আমার ডায়েরির পাতা থেকে… | ২৮
আল্লাহ, যদি আমার দু‘আর উত্তরটা আমার চাওয়া মতো না হয়?
কিছু দু‘আ করতে করতে আমি শুধু একটা জিনিস চাই না, পুরো ভবিষ্যৎটাই মনে মনে সাজিয়ে ফেলি। এই মানুষটাই থাকবে, এই কাজটাই হবে, এই সময়ের মধ্যেই হবে, ঘটনাটা ঠিক এইভাবেই এগোবে। তারপর এতদিন ধরে সেই ছবিটা মনে রাখি যে অন্য কোনোভাবে কিছু ঘটতে শুরু করলে ভেতরটা মানতেই চায় না।
তখন নিজের কাছে একটা প্রশ্ন আসে, আমি কি আল্লাহর কাছে চাইছি, নাকি আমার বানানো পরিকল্পনাটাই অনুমোদন করাতে চাইছি? প্রশ্নটা অস্বস্তিকর। কারণ কিছু চাওয়া সত্যিই খুব গভীর। শুধু শখ না। তার সঙ্গে অনেক রাতের দু‘আ আছে, কান্না আছে, আশা আছে। কখনো কোনো একজন মানুষকে নিয়ে এত ভবিষ্যৎ কল্পনা করেছি যে তাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারিনি। কখনো কোনো কাজ বা সুযোগকে এতটাই জরুরি মনে হয়েছে যে সেটা না হলে মনে হয়েছে, আমার জন্য আর কিছুই বুঝি ঠিক হবে না।
আর যখন বাস্তবতা একটু অন্যদিকে যেতে শুরু করে, তখন প্রথমেই ভয় আসে। এটা কেন হচ্ছে? আমি তো এত দু‘আ করলাম। আমি তো এটা এভাবে চেয়েছিলাম। সত্যি বলতে, আমি শুধু উত্তর চাই না। উত্তরটা আমার পছন্দের রূপেই আসুক, এটাও চাই।
মুখে বলি, আল্লাহ যা ভালো সেটাই করুন। কিন্তু অন্তরে আবার খুব নির্দিষ্ট একটা ফলাফল আঁকড়ে থাকি। অন্য কিছু হওয়ার সম্ভাবনা ভাবলেই বুক ভার হয়ে যায়। আমি জানি না আগামী কয়েক বছর কী আছে। যে মানুষকে আজ খুব প্রয়োজনীয় মনে হচ্ছে, সে আমার জন্য কতটা ভালো, সেটাও পুরো জানি না। যে সুযোগটা না পেলে সব শেষ মনে হচ্ছে, সেটা পেলে আমার জীবন কোথায় যেত, সেটাও জানি না। আমি শুধু আমার আজকের ইচ্ছাটা জানি।
তবুও নিজেকে এমন দেখাতে চাই না যে খুব সহজে সব মেনে নিতে পারি। সত্যি বলতে, পারি না। আমি এখনো চাই কিছু জিনিস ঠিক আমার মতো করেই হোক। অন্য উত্তর ভাবলে কষ্ট হয়। কোনো কোনো জিনিস না পাওয়ার কথা মনে হলেও চোখ ভিজে আসে। আল্লাহ, এই অনুভূতিগুলোও তো আপনি জানেন।
আমি দু‘আ বন্ধ করতে চাই না। চাইব, খুব নির্দিষ্ট করেই চাইব, বারবার চাইব। কিন্তু আমার শান্তিটা যেন শুধু একটা নির্দিষ্ট মানুষ, একটা নির্দিষ্ট কাজ, একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট ফলাফলের সঙ্গে বেঁধে না ফেলি। কারণ তখন সেটা না হলে শুধু চাওয়াটাই ভাঙে না, আমার পুরো ভেতরটাই ভেঙে পড়ে।
কোনো কিছু আমার মতো না হলে সঙ্গে সঙ্গে বলতে চাই না, সব শেষ। কোনো পরিকল্পনা বদলে গেলে মনে করতে চাই না, আমার দু‘আ অর্থহীন ছিল। আর কোনো ঘটনা কেন ঘটল, সেটা নিয়েও নিজের মতো করে নিশ্চিত ব্যাখ্যা বানাতে চাই না। আমি তো সামনে কী আছে জানি না।
আল্লাহ, আমি এখনো চাই এটা আমার মতো করেই হোক। সত্যি বলতে, অন্য উত্তর মেনে নেওয়ার মতো শক্তও নিজেকে সবসময় মনে হয় না। কিন্তু যদি আপনার ফয়সালা আমার কল্পনার মতো না হয়, তখন যেন অভিমান করে আপনার দরজা ছেড়ে না যাই।
আমার চাওয়া না মিললেও যেন আপনাকে হারিয়ে না ফেলি। এইটুকু শক্তি আমাকে দিন।
মন্তব্য করুন