ফরজ গোসলের পূর্ণ সুন্নাহ পদ্ধতি
আগের পর্বে দেখেছি, হানাফি ফিকহ অনুযায়ী ফরজ গোসল সহিহ হওয়ার জন্য মুখ, নাক এবং পুরো শরীরে পানি পৌঁছানো জরুরি। এবার দেখব রাসূলুল্লাহ ﷺ এর শেখানো পূর্ণ পদ্ধতিতে গোসল কীভাবে করবেন।
মনে নিয়ত রাখবেন, অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছেন। মুখে আলাদা করে নিয়ত বলা জরুরি নয়।
শুরুতে দুই হাত ধুয়ে নেবেন। এরপর গোপনাঙ্গ এবং শরীরে কোনো নাপাকি থাকলে তা পরিষ্কার করবেন।
তারপর নামাজের ওযুর মতো ওযু করবেন। আয়িশা رضي الله عنها থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ জানাবাতের গোসলের সময় প্রথমে হাত ধুতেন, এরপর নামাজের ওযুর মতো ওযু করতেন। তারপর আঙুল দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছে মাথায় তিনবার পানি ঢালতেন এবং শেষে পুরো শরীরে পানি দিতেন। সহিহ বুখারি, ২৪৮।
এরপর মাথা ও চুলের গোড়ায় ভালোভাবে পানি পৌঁছাবেন এবং মাথায় তিনবার পানি দেবেন। শুধু চুলের উপরটা ভেজানো নয়, পানি যেন গোড়া পর্যন্ত পৌঁছায়।
তারপর পুরো শরীরে পানি পৌঁছাবেন। হানাফি ফিকহে ডান দিক থেকে শুরু করে পরে বাম দিক ধোয়া সুন্নাহ পদ্ধতির অংশ। শরীরের এমন কোনো জায়গা যেন শুকনা না থাকে যেখানে স্বাভাবিকভাবে পানি পৌঁছানো সম্ভব।
পা কখন ধোবেন, সেটা নিয়েও অনেকের confusion থাকে। গোসলের জায়গায় পানি জমে থাকলে ওযুর সময় পা না ধুয়ে গোসল শেষে অন্য জায়গায় সরে পা ধুতে পারেন। রাসূলুল্লাহ ﷺ এর গোসলের একটি বর্ণনায় এমনটিই এসেছে। আর পানি না জমলে ওযুর সময়ই পা ধুয়ে নেওয়া যায়।
অর্থাৎ পূর্ণ সুন্নাহ পদ্ধতিতে হাত ধোয়া, নাপাকি পরিষ্কার করা, ওযু করা, চুলের গোড়াসহ মাথায় পানি দেওয়া এবং এরপর পুরো শরীরে পানি পৌঁছানো হয়।
তবে কোনো সুন্নাহ ছুটে গেলেই গোসল বাতিল হয়ে যায় না। হানাফি ফিকহ অনুযায়ী গোসল সহিহ হওয়ার জন্য মূল বিষয় হলো মুখের ভেতর, নাকের ভেতর এবং পুরো শরীরে পানি পৌঁছানো।
তাই গোসলকে জটিল করার দরকার নেই। আবার শুধু শরীরের ওপর পানি চলে গেছে বলেই সব জায়গায় পানি পৌঁছেছে ধরে নেওয়াও ঠিক নয়। স্বাভাবিকভাবে যত্ন নিয়ে গোসল করলেই বিষয়টি সহজ।
ইনশাআল্লাহ, পরের পর্বে দেখব, নারীদের চুল বাঁধা থাকলে ফরজ গোসলে কি চুল খুলতে হবে? চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছালেই হবে, নাকি পুরো চুল ভেজানো জরুরি?
মন্তব্য করুন