আমার ডায়েরির পাতা থেকে… | ২৭
আল্লাহ, আমার আর আপনার মাঝে শুধু আমাদের এমন কিছু আছে তো?
কখনো কোনো ভালো কাজ করার পর হঠাৎ কাউকে বলতে ইচ্ছে করে। খুব সরাসরি না হলেও কথার মধ্যে একটু জানিয়ে দিতে ইচ্ছে করে, যেন সে বুঝতে পারে আমি এটা করেছি। তারপর কখনো নিজেকেই থামাই। মনে হয়, এই একটা কথা যদি না বলি, কী হবে? কিছুই হবে না। বরং হয়তো এইটুকু শুধু আল্লাহর কাছেই থাকুক।
এই ভাবনাটা আমার ভেতরে খুব গভীর একটা প্রশ্ন তোলে। আমার জীবনে এমন কী আছে, যেটার কথা কোনো মানুষ জানে না? কোনো বন্ধু না, পরিবার না, পরিচিত কেউ না। শুধু আমি জানি, আর আপনি জানেন, আল্লাহ। প্রশ্নটার উত্তর দিতে গিয়ে কখনো চুপ হয়ে যাই।
মানুষের সামনে দ্বীনের কথা বলা সহজ। ভালো কিছু শেয়ার করাও সহজ। কেউ জানলে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু যখন কেউ জানবে না, কোনো reaction থাকবে না, কোনো প্রশংসা থাকবে না, তখনও কি আমার দ্বীন একইভাবে বেঁচে থাকে?
রাতে সবাই ঘুমিয়ে গেছে। ফোনটা হাতে ছিল। হঠাৎ মনে হলো, আজ দুই রাকাত পড়ি। পড়লামও। তারপর কারও কাছে বলতে ইচ্ছে হলো, আজ অনেকদিন পর এমন করলাম। ঠিক তখনই মনে হলো, কেন বলব? কেউ না জানলে কি এই আমলটা কম হয়ে যাবে? না। তাহলে এতবার জানাতে ইচ্ছে করে কেন?
হয়তো কারণ মানুষ জানলে কাজটার একটা আলাদা স্বাদ পাই। কেউ ভালো বলবে, সম্মান করবে, অন্তত ভাববে আমি ভালো কিছু করছি। কিন্তু আল্লাহ, আমি চাই এমন কিছু থাকুক যেখানে এই সবকিছুই থাকবে না। কোনো audience না, কোনো explanation না, কোনো পরিচয় রক্ষা করার চাপ না। শুধু আপনি।
হয়তো কারও জন্য রাতে চুপচাপ দু‘আ করলাম, সে জানল না। হয়তো কাউকে কিছু দিলাম, পরে কথার মধ্যে সেটা আর তুললাম না। হয়তো এমন একটা গুনাহের সুযোগ ছিল যেখানে কেউ জানত না, তবুও শুধু আপনি দেখছেন মনে করে সরে এলাম। এই ধরনের ছোট কিছু। আমার আর আপনার মাঝে।
আমি জানি সব ভালো কাজ গোপন রাখা সম্ভব না। কিছু কাজ মানুষ দেখবেই। কখনো জানানোও দরকার হতে পারে। আমার ভয় সেটা না। আমার ভয় হলো, গোপনে আমার কিছুই না থাকা।
মানুষের সামনে আমি যে মানুষ, একা থাকলেও কি আমি সেই মানুষ? এই প্রশ্নটা সহজ না। কখনো মনে হয়, আমার দ্বীনের একটা অংশ হয়তো মানুষের উপস্থিতির সঙ্গে জড়িয়ে গেছে। কেউ দেখছে, তাই আমি সাবধান। কেউ জানে, তাই আমি নিজের image ধরে রাখি। কিন্তু দরজা বন্ধ, ফোন দূরে, কেউ জানবে না, তখন আমার অবস্থা কেমন?
আল্লাহ, আমি এই উত্তরটা সুন্দর করে লিখতে চাই না। আমি চাই বাস্তবে উত্তরটা ভালো হোক। আমার এমন কিছু কান্না থাকুক, যেটা কাউকে বলিনি। এমন কিছু তাওবা থাকুক, যেটার গল্প কখনো শেয়ার করিনি। এমন কিছু ভালো কাজ থাকুক, যেটা মনে পড়লেও কাউকে জানাতে ইচ্ছে না করে। শুধু মনে হোক, আল্লাহ জানেন। এটাই যথেষ্ট।
আর যদি এমন কিছু এখনো খুব কম থাকে, তাহলে আজ থেকেই খুব ছোট কিছু দিয়ে শুরু করতে চাই। এমন একটা কাজ, যার পরে নিজের ভেতরেও বাহবা চাইব না। শুধু আপনার সন্তুষ্টি চাইব।
আল্লাহ, আমার জীবনে এমন কিছু রাখুন যেটা কাউকে বলতে ইচ্ছে না করে। শুধু জানি, আপনি জানেন। এইটুকুই যেন আমার জন্য যথেষ্ট লাগে।
মন্তব্য করুন