তাহাজ্জুদের মিষ্টতা | এত দোয়া করছি, তবু উত্তর দেখছি না কেন?
কয়েক সপ্তাহ ধরে তাহাজ্জুদ পড়ছেন। একই দোয়া করছেন। হয়তো মাসও পার হয়ে গেছে। কিন্তু যে বিষয়টার জন্য এতদিন ধরে চাইছেন, সেখানে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নেই। একসময় মনে প্রশ্ন আসে, “আমি এত ডাকছি, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না?”
আল্লাহ বলেছেন, “আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।”
সূরা আল বাকারা, ২:১৮৬
তাই উত্তর দেখতে দেরি হচ্ছে মানেই আল্লাহ শুনছেন না, এমন নয়। আমাদের সমস্যা হলো, আমরা অনেক সময় দোয়ার উত্তর বলতে একটাই জিনিস বুঝি। আমি যা চেয়েছি, সেটা পেলাম কি না।
কিন্তু রাসূলুল্লাহ ﷺ জানিয়েছেন, কোনো মুসলিম যদি এমন দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ তাকে তার চাওয়া দেন অথবা সেই দোয়ার কারণে সমপরিমাণ কোনো অনিষ্ট তার থেকে সরিয়ে দেন।
জামে আত তিরমিযি, ৩৩৮১
আমরা সাধারণত শুধু যেটা চেয়েছিলাম সেটা পেলাম কি না, সেটাই দেখি। অথচ হাদিস বলছে, কখনো কোনো অনিষ্টও সরিয়ে দেওয়া হয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়া না করে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, তাড়াহুড়া কী? তিনি বললেন, মানুষ বলে, “আমি দোয়া করলাম, আবার দোয়া করলাম, কিন্তু কবুল হতে দেখলাম না।” এরপর সে হতাশ হয়ে দোয়া ছেড়ে দেয়।
সহিহ মুসলিম, ২৭৩৫
হাদিসে যে তাড়াহুড়ার কথা এসেছে, সেটা অনেক সময় আমাদের জীবনেও এভাবেই আসে। কিছুদিন খুব করে চাই। কোনো ফল দেখি না। তারপর দোয়া কমে যায়। একসময় তাহাজ্জুদও কমে যায়।
কিন্তু কেন দেরি হচ্ছে, আমরা সবসময় জানি না। তাই নিজের অজানা বিষয়ে সিদ্ধান্ত দিয়ে ফেলবেন না যে আল্লাহ আপনার দোয়া গ্রহণ করেননি।
আরেকটা জায়গায় নিজের দোয়াটাও দেখে নেওয়া দরকার। আমি যা চাইছি, সেটা কি হালাল? এতে কি কারও হক নষ্ট হচ্ছে? কোনো গুনাহ বা সম্পর্ক ছিন্ন করার বিষয় আছে কি? এগুলো থাকলে নিজের চাওয়াটাই সংশোধন করতে হবে।
কিন্তু দোয়া বৈধ হওয়া সত্ত্বেও উত্তর চোখে না এলে কষ্ট লাগবে। বিশেষ করে আপনি যদি এমন কিছু চান যেটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই কষ্টটাও আল্লাহর কাছে বলুন।
“আল্লাহ, আমি অনেকদিন ধরে চাইছি। অপেক্ষা করতে আমার কষ্ট হচ্ছে। আমাকে সবর দিন। আমার জন্য যেটা ভালো, সেটাই করুন।”
আর একটা ভুল হিসাব থেকে নিজেকে বাঁচান। “আমি এত রাত উঠলাম, এত দোয়া করলাম, তাই এখন আমার চাওয়াটা পাওয়ার কথা।” এই হিসাব নিয়ে তাহাজ্জুদ করলে একসময় মন ভেঙে যেতে পারে।
আপনি আল্লাহর কাছে চাইবেন। খুব করে চাইবেন। আবার এটাও মানবেন, কোন জিনিস কখন আপনার জন্য ভালো, সেটা আপনি সবসময় জানেন না।
তাই যে দোয়ার উত্তর এখনো চোখে দেখছেন না, তার কারণে তাহাজ্জুদ ছেড়ে দেবেন না। কেন দেরি হচ্ছে, সেটা হয়তো এখনো জানেন না। কিন্তু দেরির কারণে আল্লাহর সঙ্গে সম্পর্কটাই যেন ভেঙে না যায়।
আজ রাতেও চাইুন। বলুন,
“আল্লাহ, আমি এটা খুব চাই। যদি এটা আমার জন্য কল্যাণকর হয়, আমাকে দিন। আর যদি না হয়, আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার শক্তি দিন।”
তারপর দোয়া শেষ করে উঠে আসুন এই বিশ্বাস নিয়ে যে আপনার কথা এমন কারও কাছে বলা হয়েছে, যিনি তা শুনেছেন।
মন্তব্য করুন