ফজিলত কী? | পর্ব ১৮
কুরআনের একটি হরফ পড়ার ফজিলত
রাতে কুরআন খুলেছিলেন। দুই তিন আয়াত পড়তেই অন্য কাজে উঠতে হলো। বন্ধ করার সময় মনে হলো, “আজ তো কিছুই পড়া হলো না।”
অথচ আপনি যেটাকে “কিছুই না” ভাবছেন, সেই অল্প তিলাওয়াতের একটি হরফও আল্লাহর কাছে হিসাবের বাইরে নয়।
আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে, তার জন্য একটি নেকি রয়েছে। আর একটি নেকি দশগুণ করা হয়। আমি বলছি না, ‘আলিফ লাম মীম’ একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।”
জামে আত তিরমিযি, ২৯১০। ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান সহিহ গরীব বলেছেন।
কখনো আমরা কুরআন খুলিই না শুধু এই ভেবে, “সময় কম। আজ আর কতটুকুই বা পড়তে পারব?” অথচ পাঁচ মিনিটে যতটুকু পড়লেন, সেটাও হারিয়ে গেল না। কয়েক আয়াত পড়ে উঠতে হলো, সেগুলোও হারিয়ে গেল না।
এই হাদিস আমাদের বড় একটা ভুল ভাঙিয়ে দেয়। কুরআনের সঙ্গে থাকার জন্য প্রতিবার দীর্ঘ সময় পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
সময় বেশি থাকলে বেশি পড়ুন। সময় কম থাকলে অল্প পড়ুন। কিন্তু “এত অল্প পড়ে কী হবে?” ভেবে কুরআনটা বন্ধই রাখবেন না।
আর শুধু সওয়াবের হিসাবেই থেমে যাব না। তিলাওয়াত করব, অর্থ বোঝার চেষ্টা করব, আর কুরআন যা শেখায় সেটা নিজের জীবনে আনার চেষ্টাও করব।
আজ খুব বেশি সময় নেই? তবুও কুরআনটা খুলুন। কয়েক আয়াত পড়েই যদি উঠতে হয়, উঠুন। শুধু মনে রাখবেন, আল্লাহর কিতাবের একটি হরফও হিসাবের বাইরে নয়।
আমলটি ছোট। কিন্তু এর জন্য রাখা ফজিলত ছোট নয়।
মন্তব্য করুন