তাহাজ্জুদের মিষ্টতা | শুরু করবেন কীভাবে?
তাহাজ্জুদ শুরু করতে গিয়ে আমরা অনেক সময় প্রথম রাতেই এমন একটা পরিকল্পনা করি, যেটা আমাদের নিজের জীবনেই মানায় না। শেষ রাতে অনেক আগে উঠব, অনেক রাকাত পড়ব, লম্বা কিরাআত করব, অনেকক্ষণ দোয়া করব।
দুই তিন রাত হয়তো হলো। তারপর কোনো এক রাতে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম। পরের রাতেও উঠতে পারলাম না। কিছুদিন পর মনে হয়, “আমার দ্বারা তাহাজ্জুদ হবে না।” অথচ শুরুটা এত বড় হওয়া দরকার নেই।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।
সহিহ আল বুখারি, ৬৪৬৫
তাই নিজের জীবনের সঙ্গে মিলিয়ে শুরু করুন। কেউ রাত করে কাজ থেকে ফেরে, কারও ছোট বাচ্চা আছে, কেউ খুব সকালে কাজে বের হয়। সবার রাত এক রকম না। অন্য কারও routine কপি করার দরকার নেই।
আপনার ঘুম, কাজ, পরিবার সব মিলিয়ে যে সময়টায় সত্যিই ওঠার সম্ভাবনা আছে, সেই সময়টা ধরুন। অ্যালার্ম দিন। উঠলে ওযু করুন। দুই রাকাত পড়ুন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “রাতের সালাত দুই রাকাত দুই রাকাত।”
সহিহ আল বুখারি, ৯৯০
প্রথম রাতেই অনেক রাকাত শেষ করার দরকার নেই। দুই রাকাত মন দিয়ে পড়ুন। লম্বা সূরা না জানলে ছোট সূরা পড়ুন। সময় কম হলে যতটুকু আছে, সেটুকুই ব্যবহার করুন।
সালাম ফিরিয়ে আল্লাহর কাছে নিজের কথা বলুন। কোনো প্রয়োজন থাকলে চান। কোনো গুনাহ নিয়ে কষ্ট থাকলে ক্ষমা চান। কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকলে হিদায়াত চান। এতটুকু দিয়েই শুরু হতে পারে।
প্রথম কয়েক রাতে হয়তো খুব ভালো লাগবে। তারপর কোনো রাতে কিছুই অনুভব হবে না। ঘুম পাবে। মন অন্যদিকে চলে যাবে। উঠতেই ইচ্ছা করবে না। সেই রাতেও যতটুকু পারেন করুন।
তাহাজ্জুদ শুধু তখনই পড়ব, যখন মন খুব নরম থাকবে, এমন হলে অভ্যাসটা বেশিদিন টিকবে না।
আবার কোনো রাতে অ্যালার্মই শুনলেন না। ঘুম থেকে উঠে দেখলেন ফজরের সময় হয়ে গেছে। তখন নিজেকে নিয়ে এমন সিদ্ধান্তে যাবেন না যে, “আল্লাহ আমাকে চান না” বা “আমার জন্য এই পথ বন্ধ হয়ে গেছে।”
এক রাত উঠতে পারেননি। পরের রাতে আবার চেষ্টা করুন।
নিজেকে অন্য কারও সঙ্গে মাপবেন না। কেউ অনেকক্ষণ দাঁড়াতে পারে, কেউ দীর্ঘ কিরাআত করে, কেউ অনেকক্ষণ দোয়া করে। আপনার পক্ষে হয়তো এখন দুই রাকাতই সম্ভব। সেটাই করুন।
আজ দুই রাকাত হলো, আলহামদুলিল্লাহ। কালও দুই রাকাত হলে ভালো। কোনো রাতে না হলে আবার শুরু করুন।
তাহাজ্জুদের অভ্যাস হয়তো আপনার জীবনে খুব ধীরে আসবে। কিন্তু ধীরে আসা মানে কম মূল্যবান নয়।
আজ রাতের জন্য শুধু এটুকু ঠিক করুন, উঠব। দুই রাকাত পড়ব। আল্লাহর কাছে নিজের কথা বলব। তারপর আগামী রাতে আবার চেষ্টা করব।
উৎস: মূল ফেসবুক পোস্ট
মন্তব্য করুন