ফজরের অ্যালার্মটা বাজল। চোখ খুললেন। সময়ও দেখলেন। তারপর নিজের অজান্তেই মনে হলো, “আর পাঁচ মিনিট…”
এই পাঁচ মিনিটই কখনো দশ মিনিট হয়, কখনো আধঘণ্টা। ঘুম ভাঙার পর যখন বুঝতে পারেন সময় চলে গেছে, বুকের ভেতর একটু খারাপও লাগে। অথচ যে ফজরটাকে ঘুমের কাছে ছেড়ে দিতে এত সহজ লাগে, সেই ফজর সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ফজরের সালাত আদায় করে, সে আল্লাহর জিম্মায় থাকে।
সহিহ মুসলিম: ৬৫৭
সকাল গড়িয়ে দুপুর হয়। অফিসে কাজ আছে, দোকানে কাস্টমার আছে, ক্লাস আছে, বাসায় রান্না আছে। যোহরের সময় হয়ে গেছে, কিন্তু হাতে থাকা কাজটা শেষ হয়নি। তখন মনে হয়, “এটা শেষ করেই পড়ছি।” আমাদের অনেকের যোহর এভাবেই অপেক্ষা করতে থাকে।
অথচ ফরজ যোহরের সঙ্গে কিছু সুন্নাহ আমলেরও কী বড় ফজিলত রাখা হয়েছে! যে ব্যক্তি যোহরের আগে চার রাকাত ও পরে চার রাকাত সালাত আদায় করে, তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষার সুসংবাদ এসেছে।
সুনান আন-নাসাঈ: ১৮১৭, জামে আত-তিরমিযী: ৪২৮
তারপর আসর। দিনের এই সময়টায় শরীরও একটু ছেড়ে দিতে চায়। কাজ জমে থাকে, মাথা ক্লান্ত থাকে, ফোনে নোটিফিকেশন আসতে থাকে। আসরের আযান শুনেও কখনো মনে হয়, “সময় তো আছে।”
কিন্তু ফজর ও আসরের ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে সালাত আদায় করে, সে জাহান্নামে প্রবেশ করবে না। এখানে ফজর ও আসরকেই বোঝানো হয়েছে।
সহিহ মুসলিম: ৬৩৪
সন্ধ্যায় মাগরিব আসে খুব অল্প সময়ের মধ্যে। দিনের কাজ শেষে বাসায় ফিরেছেন। খাবার সামনে। ফোনটা হাতে নিয়েছেন। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও। এর মধ্যেই মাগরিব পড়ে ফেলতে হবে।
মাগরিবের ফরজের পর দুই রাকাত সুন্নাহও সেই বারো রাকাত নিয়মিত সুন্নাহর অংশ, যার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দিনে ও রাতে বারো রাকাত সালাত নিয়মিত আদায় করে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এই বারো রাকাত হলো ফজরের আগে দুই, যোহরের আগে চার ও পরে দুই, মাগরিবের পরে দুই এবং ইশার পরে দুই রাকাত।
জামে আত-তিরমিযী: ৪১৫
তারপর আসে ইশা। এই সময় আরেক ধরনের লড়াই শুরু হয়। সারাদিনের ক্লান্তি। বিছানা। ফোন। “আজ অনেক tired, কাল থেকে ঠিক করব।”
কিন্তু যে ব্যক্তি ইশা জামাতে আদায় করে, তার জন্য অর্ধরাত কিয়াম করার সমপরিমাণ সওয়াবের কথা এসেছে। আর ইশা ও ফজর জামাতে আদায় করলে পুরো রাত কিয়াম করার সমপরিমাণ সওয়াবের সুসংবাদ এসেছে।
সহিহ মুসলিম: ৬৫৬
খেয়াল করলে দেখবেন, সালাত আমাদের দিনের ফাঁকা সময়ে আসেনি। ফজর এসেছে যখন ঘুম সবচেয়ে প্রিয়। যোহর এসেছে যখন কাজের মাঝখান। আসর এসেছে যখন ক্লান্তি জমে। মাগরিব এসেছে যখন আমরা দিনের ব্যস্ততা থেকে ঘরে ফিরি। ইশা এসেছে যখন শরীর বিশ্রাম চায়।
আর ঠিক সেখানেই আল্লাহ আমাদের ডাকেন। কয়েক মিনিটের জন্য সবকিছু রেখে তাঁর সামনে দাঁড়াতে।
আমরা অবশ্যই শুধু পুরস্কারের জন্য সালাত পড়ি না। সালাত আমাদের রবের ইবাদত, তাঁর হুকুম। কিন্তু সেই ইবাদতের পথেই আল্লাহ কত সুসংবাদ, কত রহমত, কত প্রতিদান রেখে দিয়েছেন, সেগুলো জানলে সালাতকে আর দিনের “আরেকটা কাজ” বলে মনে হয় না।
সমস্যা হলো, আমরা অনেক সময় এগুলো জানিও। তারপর ভুলে যাই। তাই আযান শুনে কখনো মনে হয়, “একটু পরে পড়ব।” কাজ শেষ করে। খাওয়া শেষ করে। এই ভিডিওটা শেষ করে। আরেকটু ঘুমিয়ে। এভাবেই যে রব আমাদের সময় দিয়েছেন, তাঁর জন্যই সময় বের করা কঠিন হয়ে যায়।
অথচ সালাত আমাদের জীবন থেকে সময় কেড়ে নিতে আসেনি। আল্লাহ বলেন, “নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
সূরা আল-আনকাবূত, ২৯:৪৫
তাই পরেরবার আযান হলে শুধু ঘড়ির দিকে তাকাবেন না। নিজের অবস্থাটাও দেখবেন। হয়তো আপনি ক্লান্ত। হয়তো খুব ব্যস্ত। হয়তো মন ভালো নেই। হয়তো সালাতে মনও বসছে না। তবুও দাঁড়ান।
কারণ আপনার রব শুধু সেই দিনের রব নন, যেদিন আপনার মন ভালো থাকে। ব্যস্ত দিনেরও রব তিনি, ক্লান্ত রাতেরও রব তিনি।
আর যে সালাতটাকে আজ আপনি কষ্ট করে ধরে রাখছেন, কিয়ামতের দিন হয়তো সেই সালাতের প্রতিদান দেখে আপনারই মনে হবে, “এতটুকু কষ্টের জন্য আল্লাহ এত কিছু রেখেছিলেন!”
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত সালাত সময়মতো, মনোযোগ ও ভালোবাসার সঙ্গে আদায় করার তাওফিক দিন। আমিন।
মন্তব্য করুন