কবরের এক চাপের কথা ভাবুন। যে দুনিয়াকে এত বড় মনে হয়, তখন তার মূল্য কতটুকু থাকবে?
রাতে ঘুমানোর আগে আগামীকালের কত কাজ মাথায় ঘোরে! কোথায় যেতে হবে, কত টাকা লাগবে, কী কিনতে হবে, কোন কাজটা আগে শেষ করতে হবে। অথচ একটা প্রশ্ন খুব কমই মনে আসে। আগামীকাল সকালটা দেখার সুযোগ আমার হবে তো?
আমরা ভবিষ্যতের জন্য টাকা জমাই, বাড়ি বানানোর স্বপ্ন দেখি, পরিবারকে ভালো রাখার চেষ্টা করি। এগুলো অন্যায় নয়। কিন্তু সমস্যা হলো, দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে যতটা ভাবি, মৃত্যুর পরের জীবন নিয়ে ততটা ভাবি না। নামাজে অবহেলা করি, কারও হক আটকে রাখি, গুনাহ ছাড়তে পারি না। নিজেকে বুঝাই, আরেকটু সময় যাক, সব ঠিক করে নেব। অথচ সেই সময়টুকু পাব কি না, সেটাই জানি না।
আল্লাহ তাআলা বলেন, “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও।” (সূরা আত তাকাসুর, ১০২:১ ও ২)
কবরের চাপের ব্যাপারে একটি হাদিস পড়লে নিজের অবস্থাটা নিয়ে ভাবতে হয়। সা‘দ ইবনু মু‘আয (রা.) এমন একজন সাহাবি, যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। রাসুলুল্লাহ ﷺ জানিয়েছেন, তাঁকেও কবর একবার চাপ দিয়েছিল, তারপর ছেড়ে দিয়েছিল। (সুনান আন নাসাঈ, ২০৫৫)
এমন একজন সাহাবির ব্যাপারে যখন এই বর্ণনা এসেছে, তখন নিজের কবরের কথা ভেবে আমরা কীভাবে এত নিশ্চিন্তে থাকতে পারি?
আজ যে ফোনটা ছাড়া কিছুক্ষণ থাকতে পারেন না, একদিন সেটি অন্য কারও হাতে থাকবে। যে ঘরে নিজের পছন্দমতো সবকিছু সাজিয়েছেন, সেখানে আপনি আর থাকবেন না। যে টাকার জন্য ঘুম নষ্ট করেছেন, সেটাও রেখে যেতে হবে। আপনার আপনজনেরা আপনাকে কবরে রেখে ফিরে আসবেন। তাঁদের জীবন চলতে থাকবে। কিন্তু আপনার দুনিয়ায় ফিরে এসে কিছু ঠিক করার সুযোগ থাকবে না।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়। তার পরিবার, সম্পদ ও আমল। পরিবার ও সম্পদ ফিরে আসে, আর আমল তার সঙ্গে থেকে যায়। (সহিহ বুখারি, ৬৫১৪)
একটু নিজের হিসাবটা মিলিয়ে দেখুন। সারাদিনের পরিশ্রমে দুনিয়ার জন্য কতটুকু জমছে, আর আখিরাতের জন্য কতটুকু? যে নামাজটা অবহেলায় ছেড়ে দিচ্ছেন, যে অন্যায়টা কেউ জানে না বলে চালিয়ে যাচ্ছেন, যে মানুষটির পাওনা এখনও ফেরত দেননি, এগুলোর জবাবদিহির কথাও কি ভাবছেন?
মৃত্যুর কথা মনে রাখার অর্থ দুনিয়ার সবকিছু ছেড়ে দেওয়া নয়। হালাল পথে উপার্জন করুন, পরিবারকে সময় দিন, সুন্দরভাবে বাঁচুন। কিন্তু দুনিয়ার কাজের জন্য আল্লাহর হক নষ্ট করবেন না। আর মানুষের হক নষ্ট করে শুধু ইবাদত করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না।
এখনও বেঁচে আছেন। চাইলে আজই তওবা করতে পারেন। নামাজের ব্যাপারে যত্নবান হতে পারেন। কারও হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন।
একদিন আমাদের প্রত্যেকের জন্যই কবর প্রস্তুত হবে। কিন্তু সেখানে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার সুযোগটা আর কতদিন আছে, আমরা কেউ জানি না।
আজ যে জীবনটাকে নিজের মনে হচ্ছে, সেটিও আল্লাহর দেওয়া। একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে।
আল্লাহ আমাদের গাফিলতি দূর করে দিন, কবরের আযাব থেকে রক্ষা করুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমিন।
মন্তব্য করুন