো মনে হবে সব দোষ আমার।” না। আগে কথা বলা মানে দোষ স্বীকার করা নয়। অনেক সময় যে সম্পর্ককে বেশি মূল্য দেয়, সে আগে দরজা খোলে। আপনি মাকে ফোন করতে পারেন যদিও শেষ ঝগড়াটা তাঁর ভুলে হয়েছে। বাবাকে সালাম দিয়ে বসতে পারেন যদিও তিনিই আগে কষ্ট দিয়েছেন। এর মানে ইতিহাস বদলে গেল না। শুধু আপনি সিদ্ধান্ত নিয়েছেন, নিজের অভিমানকে দিয়ে সম্পর্কের ভবিষ্যৎ পুরোটা লিখতে দেবেন না। একইভাবে মা বাবারও উচিত বয়সের অহংকার ছেড়ে কখনো সন্তানের ঘরে গিয়ে বলা, “চল, কথা বলি।” “আমি বাবা, আমি কেন আগে যাব?” এই একটি ভাবনা অনেক বাড়িতে বছরের পর বছর নীরবতা ধরে রাখে।
সম্ভব হলে পরিবারে কিছু নতুন অভ্যাস তৈরি করুন। সপ্তাহে অন্তত একদিন একসঙ্গে খাওয়া যেখানে ফোন দূরে থাকবে। কোনো সমস্যা হলে সবার সামনে না বলে আলাদা কথা বলা। খুব রেগে গেলে দশ মিনিট বিরতি নেওয়া। “তুমি সবসময়” ধরনের কথা না বলা। সন্তানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আগে পুরোটা শোনা। মা বাবার প্রয়োজনের বিষয়ে সন্তানকে নিজে থেকে এগিয়ে আসা। ছোট ছোট নিয়ম শুনতে সাধারণ লাগে, কিন্তু সম্পর্কের পরিবেশ এগুলোতেই বদলায়। পরিবার শুধু ভালোবাসায় টিকে থাকে না, কিছু ভালো অভ্যাসেও টিকে থাকে।
এই নয় পর্বে আমরা রাগ, তর্ক, ভুল, ক্যারিয়ার, ঘর ছেড়ে যাওয়া, নেশা, হতাশা, আত্মহত্যার চিন্তা পর্যন্ত অনেক কঠিন জায়গায় এসেছি। কিন্তু এসবের মাঝখানে একটা জিনিস বারবার ফিরে আসে। মা বাবা আর সন্তানের সম্পর্ক খুব গভীর বলেই আঘাতটাও গভীর হয়। অপরিচিত কেউ আপনাকে ভুল বুঝলে কয়েকদিন পরে ভুলে যান। মা ভুল বুঝলে বছরের পর বছর মনে থাকে। কারণ তাঁর কাছে আপনার দাবি ছিল বেশি। একইভাবে সন্তান রাগ করে একটা কঠিন কথা বললে বাবা মায়ের কষ্টও এত বেশি হয়, কারণ সেই সন্তানের জন্য তাঁদের জীবনের অনেকটা জড়িয়ে আছে।
তাই সম্পর্কটা যখন আহত হয়, প্রথম প্রশ্ন সবসময় “কে বেশি ভুল করেছে?” হতে হবে না। কখনো প্রশ্নটা হতে পারে, “আমরা কি এমন কোনো জায়গায় ফিরতে পারি যেখানে দুজন মানুষ আবার একে অপরের কথা শুনতে পারবে?”
হয়তো প্রথম দিন শুধু সালাম পর্যন্ত হবে। দ্বিতীয় দিন পাঁচ মিনিট বসা। এক সপ্তাহ পরে একটা পুরোনো কষ্টের কথা। কিছুদিন পর কোনো একটা আচরণ বদলাবে। মাঝখানে আবার ঝগড়াও হবে। সম্পর্ক মেরামতের পথ সোজা হয় না। পুরোনো অভ্যাস আবার ফিরে আসে। কেউ আবার গলা উঁচু করে। কেউ পুরোনো অভিযোগ টেনে আনে। তখন ভাববেন না সব চেষ্টা নষ্ট হয়ে গেছে। আবার শুরু করবেন।
মা বাবা নিখুঁত মানুষ নন। সন্তানও না। একটা পরিবারে সবাই কখনো না কখনো অন্যজনকে কষ্ট দেয়। কিন্তু যে পরিবার ভুলের পর আবার কথা বলতে শেখে, নিজের অংশের দায় নেয়, ক্ষমা চাইতে শেখে, সীমা মানে, ভালোটা মনে রাখে এবং আল্লাহর কাছে একে অপরের জন্য দু‘আ করে, সেই পরিবারে ক্ষত থাকলেও সম্পর্কটা বেঁচে থাকতে পারে।
হয়তো আপনি এখনও মা বাবার ওপর অভিমান করে আছেন। হয়তো তাঁদেরও আপনার ওপর আছে। সবকিছু আজই ঠিক করতে হবে না।
আজ শুধু একটা ছোট কাজ করতে পারেন।
মায়ের পাশে কিছুক্ষণ বসুন।
বাবাকে একটা ফোন দিন।
কোনো প্রয়োজনের কাজটা বলে দেওয়ার আগেই করে দিন।
আর সুযোগ পেলে একদিন শান্তভাবে বলুন, “আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে। আমি চাই না আমরা এভাবেই দূরে থাকতে থাকি।”
হয়তো ওপাশ থেকে সঙ্গে সঙ্গে আপনার আশা অনুযায়ী উত্তর আসবে না। তবু কথাটা বলা থাক।
কারণ কখনো সম্পর্ক বাঁচানোর শুরুটা হয় কেউ একজন প্রথমে এইটুকু স্বীকার করলে,
“আমি এখনও কষ্ট পাই। কিন্তু তবুও তুমি আমার আপন মানুষ। আমি চাই আমরা আবার একটু কাছে আসি।”
এই সিরিজের শেষ কথা তাই “সব ভুলে যান” নয়।
কষ্টকে চিনুন। ভুলকে ভুল বলুন। প্রয়োজন হলে সীমা রাখুন। নিজের ভুলও দেখুন। সাহায্য নিন। কিন্তু যেখানে এখনও ভালো হওয়ার সুযোগ আছে, সেখানে অভিমানকে শেষ সিদ্ধান্ত নিতে দেবেন না।
মা বাবা আর সন্তানের সম্পর্ক সবসময় নিখুঁত হবে না। কিন্তু অনেক ভাঙা সম্পর্কও আবার নরম হতে পারে, যদি কেউ একজন জেতার চেষ্টা একটু কমিয়ে বুঝতে চাওয়ার চেষ্টা শুরু করে।
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন