ছোট ছোট সুন্নাহ, যা আজ থেকেই জীবনে ফিরিয়ে আনতে পারেন
সকালে ঘুম থেকে উঠে জুতা পরলেন, তাড়াহুড়ো করে নাশতা করলেন, কাজে গেলেন। কারও সঙ্গে দেখা হলো, কথা হলো। রাতে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন।
প্রতিদিনই তো এসব করি। কিন্তু এসব সাধারণ কাজের মধ্যেও রাসুলুল্লাহ ﷺ-এর শেখানো কতগুলো সুন্নাহ রয়েছে, তা কি আমাদের মনে থাকে?
সুন্নাহ পালনের জন্য সব সময় আলাদা করে বড় কোনো আয়োজন করতে হয় না। প্রতিদিনের পরিচিত কাজগুলোও নবীজি ﷺ-এর অনুসরণে করার সুযোগ রয়েছে।
১. ভালো ও সম্মানজনক কাজে ডান দিক থেকে শুরু করুন।
জুতা পরার সময় ডান পা আগে, চুল আঁচড়ানোর সময় ডান দিক আগে, অজুর সময় ডান অঙ্গ আগে—রাসুলুল্লাহ ﷺ এসব কাজে ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। কাজগুলো প্রতিদিনই করছেন। একটু সচেতন হলেই এগুলো সুন্নাহ অনুযায়ী করা সম্ভব।
সহীহ বুখারী ১৬৮; সহীহ মুসলিম ২৬৮
২. মিসওয়াক ব্যবহারের অভ্যাস করুন।
দাঁত ও মুখ পরিষ্কার রাখার জন্য রাসুলুল্লাহ ﷺ মিসওয়াকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, উম্মতের কষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াকের নির্দেশ দিতেন। ঘরে একটি মিসওয়াক রাখতে পারেন। বিশেষ করে সালাতের আগে ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।
সহীহ বুখারী ৮৮৭
৩. খাওয়া ও পান করা শেষে আলহামদুলিল্লাহ বলুন।
খাবার ভালো হলে রান্নার প্রশংসা করি। কিন্তু যিনি সেই খাবারের ব্যবস্থা করেছেন, তাঁর শুকরিয়া আদায় করতে কতবার ভুলে যাই! রাসুলুল্লাহ ﷺ জানিয়েছেন, বান্দা খাওয়া বা পান করার পর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন।
الْحَمْدُ لِلَّهِ — আলহামদুলিল্লাহ।
সহীহ মুসলিম ২৭৩৪
৪. দেখা হলে আগে সালাম দেওয়ার অভ্যাস করুন।
পরিচিত কাউকে দেখলে অনেক সময় অপেক্ষা করি, সে আগে কথা বলুক। অথচ রাসুলুল্লাহ ﷺ মুসলিমদের মধ্যে সালামের প্রচলন করতে বলেছেন। কারণ সালাম পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির একটি মাধ্যম।
السَّلَامُ عَلَيْكُمْ — আসসালামু আলাইকুম।
শুধু পরিচিত মানুষ নয়, অন্য মুসলিমদেরও সালাম দেওয়ার অভ্যাস করুন।
সহীহ মুসলিম ৫৪
৫. ঘুমানোর আগে ১০০ বার নির্দিষ্ট যিকির পড়ুন।
সারা দিনের ক্লান্তি শেষে বিছানায় শুয়ে ফোন দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। অথচ ঘুমানোর আগে অল্প সময়েই একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ পালন করা যায়।
রাসুলুল্লাহ ﷺ আলী (রা.) ও ফাতিমা (রা.)-কে শিখিয়েছিলেন:
سُبْحَانَ اللَّهِ — সুবহানাল্লাহ: ৩৩ বার
الْحَمْدُ لِلَّهِ — আলহামদুলিল্লাহ: ৩৩ বার
اللَّهُ أَكْبَرُ — আল্লাহু আকবার: ৩৪ বার
আজ রাতে ঘুমানোর আগে এই যিকিরগুলো পড়তে পারেন।
সহীহ বুখারী ৫৩৬১; সহীহ মুসলিম ২৭২৭
৬. খাওয়ার আগে বিসমিল্লাহ বলুন।
খাবার সামনে এলেই অনেক সময় খাওয়া শুরু করে দিই। রাসুলুল্লাহ ﷺ একটি শিশুকে শিখিয়েছিলেন, খাওয়ার সময় আল্লাহর নাম নিতে, ডান হাতে খেতে এবং নিজের সামনের অংশ থেকে খেতে।
بِسْمِ اللَّهِ — বিসমিল্লাহ।
নিজে এই আদব মেনে চলুন। ঘরের শিশুদেরও ছোটবেলা থেকে শেখান।
সহীহ বুখারী ৫৩৭৬
৭. ঘুমানোর আগে তিন কুল পড়ুন।
রাসুলুল্লাহ ﷺ প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। দুই হাতের তালু একত্র করে সূরাগুলো পড়ে তাতে হালকা ফুঁ দিতেন। এরপর মাথা, মুখ ও শরীরের সামনের অংশ থেকে শুরু করে যতদূর সম্ভব হাত বুলাতেন। এভাবে তিনবার করতেন।
তিনটি ছোট সূরা। অথচ ঘুমানোর আগের কত সুন্দর একটি সুন্নাহ!
সহীহ বুখারী ৫০১৭
৮. ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করুন।
বাইরে থেকে ফিরে দরজা খুলেই কখনো ফোনে ব্যস্ত হয়ে পড়ি, কখনো অন্য কাজে। রাসুলুল্লাহ ﷺ জানিয়েছেন, কেউ ঘরে প্রবেশের সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করলে শয়তান সেখানে রাতযাপন ও খাবারের সুযোগ পায় না।
তাই ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিন। খাওয়ার সময়ও ভুলবেন না।
সহীহ মুসলিম ২০১৮
একটা কথা মনে রাখবেন।
সুন্নাহ শুধু জানার বিষয় নয়, জীবনে পালন করার বিষয়।
হয়তো এর অনেকগুলোই আপনি আগে থেকে জানেন। কিন্তু জানা আর নিয়মিত পালন করার মধ্যে পার্থক্য আছে।
একদিনে সবকিছু অভ্যাসে আনতে না পারলেও একটি দিয়ে শুরু করুন। সেটি নিয়মিত হলে আরেকটি যোগ করুন।
আজ জুতা পরার সময় ডান পা আগে দিতে পারেন। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে পারেন। ঘুমানোর আগে ফোনটা সরিয়ে রেখে তিন কুল পড়তে পারেন।
আমরা প্রতিদিন অনেক কাজই অভ্যাসের কারণে করি। এবার কিছু কাজ রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণের নিয়তে করার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সহীহ সুন্নাহ জানার, ভালোবাসার এবং নিয়মিত আমল করার তাওফিক দিন। আমিন।
মন্তব্য করুন