আমরা কোথায় হারিয়ে গেলাম? | পর্ব ৫
একটি ছোট সমাজ কীভাবে প্রশাসন শিখল?
একটা সমাজ ছোট থাকলে অনেক কিছু সরাসরি সামলানো যায়। কিন্তু মানুষ বাড়তে থাকলে, নতুন গোত্র যুক্ত হলে, যাকাত আসতে থাকলে, চুক্তি বাড়লে, দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে—সবকিছু একজন মানুষের হাতে রাখা সম্ভব হয় না।
মদিনাতেও ধীরে ধীরে এই বাস্তবতা সামনে এসেছিল।
রাসূলুল্লাহ ﷺ ছিলেন নেতা, কিন্তু সব দায়িত্ব তিনি একা করতেন না। কেউ ওহি লিখতেন, কেউ পত্র ও চুক্তি লিখতেন, কেউ দূরের গোত্রে বার্তা নিয়ে যেতেন, কাউকে যাকাত সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো, কাউকে নির্দিষ্ট কাজে পাঠানো হতো।
আজকের মতো মন্ত্রণালয়, দপ্তর বা বিশাল bureaucracy তখন ছিল না। প্রশাসন বলতে তখন মূলত বোঝাত—দায়িত্ব ভাগ করা, লিখিত চুক্তি রাখা, সম্পদ সংগ্রহ ও বণ্টনের নিয়ম করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মানুষ ঠিক করা।
যাকাতের কথাই ধরুন।
এটা শুধু ব্যক্তিগত দান ছিল না। কুরআন যাকাতের হকদারদের মধ্যে “যারা তা সংগ্রহের কাজে নিয়োজিত” মানুষের কথাও বলেছে।
সূরা আত তাওবা, ৯:৬০
অর্থাৎ শুধু হক নির্ধারণ করলেই হয়নি, সেটা সংগ্রহ ও বণ্টনের জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষও ছিল।
চুক্তির ক্ষেত্রেও একই বিষয় দেখা যায়। মদিনার বিভিন্ন গোষ্ঠীর সম্পর্ক শুধু মুখের কথায় ছেড়ে দেওয়া হয়নি। লিখিত চুক্তি করা হয়েছে। রাসূলুল্লাহ ﷺ-এর পত্র, চুক্তি ও অন্যান্য লিখিত কাজের জন্যও লেখক ছিলেন।
সমাজ বড় হলে শুধু মুখের কথা যথেষ্ট হয় না। কে কী দায়িত্ব নেবে, কী চুক্তি হয়েছে, কী আদায় হবে—এসব পরিষ্কার রাখতে হয়।
বিচারের ক্ষেত্রেও পুরোনো গোত্রভিত্তিক নিয়ম যথেষ্ট ছিল না। বিরোধ হলে শক্তিশালী গোত্র যার পাশে দাঁড়াবে, সে-ই জিতবে—নতুন মুসলিম সমাজ এভাবে চলতে পারেনি। রাসূলুল্লাহ ﷺ বিচার করতেন, সিদ্ধান্ত দিতেন, আর প্রয়োজন অনুযায়ী অন্যদেরও দায়িত্ব দিতেন।
এখানে আসল পরিবর্তনটা ছিল খুব practical।
একজন মানুষ আর শুধু নিজের গোত্রের ভেতরের নিয়মে আটকে থাকছে না। তাকে বৃহত্তর একটি ব্যবস্থার মধ্যে চুক্তি মানতে হচ্ছে, নির্ধারিত হক দিতে হচ্ছে, দায়িত্ব পালন করতে হচ্ছে, সিদ্ধান্ত মেনে চলতে হচ্ছে।
ঈমান মানুষের আচরণ বদলাচ্ছিল, আর সেই আচরণকে স্থায়ী করতে নিয়ম, দায়িত্ব ও কাজের ভাগ তৈরি হচ্ছিল।
এ কারণেই মদিনাকে শুধু “একটা ধর্মীয় community” হিসেবে দেখলে পুরো ছবি ধরা পড়ে না। সেখানে একই সঙ্গে মানুষ গড়া হচ্ছিল, সমাজ গড়া হচ্ছিল, আর সেই সমাজকে চালানোর সক্ষমতাও তৈরি হচ্ছিল।
এই সক্ষমতাই পরে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কারণ সামনে শুধু মদিনা থাকবে না। নতুন শহর আসবে, নতুন জনগোষ্ঠী আসবে, কৃষিজমি আসবে, বাজার আসবে, ভিন্ন ধর্মের মানুষ আসবে, পুরোনো প্রশাসনিক কাঠামোও থাকবে।
তখন প্রশ্ন হবে—সবকিছু কি ভেঙে নতুন করে শুরু করা হবে? নাকি যা কার্যকর, তা রেখে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া হবে?
একটা বাহিনী কোনো শহর জয় করতে পারে।
কিন্তু একটা শহর চালাতে লাগে অন্য ধরনের শক্তি।
পরের পর্ব: এমন কী ছিল মুসলিম শাসনে যে নতুন অঞ্চলগুলো টিকে গেল?
মন্তব্য করুন