সাহরিতে উঠতে পারিনি, মুখেও নিয়ত বলিনি, রোজা হবে?
রাতে অ্যালার্ম দিয়েছিলেন। কিন্তু ঘুম ভাঙল ফজরের পর। সাহরি খাওয়া হয়নি, মুখে কোনো নিয়তের বাক্যও পড়া হয়নি। তখন মনে হলো, আজকের রোজা কি আর হবে?
সাহরি না খেলেও রোজা সহিহ হতে পারে। সাহরি খাওয়া রোজা সহিহ হওয়ার শর্ত নয়। এটি সুন্নাহ ও বরকতময় আমল, কিন্তু ঘুমের কারণে সাহরি ছুটে গেলে শুধু এজন্য রোজা নষ্ট হয়ে যায় না।
নিয়তও মুখে কোনো নির্দিষ্ট আরবি বাক্য বলার নাম নয়। মনে এই সিদ্ধান্ত থাকা যে আজ আমি আল্লাহর জন্য রমাদানের রোজা রাখব, এটাই নিয়ত।
তাই রাতে ঘুমানোর সময়ই যদি জানতেন আগামীকাল রোজা রাখবেন, সাহরির জন্য উঠতে চেয়েছিলেন বা রোজা রাখার সিদ্ধান্ত নিয়েই ঘুমিয়েছিলেন, তাহলে মুখে আলাদা করে নিয়ত না বললেও সমস্যা নেই।
হানাফি ফিকহ অনুযায়ী, চলতি রমাদানের রোজার নিয়ত আগের মাগরিবের পর থেকে করা যায়। যদি রাতে নিয়ত না হয়ে থাকে, তাহলে ফজরের পরও শরয়ি মধ্যাহ্নের আগে নিয়ত করা যায়, শর্ত হলো ফজরের পর থেকে রোজা ভাঙে এমন কিছু করা হয়নি।
শরয়ি মধ্যাহ্ন মানে দুপুর ১২টা নয়। ফজর শুরু হওয়া থেকে মাগরিব শুরু হওয়া পর্যন্ত সময়ের ঠিক মাঝামাঝি সময়।
তবে প্রতিদিনের রোজার জন্য নিয়ত প্রয়োজন। রমাদান শুরু হওয়ার আগে একবার মনে করলাম “পুরো মাস রোজা রাখব”, এরপর প্রতিদিনের ব্যাপারে কোনো সিদ্ধান্তই থাকল না, এমনভাবে বিষয়টা দেখা ঠিক নয়। বাস্তবে অবশ্য রমাদানে একজন মুসলিম যখন প্রতিদিন রোজা রাখার উদ্দেশ্যে ঘুমান, সাহরি করেন বা পরদিন রোজা রাখবেন জানেন, তখন সাধারণত নিয়ত হয়ে যায়।
আর কাযা বা কাফফারার রোজার নিয়ম আলাদা। এসব রোজার নিয়ত ফজরের আগেই করতে হবে।
তাই সাহরি ছুটে গেলে প্রথমে এটা দেখুন, আমি কি আজ রোজা রাখব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম? যদি নিয়ে থাকেন, শুধু সাহরি না খাওয়া বা মুখে নিয়ত না বলার কারণে রোজা নষ্ট হবে না।
ইনশাআল্লাহ, পরের পর্বে দেখব, সাহরির শেষ সময় ঠিক কখন? ফজরের আজান শুরু হয়ে গেলে তখনও কি পানি পান করা যাবে?
মন্তব্য করুন