মানুষ আমার ওপর রাগ করেছে কি না, আমাকে ভুল বুঝেছে কি না, আমার সম্পর্কে কী ভাবছে, এসব নিয়ে আমরা অনেক ভাবি। কিন্তু দিনের শেষে খুব কমবারই নিজেকে জিজ্ঞেস করি, আজকের কথা, কাজ, সিদ্ধান্তগুলোতে আল্লাহ আমার ওপর সন্তুষ্ট তো?
কুরআন ও সুন্নাহ এমন কিছু কাজের ব্যাপারে খুব কঠিনভাবে সতর্ক করেছে। এগুলো সব গুনাহের পূর্ণ তালিকা নয়। তবে নিজের জীবন মিলিয়ে দেখার জন্য কয়েকটি জায়গা যথেষ্ট।
১. শিরক
ইবাদত একমাত্র আল্লাহর অধিকার। দু‘আ, মানত, কুরবানি বা অন্য কোনো ইবাদত আল্লাহ ছাড়া কারও জন্য করা শিরক। আল্লাহ বলেন, তিনি তাঁর সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না, আর এর নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।
সূরা আন নিসা, ৪:৪৮
মানুষের সাহায্য নেওয়া, কাউকে ভালোবাসা বা স্বাভাবিকভাবে কাউকে ভয় পাওয়াই শিরক নয়। সমস্যা তখন, যখন আল্লাহর জন্য নির্ধারিত ইবাদতের কোনো অংশ অন্য কারও জন্য করা হয়। আর কেউ জীবিত অবস্থায় সত্যিকার তওবা করে আল্লাহর দিকে ফিরে এলে তার জন্য রহমতের দরজা খোলা।
২. যা বলি, নিজে তা করি না
অন্যকে নামাজের কথা বলছি, নিজের নামাজই বারবার পিছিয়ে যাচ্ছে। সততার কথা বলছি, কিন্তু নিজের সুবিধা হলে সত্য গোপন করছি। আখলাকের কথা বলছি, অথচ ঘরের মানুষই আমার রাগের সবচেয়ে বেশি শিকার।
আল্লাহ বলেন, “তোমরা কেন এমন কথা বল যা তোমরা করো না? আল্লাহর কাছে এটি অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা এমন কথা বল যা তোমরা করো না।”
সূরা আস সফ, ৬১:২ থেকে ৩
এর মানে ভালো কথা বলা বন্ধ করা নয়। যে কথা বলছি, নিজের জীবনেও সেটা সত্যি করার চেষ্টা করা।
৩. অহংকার
অহংকার শুধু দামি পোশাক, টাকা বা বড় পদ নয়। রাসূলুল্লাহ ﷺ অহংকারকে ব্যাখ্যা করেছেন সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা হিসেবে।
সাহিহ মুসলিম, ৯১
কেউ আমার চেয়ে কম জানে বলে তাকে ছোট মনে হচ্ছে? কারও টাকা কম বলে তার সঙ্গে আচরণ বদলে যাচ্ছে? আমি বেশি ইবাদত করি বলে অন্যকে নিচু মনে হচ্ছে? তাহলে সমস্যা হয়তো বাইরে নয়। ভেতরে।
৪. মানুষের ওপর জুলুম
কারও পাওনা আটকে রাখা, দুর্বল দেখে চাপ দেওয়া, কাউকে অপমান করা, প্রতারণা করা, ক্ষমতা বা অবস্থান ব্যবহার করে অন্যের ক্ষতি করা, এগুলো ছোট বিষয় নয়।
হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, “আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের মাঝেও তা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না।”
সাহিহ মুসলিম, ২৫৭৭
নামাজ, রোজা, তিলাওয়াত আমাকে মানুষের হক নষ্ট করার অনুমতি দেয় না। যে হক নষ্ট করেছি, সম্ভব হলে সেটি ফিরিয়ে দিতে হবে এবং ভুলটা সংশোধন করতে হবে।
৫. নিজের কারণে অন্যের ক্ষতি হওয়া
আল্লাহ ফাসাদ পছন্দ করেন না।
সূরা আল বাকারা, ২:২০৫
একটা কথা, একটা মিথ্যা, একটা অপবাদ, একটা অন্যায় সিদ্ধান্ত, একটা প্রতারণা কখনো অন্য মানুষের জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। অনলাইনে ধার্মিক পোস্ট দেওয়া সহজ। কিন্তু আমার জিহ্বা, ব্যবহার আর সিদ্ধান্তের কারণে মানুষ কষ্ট পাচ্ছে কি না, এই হিসাবটাও দেখতে হবে।
৬. সীমা অতিক্রম করা
কেউ আমাকে কষ্ট দিয়েছে বলে আমি তার ওপর অন্যায় করতে পারি না। রাগ করেছি বলে অপমান করা বৈধ হয়ে যায় না। মতের অমিল হয়েছে বলে কারও হক নষ্ট করার অধিকারও পাই না।
আল্লাহ বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে সরিয়ে না দেয়।
সূরা আল মায়িদা, ৫:৮
কথাগুলো পড়তে পড়তে যদি কোনো জায়গায় নিজের জীবনটা মনে পড়ে যায়, তখন নিজের পক্ষে যুক্তি খোঁজার দরকার নেই।
“সবাই তো করে।” “আমি এত খারাপ না।” “ও আগে আমার সঙ্গে অন্যায় করেছে।” এই কথাগুলো গুনাহ বদলে দেয় না।
ভুল হলে ভুল বলুন। যেটা ছাড়তে হবে, ছাড়ুন। কারও হক নষ্ট করলে যতটা সম্ভব ঠিক করুন। আল্লাহর কাছে ফিরে যান।
আল্লাহ বলেন, তিনি তওবাকারীদের ভালোবাসেন।
সূরা আল বাকারা, ২:২২২
আমরা মানুষের রাগ খুব দ্রুত টের পাই। কেউ কথা কম বললে বুঝি, মেসেজের উত্তর না দিলে বুঝি, মুখের ভাব বদলালে বুঝি।
কিন্তু নিজের রবের অসন্তুষ্টির কারণগুলো জানার চেষ্টা কতটা করি?
যে জীবন নিয়ে আমি এত ব্যস্ত, সেই জীবনটা কি আল্লাহর পছন্দমতো চলছে?
উৎস: মূল ফেসবুক লেখা
মন্তব্য করুন