সূরা ইখলাস আমাদের প্রায় সবারই মুখস্থ। এত পরিচিত যে কখনো কখনো সালাতে পড়েও কথাগুলোর দিকে আলাদা করে মন যায় না। কয়েক সেকেন্ডেই পড়ে শেষ করে ফেলি। অথচ এই ছোট্ট সূরাটির ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ এমন একটি কথা বলেছেন, যা জানলে হয়তো পরেরবার আর এত দ্রুত পড়ে চলে যেতে মন চাইবে না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যাঁর হাতে আমার জীবন, তাঁর কসম, এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।”
সহিহ বুখারি, ৫০১৩।
আরেকবার সাহাবিদের উদ্দেশে তিনি ﷺ বলেছিলেন, “তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে অক্ষম?” বিষয়টি তাদের কাছে কঠিন মনে হলে তিনি ﷺ বুঝিয়ে দিলেন, সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।
সহিহ বুখারি, ৫০১৫; সহিহ মুসলিম, ৮১২।
তবে এর অর্থ এই নয় যে সূরা ইখলাস তিনবার পড়লেই পুরো কুরআন তিলাওয়াতের প্রয়োজন শেষ হয়ে যায়। কুরআনের বাকি অংশে রয়েছে অসংখ্য বিধান, শিক্ষা, উপদেশ ও ঘটনা। এখানে সূরা ইখলাসের বিশেষ মর্যাদা ও ফজিলত বোঝানো হয়েছে।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন, তিনি আল্লাহ, এক।
اللَّهُ الصَّمَدُ
আল্লাহ অমুখাপেক্ষী, অথচ সবাই তাঁর মুখাপেক্ষী।
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
আর তাঁর সমতুল্য কেউ নেই।
মাত্র চারটি আয়াত। কিন্তু এর ভেতরে আপনি আপনার রবের পরিচয় পড়ছেন। পরেরবার সূরা ইখলাস পড়ার সময় শুধু মুখস্থ বলে দ্রুত শেষ করবেন না। কয়েক সেকেন্ড বেশি লাগুক, কথাগুলোর অর্থ মনে রাখুন।
আপনি এমন একজন রবের পরিচয় পড়ছেন, যিনি এক, অমুখাপেক্ষী এবং যাঁর সমতুল্য কেউ নেই।
আমলটি ছোট। কিন্তু এর জন্য রাখা ফজিলত ছোট নয়।
মন্তব্য করুন