আমার ডায়েরির পাতা থেকে… | ২৩
আল্লাহ, আমার জিহ্বাটা এত অযত্নে কেন?
কখনো কোনো group chat এ কারও কথা উঠল। আমিও দুইটা কথা লিখলাম। send করার সময় খুব স্বাভাবিকই লাগল। একটু পর ফোনটা রেখে হঠাৎ মনে হলো, আমি কথাটা না বললেও কি কোনো ক্ষতি হতো? হতো না। তবুও বলেছি।
কখনো কাউকে নিয়ে কথা বলতে বলতে বলি, “আমি তো মিথ্যা বলছি না।” সত্যিই হয়তো মিথ্যা বলছি না। কিন্তু সত্য হলেই কি সব কথা আমার বলার অধিকার হয়ে যায়? সে সামনে থাকলে কি একইভাবে বলতাম? যদি না বলতাম, তাহলে তার অনুপস্থিতিতে এত সহজ লাগল কেন?
আবার কখনো রাগের মাথায় reply লিখি। তখন মনে হয়, এই কথাটা তাকে বলতেই হবে। সে আগে কী বলেছে, সেটাও মনে থাকে। মনে হয়, সে শুরু করেছে, তাই আমার উত্তরটা ঠিকই আছে। কিছুক্ষণ পরে শান্ত হলে দেখি, কথাটা একটু কম বললেও হতো। কখনো send করার আগেই delete করতে পারি, কখনো পারি না। যেটা send হয়ে গেছে, সেটা তখন আর ফিরিয়ে আনার উপায় থাকে না।
আর আমার একটা খারাপ স্বভাব হলো, ভুল কথা বলার পরও সঙ্গে সঙ্গে নিজের পক্ষে কারণ খুঁজি। বলি, “সে আগে বলেছে”, “আমি তো সত্য কথাই বলেছি”, “ও এত sensitive কেন?”, “সবাই তো একই কথা বলছিল।” এভাবে নিজের কথা নিজের কাছেই ঠিক করে ফেলি।
কিন্তু আল্লাহ, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমার ব্যাখ্যাগুলো কি তার কষ্টটা কমিয়ে দেয়? আমি তো নিজের কষ্টের সময় এমন ব্যাখ্যা গ্রহণ করতে পারি না। কেউ যদি আমাকে আঘাত করে পরে বলে, “আমি তো সত্যই বলেছি”, তখন আমারও তো ভালো লাগে না। তাহলে নিজের বেলায় নিয়মটা বদলে যায় কেন?
কখনো মজা করতে গিয়েও সীমা পার হয়ে যাই। সবাই হাসছে দেখে মনে হয় সব ঠিক আছে। কিন্তু যাকে নিয়ে মজা হলো, সে সত্যিই হাসল কি না, নাকি পরিস্থিতি সামলাতে হাসল, সেটা তো আমি জানি না। এই কথাটা ভাবলে নিজের অনেক পুরোনো কথাও মনে পড়ে। হয়তো আমি ভুলেই গেছি। কিন্তু সে ভুলেনি।
আরেকটা জিনিস ভয় দেখায়। কোনো মানুষের দোষ জানলে সেটা নিজের কাছে রাখা কেন এত কঠিন লাগে? কাউকে বলতে ইচ্ছে করে। অথচ তাকে বলা হয়তো কোনো সমাধানও করবে না। শুধু কথাটা আরও একজন জানবে। তারপর আরও একজন। এভাবেই তো কারও সম্মান খুব সহজে মানুষের মুখে ঘুরতে থাকে।
আল্লাহ, আমি এমন হতে চাই না যে ইবাদতের ব্যাপারে সাবধান, কিন্তু কথার ব্যাপারে খুব ঢিলেঢালা। ভালো কথা লিখি, নসিহাহ শেয়ার করি, আবার অন্য সময় নিজের মুখ দিয়ে এমন কিছু বলে ফেলি যেটা আমারই বলা উচিত ছিল না।
আমি জানি, সবসময় চুপ থাকাও ঠিক না। কখনো সত্য বলতে হবে, অন্যায় হলে বলতে হবে, প্রয়োজনীয় নসিহাহও দিতে হবে। কিন্তু আমার সমস্যা অনেক সময় সত্য বলা না। আমার সমস্যা হলো, যেটা বলার দরকার নেই সেটাও বলে ফেলি। কখনো রাগে, কখনো মজায়, কখনো গল্পের মধ্যে, কখনো শুধু কথোপকথন জমাতে। তারপর ভুলে যাই।
আল্লাহ, আমি চাই বলার আগে অন্তত এক মুহূর্ত থামতে। কথাটা সত্য কি না শুধু না, দরকার আছে কি না সেটাও ভাবতে। এই মানুষটা সামনে থাকলে বলতাম কি না, সেটাও ভাবতে। আর ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচানোর যুক্তি না খুঁজে, ভুলটা ভুল বলেই মানতে চাই। প্রয়োজন হলে ক্ষমা চাইতে চাই।
আল্লাহ, আমি এমন কথা বলতে চাই না যেটা বলার পাঁচ মিনিট পর আমি ভুলে যাব, কিন্তু যার জন্য আরেকজন হয়তো অনেকদিন কষ্ট পাবে। আমার জিহ্বাকে একটু বেশি সাবধান করে দিন।
মন্তব্য করুন