মূল লেখায় যান

Study Room লেখা

হার্ট ডিজিজ | অন্তরের রোগ | পর্ব ৪ — অন্যের ভালো দেখে বুক জ্বলে? — সাবধান, এটা হিংসা হতে পারে

বিষয়: · · ·

🫀 হার্ট ডিজিজ | অন্তরের রোগ

পর্ব ০৪ : অন্যের ভালো দেখে বুক জ্বলে? — সাবধান, এটা হিংসা হতে পারে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

কখনো কি এমন হয়েছে— কারো রিজিক বাড়ছে, কারো বিয়ে হয়ে গেছে, কারো পড়াশোনায় ভালো হচ্ছে, কারো দ্বীনি অগ্রগতি হচ্ছে, কারো প্রতি মানুষ সম্মান দেখাচ্ছে… আর সেটা দেখে আপনার অন্তরে একধরনের অস্বস্তি কাজ করছে? বাইরে হয়তো আপনি হাসিমুখে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন একটা চাপা কষ্ট, অশান্তি, বা অজানা জ্বালা কাজ করছে।

এই অনুভূতিটা খুব সাধারণ মনে হলেও, সবসময় নিরীহ নয়। অনেক সময় এটি শুধু comparison না; এটি হতে পারে হাসাদ— হিংসা। আর এই হিংসা এমন একটি অন্তরের রোগ, যা মানুষকে অন্যের ক্ষতি চাইতে শিখায়, নিজের শান্তি নষ্ট করে, এবং ধীরে ধীরে ঈমানি সৌন্দর্যকে ক্ষয় করে দেয়।

হিংসা মানে শুধু এটা নয় যে, “ওর জিনিসটা আমারও চাই।” বরং হিংসার আসল রূপ হলো— আল্লাহ অন্যকে যে নিয়ামত দিয়েছেন, সেটা তার কাছে না থাকুক— অন্তরে অন্তরে এমনটা চাওয়া। এই জায়গাটাই খুব ভয়ংকর। কারণ তখন সমস্যা শুধু দুনিয়াবি প্রতিযোগিতা থাকে না; তখন বান্দা যেন আল্লাহর বণ্টন নিয়েই অসন্তুষ্ট হয়ে পড়ে।

আল্লাহ তাআলা বলেন:

أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَىٰ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ
“নাকি তারা মানুষকে এ কারণে হিংসা করে যে, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে দান করেছেন?”
— সূরা আন-নিসা, ৪:৫৪

আর সূরা আল-ফালাকে আমরা প্রতিদিন পড়ি, সেখানে আল্লাহ আমাদের শিখিয়েছেন:

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
“এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।”
— সূরা আল-ফালাক, ১১৩:৫

খেয়াল করুন, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। কেন? কারণ হিংসা শুধু অন্যের ক্ষতিই করে না, আগে হিংসুকের নিজের অন্তরকেই অন্ধকার করে দেয়। সে আর স্বাভাবিকভাবে মানুষের ভালো দেখতে পারে না। অন্যের সুখ তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অন্যের সাফল্য তাকে অনুপ্রাণিত করার বদলে ভেঙে দেয়। এভাবে ধীরে ধীরে সে কৃতজ্ঞতা হারায়, দোয়া হারায়, মানসিক শান্তি হারায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“তোমরা একে অপরকে হিংসা করো না…”
— সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৪

আরেকটি হাদিসে তিনি ﷺ বলেছেন:

“তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই ভালোবাসে, যা সে নিজের জন্য ভালোবাসে।”
— সহিহ বুখারি, হাদিস: ১৩; সহিহ মুসলিম, হাদিস: ৪৫

এই হাদিসটি আমাদের অন্তর পরীক্ষা করার এক অসাধারণ মাপকাঠি। আমি কি সত্যিই অন্যের ভালোতে খুশি হতে পারি? আমি কি চাই আল্লাহ আমার ভাই/বোনকেও ভালো রাখুন? নাকি আমি চাই— ভালোটা শুধু আমার দিকেই থাকুক?

আজকের social media culture এই রোগকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত আমরা অন্যের সুখ, অর্জন, উপহার, ভ্রমণ, বিয়ে, চাকরি, দ্বীনি image— সবকিছু দেখি। তারপর অজান্তেই নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করি। সেখান থেকে জন্ম নেয় comparison, comparison থেকে অশান্তি, আর অশান্তি থেকে হিংসা। অথচ আমরা ভুলে যাই— আল্লাহর দেয়া রিযিক, সম্মান, হিদায়াহ, গ্রহণযোগ্যতা— সবই পরীক্ষা। অন্যের নিয়ামত দেখে পুড়তে থাকা কোনো সমাধান না; বরং আল্লাহর কাছে নিজের জন্য কল্যাণ চাওয়া-ই মুমিনের পথ।

তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় কী?

প্রথমত, নিজের অন্তরের রোগকে রোগ হিসেবে স্বীকার করতে হবে। “না না, আমি হিংসা করি না”— বলে এড়িয়ে গেলে হবে না। কারো ভালোতে যদি অন্তর কষ্ট পায়, তবে নিজের সঙ্গে সৎ হতে হবে।

দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করুন। অন্তরে কষ্ট লাগলে বলুন, “আল্লাহুম্মা বারিক লাহু / লাহা” — হে আল্লাহ, তার জন্য বরকত দিন। শুরুতে কষ্ট হবে, কিন্তু এই আমল অন্তরকে ধীরে ধীরে পরিষ্কার করে।

তৃতীয়ত, নিজের নিয়ামতগুলো গুনে দেখুন। শয়তান আপনাকে সবসময় যা নেই সেটাই দেখাতে চায়; আর শোকর আপনাকে যা আছে তা চিনতে শেখায়। হিংসা শোকরের বিপরীত।

চতুর্থত, comparison কমান। সবকিছু দেখতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেসব content আপনার অন্তরকে অস্থির করে তোলে, সেগুলো থেকে দূরে থাকাও আত্মশুদ্ধির অংশ।

পঞ্চমত, হিংসা আর গিবতাহর পার্থক্য বুঝুন। অন্যের ভালো দেখে “আল্লাহ, আমাকেও এমন ভালো দান করুন”— এটা ভালো। কিন্তু “ওরটা থাকুক না”— এটাই হিংসা, আর এটাই অন্তরের আগুন।

একটু ভেবে দেখুন—

আমি কি অন্যের সুখে খুশি হতে পারি?
কারো দ্বীনি অগ্রগতি দেখে আমি অনুপ্রাণিত হই, নাকি অস্বস্তি বোধ করি?
আমি কি আল্লাহর বণ্টনের ওপর সন্তুষ্ট?
আমি কি নিজের ঘাটতি পূরণের চেয়ে অন্যের নিয়ামত কমে যাক— এমন অনুভূতি পোষণ করি?

মনে রাখবেন, হিংসা নিয়ে বেঁচে থাকা মানে নিজের অন্তরে আগুন বহন করা। এতে যার প্রতি হিংসা করা হচ্ছে, তার ক্ষতি হোক বা না হোক— আগে ক্ষতিগ্রস্ত হয় নিজের রূহ, নিজের সওয়াব, নিজের প্রশান্তি। একজন মুমিনের অন্তর হওয়া উচিত পরিষ্কার, উদার, দোয়াময়। অন্যের ভালো দেখে অন্তর কাঁদবে না; বরং বলবে— “ইয়া আল্লাহ, তাকেও ভালো রাখুন, আমাকেও হালাল ও কল্যাণময় নিয়ামত দান করুন।”

আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হিংসা, কিবর, রিয়া, হিংস্রতা ও কালিমা থেকে পবিত্র করুন। আমাদের এমন অন্তর দান করুন, যে অন্তর অন্যের ভালোতে কষ্ট পায় না; বরং দোয়া করে, ভালোবাসে, এবং আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকে। আমিন।

এর পরে next episode হবে in sha allah

🫀 হার্ট ডিজিজ | অন্তরের রোগ সিরিজ

পর্ব ০৫ — সু-যান / কুধারণা

প্রমাণ ছাড়াই মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।