যে ভুলটা একসময় খারাপ লাগত, এখন সেটাই স্বাভাবিক মনে হয়!
একসময় কোনো গুনাহ হয়ে গেলে নিজের কাছেই লজ্জা লাগত। এখন সেই একই ভুলের পর নিজেকে বোঝান, ‘এতটুকুতে কী হয়েছে? সবাই তো করে!’ আগে নামাজ দেরি হয়ে গেলে অস্বস্তি হতো। এখন কখনো সময় পার হয়ে যায়, অথচ তেমন কিছুই মনে হয় না। ভুলগুলো হয়তো আগেও ছিল, কিন্তু সেগুলোকে এখন আর আগের মতো ভুল মনে হচ্ছে না।
সারা দিনে কতবার ফোন হাতে নেন, কত মানুষের খবর রাখেন, কে কী কিনল, কোথায় গেল, কতটা এগিয়ে গেল, সবই চোখে পড়ে। অন্যের সঙ্গে নিজের জীবন মেলাতে মেলাতে কখনো মন খারাপ হয়, কখনো আরও পাওয়ার ইচ্ছা জাগে। অথচ আল্লাহর জন্য একটু সময় বের করতে গেলেই কত কাজ মনে পড়ে! দুনিয়ার কাজ করা দোষের নয়। কিন্তু সেই ব্যস্ততার মধ্যে নিজের রবের কথাই যদি বারবার ভুলে যান, তাহলে একটু ভাবা দরকার।
আবার কেউ আপনার ভুলটা ধরিয়ে দিলে কথাটা সত্য কি না বোঝার আগেই রাগ হয়। নিজের ভুল স্বীকার করার চেয়ে সেটাকে ঠিক প্রমাণ করতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। মানুষটা আপনার চেয়ে ছোট কিংবা কম জানে মনে হলে তার সঠিক কথাটাও মানতে ইচ্ছা করে না। অথচ রাসুলুল্লাহ ﷺ অহংকারের পরিচয় দিতে গিয়ে বলেছেন, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করাই অহংকার। (সহিহ মুসলিম, ৯১)
গুনাহ করতে করতে মানুষের অন্তর এমন অবস্থায় পৌঁছাতে পারে, যখন অন্যায় আর আগের মতো নাড়া দেয় না। আল্লাহ তাআলা কুরআনে এমন মানুষের কথা বলেছেন, যাদের কৃতকর্মের কারণে অন্তরে মরিচা পড়েছে। (সূরা আল মুতাফফিফীন, ৮৩:১৪)
একটু খেয়াল করুন, প্রশান্তি পাওয়ার জন্য কত কিছু করছেন! ফোন দেখছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নতুন কিছু পাওয়ার চেষ্টা করছেন। তবু কখনো সবকিছু থাকার পরও মনে হয়, কী যেন নেই। অথচ আল্লাহ বলেছেন, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।’ (সূরা আর রা‘দ, ১৩:২৮)
এর অর্থ এই নয় যে, আল্লাহকে স্মরণ করলে জীবনের সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, সে হৃদয় দুশ্চিন্তার মধ্যেও তাঁর ওপর ভরসা করতে শেখে।
তাই যে ভুলটা করছেন, সেটাকে ঠিক প্রমাণ করার চেষ্টা না করে একবার স্বীকার করুন। নামাজে অবহেলা হলে ঠিক করার চেষ্টা করুন। কারও সঙ্গে অহংকার করে থাকলে নিজেকে সংশোধন করুন। আল্লাহর কাছে ক্ষমা চান। যতবার ভুল হয়েছে, ততবারই আন্তরিকভাবে ফিরে আসার চেষ্টা করুন।
কারণ শুধু গুনাহ করে ফেলাটাই ভয়ংকর নয়। তার চেয়েও ভয়ংকর হলো, গুনাহ করতে করতে এমন অভ্যস্ত হয়ে যাওয়া যে, একসময় আর গুনাহটাকে গুনাহই মনে হয় না।
আপনার হৃদয় এখনও আল্লাহর দিকে ফিরতে চাইছে। সেই ফেরাটাকে আর পিছিয়ে দেবেন না।
মন্তব্য করুন