যে আকুলতা নবী ﷺ আল্লাহর কাছে চাইতেন
খুব প্রিয় কারও সঙ্গে অনেকদিন পর দেখা হবে। সকাল থেকেই অদ্ভুত একটা অস্থিরতা। কাজে মন বসছে না, বারবার সময় দেখছেন। দেখা হওয়ার আগে কত কথা বলবেন ভেবেছিলেন, অথচ মানুষটা সামনে এলে অনেক সময় কথাগুলোই হারিয়ে যায়।
ভালোবাসা এমনই। যাকে সত্যি ভালোবাসি, তার কাছে যেতে মন চায়। দূরে থাকলে তার অভাব বুঝতে পারি। তাহলে নিজের কাছে একটা প্রশ্ন থাক, আল্লাহর জন্য আমার হৃদয়ে এমন কোনো আকুলতা আছে?
কয়েকদিন কুরআন থেকে দূরে থাকলে কি কখনো মনে হয়, কিছু একটা কমে গেছে? সালাতটা তাড়াহুড়োয় শেষ করে ফেললে আফসোস হয়? কোনো গুনাহের পর কি মনে হয়, আমি আবার আমার রবের কাছ থেকে একটু দূরে সরে গেলাম?
সবসময় চোখে পানি আসবে বা বুক কেঁপে উঠবে, এমন নয়। আল্লাহকে ভালোবাসা শুধু একটি অনুভূতির নামও নয়। যাকে আমরা ভালোবাসি, তার সন্তুষ্টির মূল্য আমাদের কাছে থাকে। আল্লাহ বলেন,
وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ
“আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর প্রতি ভালোবাসায় অধিক প্রবল।”
সূরা আল বাকারা, ২:১৬৫
আমরা মা বাবাকে ভালোবাসি, স্বামী বা স্ত্রীকে ভালোবাসি, সন্তান ও বন্ধুদের ভালোবাসি। এসব ভালোবাসাও আল্লাহর দেওয়া নিয়ামত। সমস্যা মানুষকে ভালোবাসায় নয়। সমস্যা হয় যখন কোনো মানুষের দূরত্ব আমাদের যতটা নাড়ায়, আল্লাহর কাছ থেকে নিজের দূরত্ব ততটুকুও নাড়ায় না।
একজনের reply না এলে আমরা বারবার ফোন দেখি। কিন্তু আযান হয়ে গেলে বলি, একটু পরে। কেউ আগের মতো কথা না বললে রাতে শুয়ে ভাবি, মানুষটা কেন বদলে গেল? অথচ নিজের রবের সঙ্গে সম্পর্কটা কখন বদলে গেছে, অনেক সময় সেটাই খেয়াল করি না।
নবী ﷺ আল্লাহর কাছে দুআ করতেন,
وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ
“আমি তোমার কাছে তোমার দীদারের আনন্দ এবং তোমার সাক্ষাতের আকুলতা চাই।”
সুনান আন নাসাঈ, ১৩০৫
ভাবুন, আল্লাহর সাক্ষাতের জন্য আকুলতা। এটা দুনিয়ার জীবনকে অপছন্দ করা বা কষ্টে পড়ে মৃত্যু কামনা করা নয়। একই দুআয় নবী ﷺ আল্লাহর কাছে চেয়েছেন, যতদিন জীবন তাঁর জন্য কল্যাণকর ততদিন যেন তাঁকে জীবিত রাখা হয়, আর যখন মৃত্যু কল্যাণকর তখন যেন মৃত্যু দেওয়া হয়।
মুমিন জীবন থেকে পালাতে চায় না। সে বাঁচে, দায়িত্ব পালন করে, পরিবারকে ভালোবাসে, কাজ করে, কষ্টের মধ্যেও চেষ্টা করে। কিন্তু তার হৃদয় জানে, এই দুনিয়াই শেষ ঠিকানা নয়। একদিন এমন একটি সাক্ষাৎ আছে, যার পরে আর কোনো বিচ্ছেদ নেই।
আমরা অনেকেই বলি, আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার ছাপ শুধু আবেগে নয়, সিদ্ধান্তেও দেখা যায়। গুনাহের সুযোগ পেয়েও শুধু আল্লাহর জন্য সরে আসা ভালোবাসা। সালাতে মন না বসলেও দাঁড়িয়ে যাওয়া ভালোবাসা। কেউ না জানলেও একটা হারাম কাজ ছেড়ে দেওয়া শুধু এই ভেবে যে, আমার রব দেখছেন, এটাও ভালোবাসা।
অনুভূতি প্রতিদিন একরকম থাকবে না। কখনো সিজদায় চোখ ভিজবে, কখনো কিছুই অনুভব হবে না। তারপরও আপনি ফিরে আসবেন। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক শুধু অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে না, এই সম্পর্ককেও যত্ন করতে হয়।
নিজের জীবনটার দিকে তাকান। এমন কিছু রাত নিশ্চয়ই গেছে, যেগুলো কীভাবে পার করেছেন এখন নিজেও বুঝতে পারেন না। এমন কিছু বিপদ ছিল, যেগুলো আসতে পারত কিন্তু আসেনি। এমনও হয়েছে, আপনি নিজেই অনেক দূরে চলে গিয়েছিলেন, তারপর একদিন আবার দু’হাত তুলেছেন। দরজাটা বন্ধ পাননি।
মানুষের কাছে বারবার ফিরে গেলে মানুষ বিরক্ত হতে পারে। কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে আসতে মানুষ শেষ হয়ে গেলেও তাঁর রহমত শেষ হয় না।
তাই আজ বড় কোনো প্রতিজ্ঞা নয়। শুধু নিজের কাছে একবার জিজ্ঞেস করুন, আমার হৃদয়ে আল্লাহর জায়গাটা কোথায়?
তারপর নিজের ভাষায় বলুন, “ইয়া আল্লাহ, আমি তোমাকে যতটা ভালোবাসা উচিত, ততটা ভালোবাসতে পারিনি। আমার হৃদয়কে তোমার দিকে ফিরিয়ে দাও। তোমার আনুগত্যকে আমার কাছে প্রিয় করে দাও। গুনাহকে অপছন্দনীয় করে দাও। তোমার কাছ থেকে দূরে গেলে যেন আমি সেটা বুঝতে পারি। আর আমার হৃদয়ে তোমার সাক্ষাতের আকুলতা সৃষ্টি করে দাও।”
মানুষের ভালোবাসার স্বাদ আমরা অনেকেই পেয়েছি। কাউকে কাছে পাওয়ার আনন্দ জানি, কাউকে হারানোর কষ্টও জানি। কিন্তু একটা পুরো জীবন কাটিয়ে দিলাম, অথচ আল্লাহকে ভালোবাসার স্বাদই পেলাম না, এর চেয়ে বড় বঞ্চনা আর কী হতে পারে?
পৃথিবীর সব মানুষ পাশে থেকেও হৃদয়ের একটা জায়গা খালি থাকতে পারে। কারণ সেই জায়গাটা মানুষের জন্য বানানো হয়নি।
রবের জায়গা রব ছাড়া কেউ পূরণ করতে পারে না।
আল্লাহ আমাদের এমন হৃদয় দিন, যে হৃদয় তাঁকে শুধু প্রয়োজনের সময় ডাকে না, তাঁকে ভালোবাসে, তাঁর দিকে ফিরে আসে এবং তাঁর সাক্ষাতের আকুলতা নিয়ে বাঁচতে শেখে। আমিন।
দলিল: সূরা আল বাকারা ২:১৬৫ | সুনান আন নাসাঈ ১৩০৫
বিষয় অনুপ্রেরণা: @ali.hammuda
মন্তব্য করুন