বাইরে আপনি হয়তো খুব ভদ্র একজন মানুষ। কেউ ভুল করলে বলেন, “সমস্যা নেই।” কেউ আপনার সাথে দ্বিমত করলে কথা শুনে উত্তর দেন। অপরিচিত মানুষের সাথেও শব্দ বেছে কথা বলেন।
কিন্তু ঘরে ফিরে সেই আপনিই কি বদলে যান?
স্ত্রী একই কথা দ্বিতীয়বার বললে বিরক্ত হয়ে যান। সে কোনো বিষয়ে আপনার সাথে একমত না হলে কণ্ঠস্বর শক্ত হয়ে আসে। কথা বলতে এলে ফোন থেকে চোখ না তুলেই “হুম” বলে যান। আর ঝগড়া হলে আজকের সমস্যার সাথে পাঁচ বছর আগের ভুলটাও তুলে আনেন। কখনো ঠাট্টার নামে এমন কিছু বলেন, যেটা শুনে সে হাসে ঠিকই, কিন্তু ভেতরে কষ্ট পায়।
আমরা সাধারণত তখন ভাবি, “ও এত sensitive কেন?” একবার উল্টো করে ভাবুন—আপনার আচরণটাই কি তাকে কষ্ট দিচ্ছে?
আল্লাহ বলেন, “তোমরা তাদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো।” —সূরা আন-নিসা, ৪:১৯
একই আয়াতে আল্লাহ আরও মনে করিয়ে দেন, কারও কোনো বিষয় আপনার অপছন্দ হতে পারে, অথচ আল্লাহ তার মধ্যেই অনেক কল্যাণ রেখেছেন।
দাম্পত্যের একটা বড় সমস্যা শুরু হয় তখন, যখন আমরা জীবনসঙ্গীকে ভালোবাসার চেয়ে নিজের মতো বানাতে বেশি ব্যস্ত হয়ে যাই। “তুমি এমন কেন?” “আমি হলে এটা করতাম না।” “এত আবেগ দেখানোর কী আছে?” “আমার মতো করে ভাবতে পারো না?”
কথাগুলো আলাদা আলাদা শুনলে খুব বড় কিছু মনে হয় না। কিন্তু বছরের পর বছর একজন মানুষ যদি বারবার শুনতে থাকে যে তার অনুভূতি ভুল, তার স্বভাব বিরক্তিকর, তার কথা গুরুত্ব পাওয়ার মতো নয়—একসময় সে কথা বলা কমিয়ে দেয়।
শান্ত হয়ে গেছে মনে হয়। আসলে হয়তো সে শুধু বুঝে গেছে, বলেও লাভ নেই।
রাসূলুল্লাহ ﷺ নারীদের ব্যাপারে উত্তম আচরণের উপদেশ দিতে গিয়ে পাঁজরের হাড়ের উদাহরণ দিয়েছেন। বলেছেন, তাকে জোর করে সোজা করতে গেলে ভেঙে যাবে; তাই নারীদের সাথে উত্তম আচরণ করো। —সহিহ আল-বুখারি ৩৩৩১; সহিহ মুসলিম ১৪৬৮
এই হাদিস নারীকে ছোট করার শিক্ষা নয়। বরং স্বভাব ও পার্থক্যকে বুঝে প্রজ্ঞার সাথে চলার শিক্ষা। জীবনসঙ্গীর প্রতিটি ভিন্নতাকে নিজের পছন্দমতো বদলে দেওয়ার প্রকল্প বানানো দাম্পত্য নয়।
ভুল হলে নসিহাহ অবশ্যই থাকবে। দ্বীনের সীমা লঙ্ঘন হলে সংশোধনও থাকবে। কিন্তু নসিহাহ আর অপমান এক নয়। সংশোধন আর তুচ্ছ করা এক নয়। দায়িত্বশীল হওয়া আর নিয়ন্ত্রণ করা এক নয়।
আর কোমল হওয়া দুর্বল হওয়া নয়। রাগ উঠেছে, তবুও গালি দিলেন না। কষ্ট পেয়েছেন, তবুও অপমান করলেন না। ভুল বুঝতে পেরে “আমি ভুল করেছি” বললেন। তার দুর্বল জায়গাটা জানেন, কিন্তু ঝগড়ার সময় সেখানে আঘাত করলেন না। এগুলো দুর্বলতার লক্ষণ নয়। নিজের রাগ থাকা সত্ত্বেও নিজেকে সামলাতে পারাই শক্তি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “কোমলতা যে জিনিসে থাকে, তাকে সুন্দর করে; আর যেখান থেকে কোমলতা তুলে নেওয়া হয়, তাকে ত্রুটিপূর্ণ করে দেয়।” —সহিহ মুসলিম ২৫৯৪
আরেকটি হাদিসে বলেছেন, “কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। তার একটি স্বভাব অপছন্দ হলে অন্য একটি স্বভাব তার পছন্দ হবে।” —সহিহ মুসলিম ১৪৬৮
এই জায়গাটায় আমরা অনেকেই আটকে যাই। একটা স্বভাব পছন্দ নয়, তাই মানুষটার বাকি সব ভালো দিকও চোখের আড়াল হয়ে যায়। একসময় যে যত্নটা ভালো লাগত, এখন সেটাই স্বাভাবিক মনে হয়। যে মানুষটি কঠিন সময়ে পাশে ছিল, তার সেই অবদান আর মনে পড়ে না। মনে থাকে শুধু তার ভুলটা।
তারপর একদিন সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায়, যেখানে দুজনেই ভাবে—“সে আমাকে আর বোঝে না।” অথচ হয়তো বোঝার চেষ্টা দুজনেই অনেক আগে কমিয়ে দিয়েছিল।
একটা প্রশ্ন নিজের কাছে রাখুন—আপনার স্ত্রী যখন আপনার সাথে কথা বলে, সে কি নিরাপদ বোধ করে?
মানে এই নয় যে সে আপনার সাথে সব বিষয়ে একমত হবে। বরং সে কি জানে—দ্বিমত করলেও তাকে অপমান করা হবে না? ভুল করলে পুরোনো কথা টেনে তাকে ছোট করা হবে না? নিজের কষ্ট বললে “নাটক করো না” শুনতে হবে না? আপনার রাগের সময় তার কোনো গোপন দুর্বলতা অস্ত্র হয়ে ফিরে আসবে না?
কারণ ঘরের নিরাপত্তা শুধু দরজার তালায় তৈরি হয় না। অনেক সময় নিরাপত্তা তৈরি হয় একজন মানুষের ভাষায়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে উত্তম সে, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম।” —জামে আত-তিরমিযি ৩৮৯৫
এই হাদিসটা পড়ার পর অন্য কারও স্বামী কেমন, সেটা ভাবার আগে নিজের ঘরটা ভাবুন। শেষ ঝগড়ায় আপনি কী বলেছিলেন? যে শব্দটা স্ত্রীকে বলেছেন, একই শব্দ কি সহকর্মীকে বলতে পারতেন? সে কথা বলার সময় আপনি সত্যিই শুনেছিলেন, নাকি শুধু নিজের উত্তর দেওয়ার অপেক্ষায় ছিলেন? আপনার কাছে সে কি নিজের কষ্ট বলতে পারে, নাকি বলার আগে ভাবতে হয়—“এটা বললে আবার কী হবে?”
একদিন সময় করে শুধু এটুকু জিজ্ঞেস করতে পারেন, “আমার এমন কোনো আচরণ আছে, যেটা তোমাকে কষ্ট দেয় কিন্তু তুমি আমাকে বলতে স্বস্তি পাও না?”
তারপর সঙ্গে সঙ্গে নিজের ব্যাখ্যা দেবেন না। শুনুন।
হয়তো উত্তরটা ভালো লাগবে না। কিন্তু কখনো কখনো সংসার বাঁচানোর শুরু হয় নিজের এমন একটা দিক দেখতে পাওয়ার পর, যেটা এতদিন শুধু অন্য মানুষটাই দেখেছে।
বাইরের মানুষ আপনার ব্যবহার দেখে আপনাকে ভদ্র বলতে পারে। কিন্তু আপনার চরিত্রের আরেকটা পরীক্ষা হয় সেই ঘরে, যেখানে অভিনয় করার প্রয়োজন পড়ে না। সেখানেই বোঝা যায়, ক্ষমতা হাতে থাকলে আপনি কেমন। রাগলে কেমন। মত না মিললে কেমন। যার দুর্বলতাগুলো আপনার জানা, তার সাথে আপনি কেমন।
নারীদের সাথে সুন্দর আচরণ করুন। শুধু সে আপনার স্ত্রী বলে নয়। এটা আল্লাহর নির্দেশ। এটা নবী ﷺ-এর শিক্ষা।
আর আপনার ঘরের ভেতরের আচরণ মানুষ না দেখলেও—আল্লাহ দেখেন।
মন্তব্য করুন