নামাজের মাঝখানে হায়েয শুরু হলে কী করবেন?
আসর পড়ছেন। দুই রাকাত হয়েছে। হঠাৎ বুঝলেন হায়েয শুরু হয়েছে। এখন কি বাকি নামাজ শেষ করবেন?
না। হায়েয শুরু হলে সালাত সেখানেই থামিয়ে দেবেন।
হানাফি ফিকহ অনুযায়ী, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের মাঝখানে হায়েয শুরু হলে পরে সেই সালাত কাযা করতে হয় না।
ধরুন, যোহরের তিন রাকাত পড়ে ফেলেছেন। চতুর্থ রাকাতের আগেই হায়েয শুরু হলো। তিন রাকাত হয়ে গেছে বলে বাকি এক রাকাত শেষ করবেন না। আবার হায়েয শেষ হওয়ার পর সেই যোহর কাযাও করতে হবে না।
বিতরের ক্ষেত্রেও একই বিধান। হানাফি ফিকহে বিতর ওয়াজিব হলেও মাঝখানে হায়েয শুরু হলে পরে সেটার কাযা করতে হয় না।
কিন্তু নফল বা সুন্নাহ নামাজ শুরু করার পর হায়েয শুরু হলে বিষয়টা আলাদা। তখনও নামাজ সঙ্গে সঙ্গে থামাতে হবে। তবে পবিত্র হওয়ার পর সেই শুরু করা নফল বা সুন্নাহ সালাতের কাযা করতে হবে।
অর্থাৎ হায়েয অবস্থায় কোনো নামাজই চালিয়ে যাওয়া হবে না। পার্থক্যটা আসে পরে কাযা করতে হবে কি না, সেখানে।
ফরজ ও বিতরের মাঝখানে হায়েয শুরু হলে কাযা নেই। শুরু করা নফল বা সুন্নাহ হলে পরে কাযা আছে।
আর আগের পর্বের মতো এখানেও একটি বিষয় মনে রাখতে হবে। যে রক্তস্রাবের কারণে নামাজ বন্ধ করেছেন, সেটা পরে শরয়ি হিসাবে হায়েয হিসেবে সাব্যস্ত হতে হবে। পরে যদি দেখা যায় সেটি হায়েয ছিল না, তাহলে নামাজের হিসাবও বদলে যাবে।
এগুলো খুব ছোট মাসআলা মনে হতে পারে। কিন্তু ঘটনাটা যখন নিজের সঙ্গে ঘটে, তখনই বোঝা যায় ঠিক কী করতে হবে না জানলে কতটা দ্বিধা তৈরি হয়।
ইনশাআল্লাহ, পরের পর্বে দেখব, হায়েযের সময় নামাজ কাযা করতে হয় না, কিন্তু রমাদানের রোজা কেন পরে কাযা করতে হয়?
মন্তব্য করুন