বাড়ি থেকে বের হওয়ার আগে ফোনটা নিয়েছি কি না দেখি। চাবি নিয়েছি কি না দেখি। কাপড় ঠিক আছে কি না, সেটাও দেখি।
কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন অনেক সময় আর করা হয় না—আমার মুখ থেকে দুর্গন্ধ আসছে কি না? দাঁত পরিষ্কার তো? চুলটা কি একেবারেই অগোছালো?
রাসূলুল্লাহ ﷺ-এর জীবনে এসব ছোট বিষয়ও অবহেলার ছিল না।
তিনি ﷺ মিসওয়াকের প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে বলেছেন, উম্মতের জন্য কষ্টকর না হলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াকের নির্দেশ দিতেন।
তিনি ﷺ চুল আঁচড়াতেন। আঁচড়ানোর সময় ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। তাঁর কাছে “মিদরা” নামের চুল পরিচর্যার একটি সরঞ্জামও ছিল। ইথমিদ সুরমার উপকারিতার কথাও তিনি বলেছেন।
অর্থাৎ, পরিচ্ছন্ন থাকা আর নিজেকে গুছিয়ে রাখা ইসলামের বাইরে কোনো “দুনিয়াবি ব্যাপার” নয়।
আমরা অনেক সময় সুন্নাহ বলতে এমন কিছু খুঁজি, যা আলাদা করে চোখে পড়ে। অথচ প্রতিদিন সকালে দাঁত পরিষ্কার করা, নিজের শরীরের গন্ধের দিকে খেয়াল রাখা, চুল গুছিয়ে নেওয়া—এসব জায়গাতেও একজন মুসলিমের আদব প্রকাশ পায়।
ভাবুন, আপনি কারও পাশে বসেছেন। আপনার কারণে সে অস্বস্তি পাচ্ছে, কিন্তু ভদ্রতার কারণে কিছু বলছে না।
হয়তো আমরা সেটা কখনো জানবও না।
তাই পরিচ্ছন্নতা শুধু নিজের ভালো লাগার জন্য নয়। আমার পাশে থাকা মানুষটারও আমার ওপর একটি হক আছে।
রাসূল ﷺ-এর সুন্নাহ আমাদের শুধু ইবাদত কীভাবে করতে হয় শেখায়নি; মানুষের সামনে কীভাবে পরিচ্ছন্ন, পরিপাটি ও বিবেচক হয়ে থাকতে হয়, সেটাও শিখিয়েছে।
বাইরে বের হওয়ার আগে আয়নায় শুধু কাপড়টা দেখবেন না।
নিজেকেও একটু দেখবেন।
হাদিসসূত্র: সহিহ বুখারি ৮৮৭, ৫৮৫৪, ৫৯২৪, ৫৯২৬; সুনান ইবন মাজাহ ৩৪৯৭।
মন্তব্য করুন