আধুনিক বন্ধুত্ব বনাম ইসলামী বন্ধুত্ব: আপনার বন্ধুরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে?
বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। সালাতের সময় হয়ে গেছে। আপনি উঠতে চাইলে কেউ বলল, ‘এখনই যেতে হবে? আরেকটু বসো।’ আপনি বসে গেলেন। প্রথমবার হয়তো নিজের কাছে খারাপ লাগল। কিন্তু এমনটা বারবার হতে থাকলে একসময় সালাত দেরি করতেও আর অস্বস্তি হয় না। অথচ আপনি হয়তো বুঝতেই পারছেন না, বন্ধুদের প্রভাবে আপনার অভ্যাস কতটা বদলে যাচ্ছে।
ব্যাপারটা শুধু সালাতের নয়। আগে যে কথাগুলো বলতে সংকোচ হতো, এখন বন্ধুদের সঙ্গে অনায়াসে বলে ফেলেন। কোনো অন্যায় দেখে প্রতিবাদ করতে ইচ্ছা হলেও চুপ থাকেন। কারণ, বন্ধুরা কী ভাববে? সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তো? এভাবে কখনো কখনো বন্ধুত্ব ধরে রাখতে গিয়ে নিজের নীতিগুলোই ছেড়ে দিতে থাকি।
অথচ একজন মানুষ আপনার বিপদে পাশে দাঁড়াতে পারে, আপনাকে আন্তরিকভাবে ভালোও বাসতে পারে, কিন্তু তার সব পরামর্শ আপনার জন্য কল্যাণকর নাও হতে পারে। আবার যে বন্ধু আপনার ভুল ধরিয়ে দেয়, সে আপনার বিরুদ্ধে নয়। কখনো কখনো আপনাকে সত্যিকারের ভালোবাসে বলেই সে আপনার অসন্তুষ্টি মেনে নিয়েও সঠিক কথাটা বলে।
বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা, ঘোরাঘুরি কিংবা আনন্দ করার মধ্যে দোষ নেই। ইসলামী বন্ধুত্ব এসব আনন্দকে বাদ দেয় না। বরং সেই সম্পর্কের মধ্যে আল্লাহর সন্তুষ্টিকেও গুরুত্ব দেওয়া হয়। সেখানে বন্ধু সালাতের কথা মনে করিয়ে দেয়, অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করে, ভালো কাজে উৎসাহ দেয়। ভুল সংশোধন করে, কিন্তু অপমান করে না। আপনার সামনে যেমন আন্তরিক থাকে, অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দ্বীনের ওপর থাকে। তাই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (সুনান আবু দাউদ, হাদিস ৪৮৩৩, হাসান)
আল্লাহ তাআলা বলেন, ‘সেদিন অন্তরঙ্গ বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, মুত্তাকিরা ছাড়া।’ (সূরা আয যুখরুফ, ৪৩:৬৭)
একবার নিজের বন্ধুদের কথা ভাবুন। তাদের সঙ্গে সময় কাটিয়ে ফেরার পর আপনার সালাত, কথাবার্তা, আচরণে কী পরিবর্তন আসে? ভালো কিছু করার আগ্রহ বাড়ে, নাকি আগে যে ভুলকে ভুল মনে করতেন, সেটাই ধীরে ধীরে স্বাভাবিক লাগতে শুরু করে?
তবে প্রশ্নটা শুধু অন্যদের নিয়ে নয়। আপনিও তো কারও বন্ধু। আপনার কারণে কেউ কি ভালো কাজে উৎসাহ পায়? কেউ ভুল করলে আপনি কি তাকে সংশোধন করেন, নাকি বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে সমর্থন দিয়ে যান?
আপনি যে ধরনের বন্ধু নিজের জীবনে চান, অন্যের জীবনেও তেমন বন্ধু হওয়ার চেষ্টা করুন।
কারণ দুনিয়ায় একসঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছেন, অথচ আখিরাতে সেই সম্পর্কের জন্যই একে অন্যকে দোষারোপ করতে হচ্ছে, এর চেয়ে বড় আফসোস আর কী হতে পারে!
মন্তব্য করুন