বিয়ে করতে ইচ্ছে করছে। বয়সও হচ্ছে। চারপাশে একে একে সবাই বিয়ে করছে। কখনো কখনো খুব একাও লাগে। তাই মনে হচ্ছে, এবার বিয়ে করা দরকার।
কিন্তু একটা প্রশ্ন আছে।
আপনি কি সত্যিই বিয়ের জন্য প্রস্তুত, নাকি শুধু বিয়ে করতে চান?
দুটো এক জিনিস নয়।
বিয়ের আগে আপনি কেমন জীবনসঙ্গী চান, সেটা জানার চেয়েও জরুরি হলো আপনি নিজেকে কতটা চেনেন। কোন কথায় আপনার খুব কষ্ট হয়? রাগ হলে আপনি কী করেন? কোথায় মানিয়ে নিতে পারবেন? কোন বিষয়ে কখনোই আপস করা উচিত নয়?
কারও প্রতি দুর্বল হয়ে পড়লে আমরা অনেক সময় নিজের কাছেই মিথ্যা বলতে শুরু করি।
“এটা তেমন বড় কিছু না।”
“আমি হয়তো বেশি ভাবছি।”
“বিয়ের পর ঠিক হয়ে যাবে।”
“মানুষটা তো এমনিতে অনেক ভালো।”
কিন্তু যেটা আজ আপনাকে অস্বস্তি দিচ্ছে, বিয়ের পর সেটাই প্রতিদিনের জীবনের অংশ হয়ে যেতে পারে। তাই কাউকে হারানোর ভয় যেন আপনাকে এমন কিছু মেনে নিতে না শেখায়, যা ভেতরে ভেতরে আপনি মেনে নিতে পারবেন না।
শুধু এই কারণে কাউকে আপনার জন্য উপযুক্ত ধরে নেবেন না যে তিনি নামাজ পড়েন, ভদ্র, শিক্ষিত, প্রতিষ্ঠিত বা ভালো পরিবারের। এসব অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একজন ভালো মানুষ হলেই তিনি আপনার জন্য সঠিক জীবনসঙ্গী হবেন, এমন নয়।
দুজনের দ্বীন নিয়ে ভাবনা কেমন? জীবনের লক্ষ্য কাছাকাছি কি? রাগ ও মতের অমিল কীভাবে সামলান? পরিবার নিয়ে প্রত্যাশা কী? তার সঙ্গে কথা বলতে গিয়ে আপনি স্বাভাবিক থাকতে পারেন, নাকি সবসময় হিসাব করে কথা বলতে হয়?
তারপর আছে সেই প্রশ্নগুলো, যেগুলো আবেগের মধ্যে মানুষ সবচেয়ে বেশি এড়িয়ে যায়।
বিয়ের পর কোথায় থাকবেন? পড়াশোনা বা চাকরি নিয়ে কী সিদ্ধান্ত? আয় ব্যয় কীভাবে চলবে? বাবা মায়ের দায়িত্ব কীভাবে সামলাবেন? সন্তান নিয়ে দুজনের ভাবনা কী? সংসারের দায়িত্ব নিয়ে প্রত্যাশা কী?
এসব প্রশ্ন খুব রোমান্টিক শোনায় না। কিন্তু না জিজ্ঞেস করে বিয়ে করে পরে উত্তর খুঁজতে বসা আরও কঠিন।
এবার নিজের দিকেও তাকান।
আপনি কি শুধু একজন ভালো স্বামী বা স্ত্রী খুঁজছেন, নাকি নিজেও ভালো একজন স্বামী বা স্ত্রী হওয়ার চেষ্টা করছেন?
আপনার ভুল হলে ক্ষমা চাইতে পারবেন? রাগের সময় ভাষা সামলাতে পারবেন? সবসময় নিজের কথাই ঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না তো? অন্যজনের দুর্বলতা জানার পর ঝগড়ার সময় সেটাই অস্ত্র বানাবেন না তো? নিজের হক জানেন। নিজের দায়িত্বও জানেন তো?
বিয়ে শুধু “আমাকে কে সুখী রাখবে” এই প্রশ্নের উত্তর নয়। কখনো প্রশ্নটা হবে, “আমি কি এই মানুষটির হক ঠিকভাবে আদায় করতে পারব?”
আল্লাহ দাম্পত্যের মধ্যে প্রশান্তি, ভালোবাসা ও রহমতের কথা বলেছেন। কুরআন বিবাহকে একটি দৃঢ় অঙ্গীকার হিসেবেও উল্লেখ করেছে।
তাই কাউকে খুব পছন্দ হয়ে গেছে বলে প্রয়োজনীয় প্রশ্ন বন্ধ করবেন না। অস্বস্তিকর বিষয় এড়িয়ে যাবেন না। বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন। ইস্তিখারা করুন। শুধু কথায় নয়, তার চরিত্র, দায়িত্ববোধ এবং দ্বীন তার আচরণে কতটা দেখা যায়, সেটাও দেখুন।
কারণ বিয়ের সিদ্ধান্ত শুধু আজকের অনুভূতির জন্য নয়। এই মানুষটির সঙ্গে ইনশাআল্লাহ আপনার অনেক সকাল, অসুস্থতা, টাকার টানাপোড়েন, মতের অমিল, পরিবার, সন্তান, ইবাদত এবং জীবনের কঠিন সময়ও কাটতে পারে।
তাই শুধু জিজ্ঞেস করবেন না, “আমি কবে বিয়ে করব?”
একবার চুপ করে নিজেকে জিজ্ঞেস করুন,
“আমি কি সত্যিই বিয়ের জন্য প্রস্তুত, নাকি শুধু বিয়ে হওয়ার অপেক্ষায় আছি?”
সূরা আর রূম, ৩০:২১
সূরা আন নিসা, ৪:২১
মন্তব্য করুন